বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় বিদ্যুৎ উন্নয়ন প্রকল্পে চলছে ব্যাপক অনিয়ম-দুর্নীতি

 

নিজস্ব প্রতিবেদক : জেলার কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।বিদ্যুৎ সঞ্চালন লাইন ও খুঁটি (খাম্বা) স্থাপন, ঘুষ নিয়ে পুরনো বিদ্যুৎ সঞ্চালন লাইন সংস্কার এবং নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন, নিম্ন মানের তার ও যন্ত্রাংশ, পুরনো ব্যবহৃত ব্রেকার ও ট্রান্সফরমার স্থাপন করে প্রকল্পের টাকা আত্মসাত চলছে।

 

picture kulaura pdb office2_131838

প্রকল্পে বিনামূল্যে পুরনো জরাজীর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন সংস্কারের নতুন খুঁটি, সঞ্চালন লাইন ও ট্রান্সফরমার স্থাপনের কথা। কিন্তু বিদ্যুৎ বিভাগের এই উন্নয়ন প্রকল্পের নামে প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদার, ইঞ্জিনিয়ার ও পিডিবির কিছু অসাধু কর্মকর্তারা যোগসাজশ করে মেতে উঠেছেন ঘুষ-বাণিজ্যে। নতুন লাইন, খুঁটি, ট্রান্সফরমার বসিয়ে দেয়া ও এমনকি পুরাতন লাইন সংস্কারের নাম করে ঠিকাদার ও অসাধু কর্মকর্তা-কর্মচারীরা একযোগে সাধারণ গ্রাহকদের কাছ থেকে ঘুষ হিসেবে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।

অনেক এলাকায় জরাজীর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন সংস্কার না করে উৎকোচ গ্রহণের মাধ্যমে বাণিজ্যিক বড় প্রতিষ্ঠানে আলাদা ট্রান্সফরমারসহ নতুন সঞ্চালন লাইন স্থাপন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

প্রকল্পের বরাদ্দ টাকা, কর্মপরিধি ও ড্রয়িং এসব ব্যাপারে জানতে চাইলে এ নিয়ে সংশ্লিষ্টরা লুকোচুরি শুরু করেছেন। ফলে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে এ বিভাগের উন্নয়ন কর্মকার্তারা।

সূত্রে জানা যায়, বৃহত্তর ময়মনসিংহ ও সিলেট বিভাগের ৪০টি উপজেলায় পিডিবির জরাজীর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন আমূল সংস্কারে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

জাইকার (জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি) অর্থায়নে ‘সেন্ট্রাল জোন পাওয়ার ড্রিস্ট্রিবিউশন প্রজেক্ট’ নামে পাঁচ বছর মেয়াদী বিশেষ এই প্রকল্প ঠিকাদারের মাধ্যমে বাস্তবায়ন করছে পিডিবি। ডিভিশন-৩ (মৌলভীবাজার ও কিশোরগঞ্জ) এর অধীনে ২য় দফার প্রকল্পের মেয়াদ গত ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ না হওয়ায় চলতি বছরের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। যা শেষ হচ্ছে এই মাসের ৩০ তারিখে।

অনুসন্ধানে জানা যায়, প্রকল্পের আওতাভুক্ত উপজেলার শহর, ইসলামগঞ্জ ও ব্রাহ্মণবাজার ফিডারের কুলাউড়া বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষে ৩৩ কেভির ব্রেকারগুলো নতুন ডিজিটাল স্থাপন করা হলেও ১১ কেভির ব্রেকারগুলো অনেক পুরনো এবং এনালগ। এগুলো সিলেটের শিবগঞ্জ ও উপশহরে প্রায় ২২ থেকে ২৫ বছর ব্যবহৃত হয়েছে। এই ব্রেকারগুলো সংস্কার (রিপিয়ারিং) করে এখানে স্থাপন করা হয়েছে।

কুলাউড়া পিডিবির একাধিক সূত্র জানায়, ব্রেকারগুলো অনেকদিনের ব্যবহৃত ও রিপিয়ারিং করা। এজন্য খুব বেশি দিন এগুলো দিয়ে সার্ভিস দেয়া সম্ভব হবেনা। বিদ্যুৎ অফিসে স্থাপিত ১০ এমভিএ এর দু’টি ট্রান্সফরমার নিম্নমানের হওয়ায় ইতোমধ্যে বিষ্ফোরণে একটি ট্রন্সফরমার বিকল রয়েছে। ওই ট্রান্সফরমারটি বিকল হওয়ায় ৩৩ কেভির একটি ডিজিটাল ব্রেকার বন্ধ রয়েছে। প্রজেক্টের গাফিলতিতে ঘন ঘন বিদ্যুৎ বিপর্যয় ঘটছে। বিকল ট্রান্সফরমারটির স্থলে আরেকটি ট্রান্সফরমার স্থাপন না করা হলে বিদ্যুৎ বিপর্যয় কাটবেনা।

এই প্রকল্পে পুরাতন বৈদ্যুতিক খুঁটি, তার ও ট্রান্সফরমার পরিবর্তন করে নতুন পাকার খুঁটি, তার ও ট্রান্সফরমার বসানো হচ্ছে। পিডিবির গ্রাহকদের সম্পূর্ণ বিনামূল্যে এ সকল সুবিধা পাওয়ার কথা থাকলেও প্রকল্পের কর্মকর্তাদের দোহাই দিয়ে ঠিকাদার ও কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত থাকা কর্মকর্তা-কর্মচারীরা অনেক জায়গায় পুরোনো বিদ্যুৎ সঞ্চালন লাইন ও খুঁটি পরিবর্তনে গ্রাহকদের কাছ থেকে ইচ্ছামতো ঘুষ আদায় করছেন। তাছাড়াও উৎকোচের বিনিময়ে নতুন জায়গায় খুঁটি দিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইন ও ট্রান্সফরমার স্থাপন করেছেন।

অনুসন্ধানে আরও জানা যায়, পৌর শহরে ৪ শতাধিক নতুন খুঁটি স্থাপন করার কথা থাকলেও ২’শ খুঁটি স্থাপন করা হয়েছে।

এদিকে শহরের কেন্দ্রস্থল দক্ষিণ বাজার থানা রোডস্থ আবাসিক এলাকায় বিদ্যুৎ সঞ্চালন লাইনগুলো অনেক জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ। এখানে নেই কোন খুঁটি, থানার গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে বিদ্যুতের তার। পুরনো এবং গাছের সাথে ঝুলানো থাকায় প্রায়ই তার ছিড়ে যাওয়াসহ ঘটে ছোট বড় অনেক দুর্ঘটনা। নতুন সঞ্চালন লাইন ও খুঁটি না বসানোয় এই এলাকার আড়াই শতাধিক গ্রাহক ব্যাপক ঝুঁকিতে রয়েছেন। এছাড়াও শহরের সোনাপুর ও শিবির রোডের প্রায় এক হাজার গ্রাহক নতুন সঞ্চালন লাইন থেকে বঞ্চিত রয়েছেন।

এসব এলাকার গ্রাহকরা অভিযোগ করেন, চাঁদা তুলে টাকা দিতে না পারায় তাদের এলাকায় নতুন বিদ্যুৎ লাইন ও খুঁটি বসানো হয়নি। ঘুষের বিনিময়ে বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান কুলাউড়ার হাজীনগর চা বাগানে নতুন ২৫টি খুঁটি বসিয়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনসহ আলাদা ট্রান্সফরমার স্থাপন করে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। লস্করপুর থেকে গাজীপুর পর্যন্ত নতুন বিদ্যুৎ লাইন, খুঁটি ও ট্রান্সফরমার বসানোর জন্য দালালদের মাধ্যমে সংশ্লিষ্টরা হাতিয়ে নিয়েছেন সাড়ে ৪ লাখ টাকা।

ওই এলাকার বেশ কয়েকজন গ্রাহক জানান, নতুন বিদ্যুৎ লাইন ও ট্রান্সফরমার বসানোর জন্য চাঁদা তুলে সাড়ে ৪ লাখ টাকা পিডিবির কয়েকজন দালালের মাধ্যমে কুলাউড়ার প্রকল্পের দায়িত্বে থাকা উপ সহকারী ইঞ্জিনিয়ারকে দেয়া হয়েছে। প্রকল্পে কত টাকা বরাদ্দ না জানলেও পুরোনো জিনিস স্থাপনে সংশ্লিষ্টরা পর্যাপ্ত বরাদ্দ না থাকার অজুহাত দেখাচ্ছেন।

এদিকে ইসলামগঞ্জ ফিডারের অধীনে কর্মধা বড়বাড়ির পাশে ও ভূকশিমইলের তেঘরীঘাটসহ বিভিন্ন এলাকায় যেখানে ট্রান্সফরমার থেকে ৪টি সঞ্চালন লাইন বসানোর কথা সেখানে ১টি ফেইজ ও একটি নিউটেল সঞ্চালন লাইন দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। তাছাড়াও অনেক জায়গায় পুরোনো খুঁটিতে নতুন লাইন টানা হয়েছে।

এদিকে, পিডিবির স্থানীয় কর্মকর্তারা অনিয়মের বিষয়টি সম্পর্কে সরাসরি মুখ খুলতে নারাজ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা অনিয়ম ও ঘুষ বাণিজ্যের কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে প্রকল্পের উপ-সহকারী ইঞ্জিনিয়ার বকুল হোসেনকে ভালো করে জিজ্ঞাসা করেন সব তথ্য পেয়ে যাবেন। সেই সব নিয়ন্ত্রণ করছে।

প্রকল্পের উপ-সহকারী ইঞ্জিনিয়ার বকুল হোসেনের কাছে প্রকল্পের ড্রয়িংসহ কাজের কর্মপরিধির ব্যাপারে জানতে চাইলে তিনি তা দেখাতে অপারগতা প্রকাশ করে বলেন, প্রকল্প সংক্রান্ত বিষয়ে পিডিসহ (প্রকল্প পরিচালক) ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। কুলাউড়া ও জুড়ী উপজেলায় ১২ মিটারের ১ হাজার ৫শ’ ২৯টি, ৯ মিটারের ৬শ’ ৮টি, ১৫ মিটারের ২শ’ ১০টি খুঁটি বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু কতটি ট্রান্সফরমার ও কত কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা হবে সেটা তিনি জানেন না বলে জানান।

পৌর শহরের ভিতরে বিভিন্ন এলাকায় জরাজীর্ণ ও ঝুকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তন না করে অন্য এলাকায় নতুন বিদ্যুৎ সঞ্চালন লাইন ও খুঁটি বসানো হয়েছে প্রশ্ন করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। ঘুষ বাণিজ্যের বিষয়ে বলেন, ‘এব্যাপারে আমি কিছু জানিনা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন এগুলো’।

এ বিষয়ে কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান শীর্ষ নিউজকে বলেন, উন্নয়ন প্রকল্পের কাজ সঠিকভাবে হচ্ছেনা। এ ব্যাপারে আমরা বেশ কয়েকবার চিঠির মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জানিয়েছি।

কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী দুলাল হোসেনের অফিসে গেলে তিনি শীর্ষ নিউজকে বলেন, এই প্রকল্পে তদারকির দায়িত্ব আমার নেই। এর সাথে জড়িত কর্মকর্তারা এ ব্যাপারে ভালো বলতে পারবেন। তবে প্রকল্প থেকে আমি যেই মানের ও চাহিদার কাজ চেয়েছিলাম তা পাইনি।

প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সাব ডিভিশনাল সহকারী প্রকৌশলী শামছ্-ই আরিফিন মোবাইল ফোনে শীর্ষ নিউজকে বলেন, প্রকল্পে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় পুরোপুরিভাবে কাজ করা সম্ভব হচ্ছেনা। প্রকল্পের কত কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন ও কতটি ট্রান্সফরমার তা নির্দিষ্ট থাকেনা। চাহিদা অনুযায়ী সঞ্চালন লাইন ও ট্রান্সফরমার স্থাপন করা হয়। তাছাড়া অনেক সময় প্রকল্পের ড্রয়িং এলাকার ভৌগলিক অবস্থান ও চাহিদার প্রেক্ষিতে পরিবর্তন করা হয়। স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারের ভিত্তিতে হাজীনগর চা বাগানে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

অনিয়ম ও ঘুষ বাণিজ্যের বিষয়ে তিনি বলেন, বিষয়টি আমার জানা ছিলো না। যেহেতু জেনেছি এটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করবো।

প্রকল্পের ভৈরবস্থ সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী ও এই ডিভিশনের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাকের সাথে মোবাইল ফোনে প্রকল্পের বরাদ্দ প্রসঙ্গে জানতে চাইলে তিনি শীর্ষ নিউজকে বলেন, কত টাকা বরাদ্দ সেটা আমি জানিনা। এ বিষয়ে পিডি (প্রকল্প পরিচালক) বলতে পারবেন। পুরনো এনালগ ব্রেকার স্থাপনের ব্যাপারে বলেন, প্রজেক্টের কোথাও কোন শর্ত নেই নতুন ডিজিটাল ব্রেকার স্থাপন করতে হবে। এই প্রজেক্টের আওতায় উপজেলা পর্যায়ে সবকটি ব্রেকার পুরনো স্থাপন করা হয়েছে। এগুলো অনেক ভালো মানের।

খুঁটি, বিদ্যুৎ সঞ্চালন লাইনসহ ট্রান্সফরমার স্থাপনে তিনি বলেন, সবগুলোতো একসাথে হবেনা। পরবর্তীতে বিশাল টাকার নতুন আরেকটি প্রজেক্ট আসছে। সেটা আসলে বাকী কাজগুলো সম্পন্ন হবে।

অনিয়মের বিষয়ে তিনি বলেন, আমি কিছুদিনের জন্য ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে আছি। এ ব্যাপারে তেমন কিছু জানিনা। প্রকল্পের দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী চৌধুরী ওবায়েদ দেশের বাইরে আছেন। তিনি আসলে বিষয়গুলো নিয়ে আলাপ করবো।

প্রকল্পের পরিচালক (পিডি) মাহবুবুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি শীর্ষ নিউজকে বলেন, আমি অসুস্থ থাকায় কিছুদিন ধরে অফিসে যাইনা। প্রকল্পের বরাদ্দ, বিদ্যুৎ সঞ্চালন লাইন নতুন কতটুকু, রেনিউগেশন কতটুকু সেটি অফিসে না গেল সঠিকভাবে বলতে পারবনা। আমার অধীনে দেশের বিভিন্ন অঞ্চলে এরকম বেশ কয়েকটি প্রজেক্টের কাজ চলছে। তাই আলাদা করে এখানে (কুলাউড়ায়) কত টাকা বরাদ্দ সেটা বলা যাচ্ছে না। প্রকল্পে বরাদ্দের পরিমাণ সীমাবদ্ধ। বরাদ্দের টাকায় যখন ১৪-১৫টি ব্রেকার একসাথে কিনতে যাই তখন ওই টাকা দিয়ে এগুলো একসাথে কিনা সম্ভব না। তাছাড়া এখন নতুন মডেলের যেসব ব্রেকার পাওয়া যায় তার থেকে পুরনো এনালগ ব্রেকারগুলো অনেক ভালো। তাই বিভিন্ন স্থান থেকে পুরাতন ব্যবহৃত ভালোমানের ব্রেকার মেশিন সংগ্রহ করে এগুলো স্থাপন করে প্রাথমিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল রাখা হয়েছে। পরবর্তীতের যে প্রজেক্ট আসছে সেখানে যদি ওইগুলো পরিবর্তন করার প্রয়োজন হয় তখন পরিবর্তন করা হবে বলে তিনি জানান।

হাজীনগর চা বাগানে আলাদা নতুন লাইন দেওয়ার ব্যাপারে জানিনা। কেন্দ্র থেকে বসে সব বিষয়ে খোঁজ রাখা সম্ভব হচ্ছেনা। তাই হয়ত আমার অগোচরে দু-চারটি অনিয়ম হচ্ছে।

ঘুষ বাণিজ্যের ব্যাপারে তিনি বলেন, বিভিন্ন এলাকায় প্রজেক্টের এরকম বিভিন্ন অভিযোগের বিষয়ে শুনেছি। পরে যাচাই করতে গেলে সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সম্ভব হয়না। হয়ত প্রজেক্টে স্থানীয় দায়িত্বপ্রাপ্তরা দালালদের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। তিনি আরও বলেন, বিশাল এই প্রজেক্টে এরকম অভিযোগ নিয়ে তদন্ত করা অনেকটাই অসম্ভব। তাছাড়া অনেক জায়গায় দেখেছি স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় টাউট-দালালরা সাধারণ গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে।