নার্সদের সেই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সেবা পরিদপ্তরের আওতায় ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই নিয়োগ পরীক্ষা নিয়ে গত মার্চ থেকে আন্দোলন করে আসছেন নার্সরা।আজ মঙ্গলবার (৭ জুন) পিএসসি’র ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ১১ হাজার ৯৫ জন নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) শেখ শাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তীর্ণদের বিপিএসসি ফরম-৩ ডাউনলোড ও যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ৯ থেকে ২০ জুনের মধ্যে আগারগাঁওয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে হাতে হাতে জমা দিতে হবে। এছাড়া ডাকযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে পরিচালক, ইউনিট-৭ বরাবর জমা দেওয়া যাবে।
পিএসসির ওয়েবসাইটে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে প্রকাশ করা হবে।
গত ৩ জুন অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় প্রার্থী সংখ্যা ছিল ১৮ হাজার ৬৩ জন।
দ্বিতীয় শ্রেণির তিন হাজার ৬১৬টি সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের জন্য গত ২৮ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে ব্যাচ-মেধা-জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের এক দফা দাবি নিয়ে গত দুই মাসেরও বেশি সময় ধরে কর্মসূচি পালন করেছে বিডিবিএনএ (বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন) এবং বিবিজিএনএস (বাংলাদেশ বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটি)। তখন স্বাস্থ্যমন্ত্রী দাবি মেনে নিলেও বিপিএসসি তাদের পরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখে এবং গত ৩ জুন নার্স নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নার্স নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গত ২ জুন রাতে নার্সরা স্বাস্থ্যমন্ত্রীর বাসার সামনে বিক্ষোভ করতে গেলে সেখানে পুলিশি হামলার শিকার হন তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালে সরকারি হাসপাতালে নার্সিং সেবার ঘাটতি কমাতে ১০ হাজার নার্সের পদ সৃষ্টির ঘোষণা দেন। এর আগে দুই ধাপে ব্যাচ-মেধা-জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রায় ৬ হাজার ৫শ’ জন নার্স নিয়োগ দেয় সরকার। চলতি বছরে আরও তিনহাজার ৬শ’ নার্স নিয়োগ দেওয়ার ঘোষণা দেয় সরকার।











