বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বক্তব্যে জঙ্গিরা প্রশ্রয় পাচ্ছে : ফখরুল

fakrul1নিউজ ডেস্ক : তিন দেশ সফর শেষে বুধবার গণভবনে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যকে উসকানিমূলক বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার বক্তব্যে জঙ্গিরা আরও প্রশ্রয় পাচ্ছে।

তিনি বলেন, ‘এই সমস্ত নিখুঁত হত্যাকাণ্ড সংঘটিত হওয়া এবং এর সংঘটনকারীদের লাপাত্তা হয়ে যাওয়ার ঘটনা রাষ্ট্রের ক্ষমতাবানদের ইঙ্গিত না থাকলে কোনোভাবেই সম্ভব হতে পারে না।’

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর বুধবারের (৮ জুন) সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘গত কয়েক মাস ধরে দেশে যেসব গুপ্তহত্যা হয়েছে তার সঙ্গে বিএনপি ও জামায়াত কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে। সরকারের কাছে ওইসব অভিযুক্ত ব্যক্তিদের জড়িত থাকার বিষয়ে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে।’

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বুলগেরিয়া, জাপান ও সৌদি আরব সফর সম্পর্কে গণমাধ্যমকে জানানোর জন্যই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সংবাদ সম্মেলনে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য অসত্য, বানোয়াট, ভিত্তিহীন, উস্কানিদানকারী, অনভিপ্রেত, অগ্রহণযোগ্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এই বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বিরোধী এবং সুস্থ রাজনৈতিক পরিবেশ বিপন্নকারী।

‘তার এই বক্তব্যে রাষ্ট্র ও সমাজে বিভেদ, বিভেদের পরিসর আরো বিস্তৃত হবে এবং জঙ্গিবাদ উৎসাহিত হয়ে আরো বেশি সংগঠিত ও তৎপর হবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্য জঙ্গিবাদকে রেহাই দেয়ারই শামিল। আমি প্রধানমন্ত্রীর এই বক্তব্য দৃঢ়প্রত্যয় সহকারে প্রত্যাখ্যান করছি। একইসঙ্গে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

মির্জা ফখরুল বলেন, ‘গত কয়েক মাস ধরে বিদেশি, ধর্মযাজক, ধর্মগুরু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাউল-সাধক, মসজিদের ইমাম, পীর ও পীরের শিষ্য এবং সমকামীদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড নজিরবিহীন, অমানবিক। অধিকাংশ হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে ঘটেছে। অথচ এ সমস্ত নারকীয় ঘটনার ন্যূনতম কোনো হদিস বের করতে না পেরে চরমভাবে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলের ওপর এগুলোর দায় চাপাচ্ছে।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘এই সমস্ত নিখুঁত হত্যাকাণ্ড সংঘটিত হওয়া এবং এর সংঘটনকারীদের লাপাত্তা হয়ে যাওয়ার ঘটনা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতাশালীদের ইঙ্গিত না থাকলে এটি কোনোভাবেই সম্ভব হতে পারে না।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, অনিন্দ্য ইসলাম অমিত, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন, যুবদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সম্পাদক কাজী রফিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহবুব মাসুম শান্ত প্রমুখ।