সাধারণ সম্পাদক থাকছেন আশরাফই
নিউজ ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আবারও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হচ্ছেন। যদিও দলের কয়েকজন প্রভাশালী নেতা সাধারণ সম্পাদক পদের দৌঁড়ে রয়েছেন। একাধিক সূত্র ও বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনকে সামনে রেখে ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নানা হিসাব-নিকাশ চলছে। কেন্দ্রীয় কমিটিতে নতুন কারা আসছেন, কে কোথায় ঠাঁই পাচ্ছেন তা নিয়ে চলছে নানা আলোচনা ও গুঞ্জন। এ কাউন্সিল ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা থাকলেও দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো পরিবর্তন আসছে না। সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন- এতে কোনো সন্দেহ নেই। তবে সাধারণ সম্পাদক পদে সৈয়দ আশরাফুল ইসলামকে নিয়ে নানা গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত এ পদে তিনিই থাকছেন।
এ বিষয়টি সৈয়দআশরাফের ঘনিষ্ঠ একাধিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদক পদের জন্য তৎপর রয়েছেন সভাপতিম-লীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক। এসব নেতা তাদের ঘনিষ্ঠদের কাছে সাধারণ সম্পাদক হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন বলে জানা গেছে।
চলতি মেয়াদে সৈয়দ আশরাফ দ্বিতীয়বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ২০১২ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সম্মেলনে তিনি দ্বিতীয় দফায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে ২০০৯ সালের ২৪ জুলাইয়ের কাউন্সিলে সৈয়দ আশরাফুল ইসলাম প্রথমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে তিনি দীর্ঘদিন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ওই সময় সৈয়দ আশরাফ ছিলেন দলের দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক। তখন দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল কারাবন্দি ছিলেন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে তিনি দলের ক্রান্তিকালে অসাধারণ রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞার পরিচয় দেন। মেধা ও যোগ্যতার কারণেই শেখ হাসিনা তাকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে নিয়ে আসেন বলে অভিজ্ঞ নেতারা মন্তব্য করেন।
গেল বছরের জুলাইয়ে সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দপ্তর বিহীন মন্ত্রী করা হয়। সঙ্গে সঙ্গে দলের ভেতরে-বাইরে তীব্র সমালোচনা ও নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। অধিকাংশ নেতাকর্মীই এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। ওই সময় দলের ভেতর-বাইরে সৈয়দ আশরাফের ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বর্হিপ্রকাশ ঘটে। এর কয়েক দিন পর সৈয়দ আশরাফকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এরআগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিগত মহাজোট সরকারের পাঁচ ও বর্তমান সরকারের প্রায় আড়াই বছরে সরকার ও দলকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। এই সময়েও সৈয়দ আশরাফুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে আওয়ামী লীগের একাধিক নেতা জানান। শীর্ষ পর্যায়ের ওই নেতারা বলেন, ২০১৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে আওয়ামী লীগকে যেসব পরিস্থিতি মোকাবেলা করতে হবে, এর জন্য শেখ হাসিনার পাশে সৈয়দ আশরাফুল ইসলামের মতো নেতার বেশি প্রয়োজন। ইতোপূর্বে দায়িত্ব পালন করতে গিয়ে শেখ হাসিনার আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন সৈয়দ আশরাফ। তার বিরুদ্ধে এ পর্যন্ত কেউ দুর্নীতি, অনিয়ম বা স্বজনপ্রীতির অভিযোগ তুলতে পারেনি। এছাড়া বিরোধী রাজনীতিক এবং সাধারণ মানুষের কাছেও নিজেকে গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তাই এ পদে আপাতত কেউ নন, সৈয়দ আশরাফই উপযুক্ত ব্যক্তি। দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি, বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ট সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম। এসব দিক বিবেচনায় তিনি তৃতীয়বারের মতো দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাবেন বলে দলের অভিজ্ঞ নেতারা মনে করেন। আর বিষয়টি অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। এখন সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া বাকি পদগুলো নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে।
এদিকে সাধারণ সম্পাদক হওয়ার জন্য তৎপর রয়েছেন সভাপতিম-লীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি জাতীয় চার নেতার অন্যতম ক্যাপটেন মনছুর আলীর ছেলে। মোহাম্মদ নাসিম এক সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি মোহাম্মদ নাসিম আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের মুখপাত্র হিসাবে বলিষ্ট ভূমিকা পালন করছেন। তার ঘনিষ্ঠ একাধিক সূত্র জানায়, আগামী কাউন্সিলে তিনি দলের সাধারণ সম্পাদক হতে চান। এই লক্ষ্যে তিনি দলে তৎপর রয়েছেন।
সাধারণ সম্পাদক পদে অপরপ্রার্থী ওবায়দুল কাদের, তিনি গত দুই সম্মেলনেও প্রার্থী ছিলেন। ২০০৯ এর সম্মেলনের আগে ওবায়দুল কাদের দলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তখন থেকেই তিনি সাধারণ সম্পদক পদের দৌঁড়ে রয়েছেন। সে সময় তাকে বাদ দিয়ে দ্বিতীয় যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে সাধারণ সম্পাদক করা হয়। ২০১২ সালের ডিসেম্বরের সম্মেলনেও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হওয়ার জন্য তৎপর ছিলেন। এবারও তিনি তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে তার ঘনিষ্ঠ সূত্র জানায়। মাহবুব-উল আলম হানিফ দলের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই গত দুই মেয়াদে সক্রিয় ভূমিকা পালন করছেন। দীর্ঘ দিন তিনি আওয়ামী লীগের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেখানে কর্মসূচি সেখানেই থাকছেন এই নেতা।
আসছে কাউন্সিলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে চান। তার ঘনিষ্ট সূত্র জানায়, নিজের বর্তমান পদটি ধরে রাখতেই তিনি প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ছিলেন তিনি। এছাড়া যুবলীগের চেয়ারম্যান হিসাবে বিগত দিনে তিনি বিএনপি-জামায়াত সরকার বিরোধী আন্দোলনে বলিষ্ট ভূমিকা রেখেছেন।
বিগত মহাজোট সরকারের খাদ্যমন্ত্রীর পদ হারানোর পর দীর্ঘদিন দলে নীরব ছিলেন কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক। কিন্তু গেল সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ এলাকায় দলের সমন্বয়ের দায়িত্ব সফলভাবে সম্পন্ন করে লাইম লাইটে এসেছেন। তিনিও সাধারণ সম্পাদক পদে লড়বেন বলে ঘনিষ্টজনদের জানিয়েছেন।
এ নেতাদের কেউ বিষয়টি নিয়ে মিডিয়ার সামনে কথা বলতে নারাজ। ফলে তাদের বক্তব্য তুলে ধরা সম্ভব হলো না। তবে সকলে বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাকে দলের সাধারণ সম্পাদক মনোনীত করবেন, তার সঙ্গে কাজ করবেন।আ/সং











