সংঘর্ষ আর দুর্ঘটনায় ৪ জেলায় নিহত ৭ জন
নিউজ ডেস্ক : জমি নিয়ে বিরোধ, তুচ্ছ কাঁঠালের বিচি নিয়ে সংঘর্ষ, নির্বাচন পরবর্তী সহিংসতা আর সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সকালে ও বৃহস্পতিবার গভীর রাতে ময়মনসিংহ, জামালপুর, হবিগঞ্জ ও চট্টগ্রামে এ সব ঘটনা ঘটে।
এর মধ্যে বিলের জমি ইজারা নিয়ে ময়মনসিংহে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন, কাঁঠালের বিচি নিয়ে ছোটদের বাদানুবাদে বড়রা জড়ালে দুইজন, হবিগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবগলীগ নেতা আর চট্টগ্রামে যাত্রীবাহী রিকশা চাপা দেওয়ায় দুইজন মারা গেছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—
ময়মনসিংহ : বিলের জমি ইজারা নিয়ে ময়মনসিংহে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আবদুল হামিদ (২৮) ও আনছার আলী (৪০) নামের দুই জন নিহত হয়েছেন।
শুক্রবার সকালে ফুলবাড়ীয়া উপজেলার বড়বিলা এলাকায় আনুহাদি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ১৫ জন আহত হয়েছেন।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রুস্তম আলী, মোজাফফর হোসেন মোজা ও আব্দুল মতিনকে আটক করেছে পুলিশ।
আহতদের মধ্যে ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সবার বাড়ি ফুলবাড়ীয়া উপজেলার আনুহাদি গ্রামে।
ফুলবাড়ীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, ওই এলাকার রুস্তম মেম্বার ও আনছার আলীর লোকদের মধ্যে বিলের ইজারা নিয়ে সংঘর্ষ বাধলে হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ময়মনসিংহ পুলিশ সুপার (এসপি) মঈনুল হক দ্য রিপোর্টকে জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
জামালপুর : জেলার বকশীগঞ্জে কাঁঠালের বিচি নিয়ে সংঘর্ষে আহত দু’জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতরা হলেন— মণ্ডল মিয়া (৫৫) ও মোশারফ হোসেন (৫০)।
এ ঘটনায় উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও পশ্চিমপাড়া গ্রামে বৃহস্পতিবার (১৬ জুন) রাতে এ সংঘর্ষ হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মণ্ডল মিয়ার নাতি শামীম (৭) ও মোশারফ হোসেনের নাতি মঞ্জু রানীর (৮) মধ্যে কাঁঠালের বিচি নিয়ে হাতাহাতি হয়।
পরে বিষয়টি বড়দের মধ্যে ছড়ালে বিক্ষুব্ধ মোশারফ হোসেন দলবল নিয়ে প্রতিবেশী মণ্ডল মিয়ার বাড়িতে হামলা চালায় এবং মণ্ডল মিয়াকে পিটিয়ে আহত করেন।
এরই পাল্টা জবাব দিতে মণ্ডল মিয়ার লোকজন মোশারফ হোসেনের ওপর হামলা চালায়। এ ঘটনায় মণ্ডল মিয়া ও মোশারফ হোসেনসহ বাকি আহতদের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে মণ্ডল মিয়া ও মোশারফ হোসেনের অবস্থার অবনতি হলে রাতেই তাদের অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত ২টায় মণ্ডল মিয়া এবং শুক্রবার (১৭ জুন) সকালে মোশারফ হোসেন মারা যান।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষে নিহতের ঘটনায় শুক্রবার সকালে শাহ আলী মণ্ডল, তার ছেলে নূর আমিন ও মোশারফ সমর্থকদের খলিল মিয়া ও জাকির হোসেনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম : চট্টগ্রামে কাভার্ডভ্যানচাপায় নারীসহ দু’জন নিহত হয়েছেন। ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পিরোজপুরের মঠবাড়িয়া থানার কুমার পাড়া গ্রামের ফুলমিয়ার ছেলে রিকশাচালক বাবুল (৪৫) এবং একই গ্রামের রিকশা যাত্রী আব্দুছ ছাত্তারের স্ত্রী কোহিনুর বেগম (৪৫)।
ইপিজেড থানায় ডিউটি অফিসার ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খুরশিদ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে একটি কভার্ডভ্যান বেপরোয়া গতিতে যাওয়ার সময় দুইজনকে বহনকারী একটি একটি রিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রিকশাচালক। আহত দুই যাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে কোহিনুর বেগম মারা যান। পতেঙ্গা মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে জাকির (৩৫) নামের ওপর যাত্রীকে। এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ চালক পারভেজ (১৮)কে আটক করা হয়েছে।
হবিগঞ্জ : হবিগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় আবদুস সালাম নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনার সময় আহত হয়েছেন অন্তত ২০ জন।
নিহত আবদুস সালাম (৩৫) সদর উপজেলা যুবলীগের সদস্য ছিলেন। এ ঘটনায় নিজামপুর গ্রামের আকবর হোসেনের স্ত্রী নুর নাহার (৩৮) ও একই গ্রামের আফতর আলীর স্ত্রী আঙ্গুরা বেগম (৪৫)কে আটক করেছে পুলিশ।
জানা যায়, ৪ জুন সদর উপজেলার নিজামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল আউয়াল তালুকদারকে পরাজিত করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাজউদ্দিন আহমেদ।
এর পর থেকেই আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। বিষয়টি নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার তারাবির নামাজের পর নিজামপুর বাজারে সালিশ বৈঠক বসে। সালিশে কথাকাটাকাটির জের ধরে এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুস সালামকে মৃত ঘোষণা করেন।
সংঘর্ষে গুরুতর আহতরা হলেন— মোতাব্বির হোসেন ও আবদুল মন্নাফ। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের হবিগঞ্জ সদর হাসপাতালে ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, সালিশ বৈঠকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুই মহিলাকে আটক করা হয়েছে।











