বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেবক হত্যায় শিবির নেতা আটক

nittworonjon-killingনিউজ ডেস্ক : পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে খুনের ঘটনায় আরিফুল ইসলাম নামে এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ।

আটক আরিফুল পাবনা পৌর পশ্চিম শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি ও পাবনা পৌর এলাকার চরঘোষপুরের আবুল কাশেমের ছেলে।

নিত্যরঞ্জন পাণ্ডে খুনের ঘটনায় তিনদিনের মাথায় এই প্রথম পুলিশের পক্ষ থেকে একজনকে আটকের কথা জানানো হলো।

রোববার সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এবং নিত্য রঞ্জন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সী আব্দুল কুদ্দস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সুত্রে খবর পেয়ে শনিবার রাত ১১টার দিকে পাবনা সদর উপজেলার বাজিতপুর ঘাট এলাকার একটি বাড়ি থেকে আরিফুলকে আটক করা হয়।

আব্দুল কুদ্দুস বলেন, আটকের সময় সামান্য আহত হওয়ায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর আরিফুলকে পাবনা ডিবি অফিসে নিয়ে জিজ্ঞানাবাদ করা হবে।

ওসি জানান, আটক শিবির নেতার কাছ থেকে এই হত্যা বিষয়ে ভাল তথ্য পাওয়ার আশা করছি আমরা। তার মোবাইল এবং মেসেজ অপশন থেকে সন্দেহজনক আলামত পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

তদন্ত কর্মকর্তা আরও জানান, আটক আরিফুল পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ইসলামের ইতিহাস বিভাগে মাস্টার্সের শেষ বর্ষের ছাত্র এবং ইসলামী ছাত্র শিবির পাবনা পৌর পশ্চিম এলাকার সেক্রেটারি।

গত শুক্রবার ভোর ৫টার দিকে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডে প্রতিনিদনের মতো সকালে হাটতে বের হলে পাবনা মানসিক হাসপাতালের উত্তরপাশে প্রধান ফটকের সামনে তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় ওইদিন রাত ১০টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সাধারণ সম্পাদক বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

তবে এ হত্যাকাণ্ডের এখনও কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ।

প্রসঙ্গত, এই হত্যাকাণ্ডের একদিন পর শনিবার আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এর দায় স্বীকার করেছে বলে জানিয়েছে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট’।

‘সাইটের দাবি, আইএসের সংবাদ সংস্থা ‘আমাক’ জানিয়েছে বাংলাদেশের পাবনায় হিন্দু সেবক নিত্যরঞ্জন পাণ্ডে খুনের দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস।