৫জনে মিইল্যা আমারে সর্বনাশ করছে, ধইরা আনুইন
নিউজ ডেস্ক : ‘আমি তো কথা কইতাম পারি না,দম বন্ধ অইয়া আয়ে, খুব কষ্ট অইতাছে। আমারে এরা পাঁচজনে মিইল্যা সর্বনাশ করছে,এরারে ধইরা আনুইন।’-গুরুতর অসুস্থ্য অবস্থায় ‘আ, ও’ শব্দ করে রোববার বিকেলে থানার ভিতরে বসে ওসিকে উদ্দেশ্য করে এ কথাগুলি বলছিল ১৩/১৪ বছর বয়সের এক তরুণী। এ সময় কিশোরীটিকে অত্যন্ত বিষন্ন অবস্থায় দেখা যায়।
মেয়েটি জানায়, তার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার একটি গ্রামে। বাবা মারা গেছে শিশু বয়সে। মা থেকেও নেই। তাকে রেখে অন্যত্রে বিয়ে করে চলে গেছে অনেক আগে। গ্রামের এক চাচাতো ভাইকে নিয়ে প্রথম রমজানের দিনে নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের চরভেলামারী গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যার পর তাদের পথরোধ করে এলাকার কয়েক যুবক। কোনো কিছু বুঝে উঠার আগেই সাথে থাকা চাচাতো ভাইকে কয়েকজন ধরে নিয়ে যায় এবং তাকে অন্যরা জোর করে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে তার হাত-মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে।
ধর্ষণের শিকার তরুণীটি আরো জানায়, কাউকে সে চিনতে না পারলেও নাম ডেকে পালাক্রমে আসায় লিটন, মাসুদ, কাইল্যা, সবুজ, মিন্টু ও রাজু নাম গুলি মনে রাখতে পেরেছে।
খোঁজ নিয়ে জানা যায়, নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়নের চরভেলামারি গোদারা ঘাট হইতে লাঠিয়ামারিচর সড়কের মইশ্যাল বাড়ির পাশে একটি নির্জন স্থানে এ ঘটনাটি ঘটে। গ্রাম্য মাতাব্বররা ঘটনার পরপরই মেয়েটিকে নিয়ে যায় অজ্ঞাত স্থানে।
স্থানীয় লোকজন জানায়, দুই দিন পর ওই গ্রামের হাসু মিয়ার বাড়িতে মেয়েটিকে রেখে অভিযুক্ত ধর্ষকদের সাথে দফা রফার চেষ্টা চালায় মাতব্বরা। সেখানে সমাঝোতা না হওয়ায় রোববার সকালে অন্য একটি চক্র মেয়েটিকে নিয়ে ময়মনসিংহ আদালতে নিয়ে যায় মামলা করার জন্য। সেখানে নিয়ে যাওয়া এলাকার শাহজাহান নামে একজন জানান, সেখানকার আইনজীবীর পরামর্শে তিনি জালাল উদ্দিন নামে এক ইউপি সদস্যকে থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে জানতে চাইলে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, মেয়েটি খুবই অসুস্থ্য। তার ওপর পাশবিক নির্যাতন হয়েছে। এ ব্যাপারে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।











