মহাসড়ক অবরোধ করে দাবি আদায় করলেন স্বতন্ত্র প্রার্থী
নিউজ ডেস্ক : বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নে সরকারি দলের প্রার্থীর পক্ষে ফলাফল কারচুপির করার চেষ্টার প্রতিবাদে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শ্রমিক নেতা আবদুল লতিফ মণ্ডলের সমর্থকরা প্রায় ৩ ঘণ্টা বগুড়া-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন।
শনিবার বিকাল ৪টায় শহরতলীর চার মাথায় এ অবরোধ শুরু হয়। স্বতন্ত্র প্রার্থী প্রায় ৬ হাজার ভোটে বিজয়ী হওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।
অবরোধ চলাকালে মহাসড়কের উভয়পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অনেক যানবাহনকে বিকল্প পথে চলাচল করতে দেখা গেছে।
ওই ইউনিয়নে আবদুল লতিফ মণ্ডলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের রবিউল ইসলাম লিটন।
বগুড়া মোটর মালিক গ্রুপের নেতা ও বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ইসলাম জানান, বিকালে ভোট গ্রহণ শেষে এরুলিয়া ইউনিয়নে গণনা শুরু হয়। এক পর্যায়ে কর্তৃপক্ষ ৪-৫টি কেন্দ্রের ভোট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে গণনা করার চেষ্টা করেন।
এ সময় কারচুপির চেষ্টার প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবদুল লতিফ মণ্ডলের সমর্থকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা শহরতলীর চার মাথায় মহাসড়ক অবরোধ করেন। পরে কর্তৃপক্ষ কেন্দ্রে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করেন।
আবদুল লতিফ মণ্ডল ১০ হাজার ৫৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে ফের চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম লিটন পেয়েছেন ৪ হাজার ৩৬৬ ভোট।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানা আকতার জাহান জানান, ফলাফল কারচুপির চেষ্টা করা হয়নি। এরুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ব্যালটে ছাপা ভুল ছিল। যে কারণে নির্বাচন কমিশন ভোট গ্রহণ স্থগিত করতে নির্দেশ দেন। কিন্তু সে নির্দেশ পৌঁছানোর আগেই ভোট গ্রহণ শেষ হয়।
বিষয়টি জানতে পেরে স্বতন্ত্র প্রার্থীর লোকজন মহাসড়ক অবরোধ করেন। এ অবস্থায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা গণনা শেষ করে কেন্দ্রে ফলাফল দিয়েছেন বলে জানান তিনি।–যুগান্তর।











