রমজানকে সামনে রেখে বাড়ছে আলুর দাম
অর্থনৈতিক প্রতিবেদক : মাত্র তিন দিন বাকি। এরপরই পবিত্র মাহে রমজান। আর রমজানকে সামনে রেখে বাড়ছে আলুর দাম। তবে কাঁচা মরিচ এবং পেঁয়াজের দাম কিছুটা স্থিতিশীল। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ৫ টাকা করে বেড়েছে আলুর দাম। অন্যদিকে মাছ, মাংস ও বেশিরভাগ মুদি পণ্যের দামের তেমন পরিবর্তন হয়নি। শুক্রবার রাজধানীর কমলাপুর, শান্তিনগর, ফকিরাপুলসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৫ টাকা দরে; যা গত সপ্তাহ ২০ টাকা দরে বিক্রি হয়েছিল।
অন্যদিকে গত সপ্তাহে ৮০ টাকা দরে কাঁচা মরিচ বিক্রি হলেও শুক্রবারের বাজারে এর দাম ২০ টাকা কমে ৬০ টাকা দরে বিক্রি হয়েছে। একইসঙ্গে পেঁয়াজের দামও কিছুটা কমেছে। খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪০-৪২ টাকায় বিক্রি হচ্ছে; গত সপ্তাহে এর বিক্রয়মূল্য ছিল ৪৫ টাকা। তবে আমদানি করা পেঁয়াজের দামে পরিবর্তন হয়নি। গত সপ্তাহের মতো ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে এটি।
বিক্রেতারা বলছেন, বৈরি আবহাওয়ার কারণে গাছ মরে যাওয়ায় গত কয়েক সপ্তাহ মরিচের সরবরাহ কম ছিল। তাই সাময়িক সংকটের কারণে পণ্যটির দাম বেড়েছিল। তবে এখন সরবরাহ স্বাভাবিক; দাম কমতে শুরু করেছে।
আলুর দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেন নি খুচরা বিক্রেতারা। বরাবরের মতোই সরবরাহ সংকট ও পাইকারি দাম বাড়াকেই অজুহাত হিসেবে দেখাচ্ছেন তারা। কমলাপুর বাজারের সবজি বিক্রেতা সাজাহান আলী বলেন, আবহাওয়া ভালো আর সরবরাহ স্বাভাবিক থাকায় গত দুই সপ্তাহ ধরে কোনো পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বাড়েনি। এ অবস্থা বজায় থাকলে আসন্ন রমজানেও পণ্যের দাম খুব বাড়বে না।
কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত কয়েক সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। প্রতিকেজি করলা ৪০-৫০ টাকা, কাকরোল ৫০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, ঢেড়স ৩০ টাকা, ধুন্দল ৪০ টাকা, পটল ৩০ টাকা, বেগুন ৪০ টাকা, শশা ৩০ টাকা, বরবটি ৪০ টাকা, কচুর লতি ৫০ টাকা, টমেটো ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকা, প্রতিটি লাউ ৩৫-৪০ টাকা, চালকুমড়া ৩০ টাকা ও মিষ্টি কুমড়া প্রতি ফালি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকায়।
রসুনের দামও অনেকটা স্থিতিশীল। বাজারে দেশি রসুন ১২০-১৩০ টাকা, আমদানি করা মোটা রসুন ২০০-২২০ টাকা, আদা ৭৫ থেকে ৮৫ টাকায় পাওয়া যাচ্ছে। মুদি পণ্যের মধ্যে দেশি মসুর ডাল প্রতি কেজি ১৪০-১৫০ টাকা, আমদানি করা মোটা মসুর ডাল ১১০-১৫০ টাকা, ছোলা ১০০ টাকা, ছোলার ডাল ১১০ টাকা, ডাবরি বুটের ডাল ৫০ টাকা, ছোলার ডালের বেসন ১০০-১২০ টাকা এবং বুটের ডালের বেসন ৬০-৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ভোজ্য তেলের মধ্যে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ৯২ টাকা, সুপার ৭৫ টাকা, প্রতি ৫ লিটার রূঁপচাদা ৪৬০ টাকা ও তীর ৪৪০ টাকা। সরিষার তেল মানভেদে প্রতি কেজি ১২০ টাকা থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফার্মের লাল ডিম প্রতি হালি ৩২ টাকা, দেশি মুরগির ডিম ৪০ টাকা ও হাঁসের ডিম ৪০ থেকে ৪২ টাকা দরে বিক্রি হচ্ছে।
চলতি সপ্তাহে মাছের বাজারেও তেমন হেরফের হয়নি। বেশিরভাগ মাছই গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে। রুই মাছ প্রতি কেজি ৩৫০-৫৫০ টাকা, ছোট আকারের রুই ২৫০- ৩০০ টাকা, কাতলা ৪০০-৫৫০ টাকা, তেলাপিয়া ১৮০ থেকে ২৪০ টাকা দরে পাওয়া যাচ্ছে। আকার ভেদে প্রতিকেজি গলদা চিংড়ি ১০০০ থেকে ১২০০ টাকা, বড় শিং মাছ ৫৫০ থেকে ৬৫০ টাকা, দেশি মাগুর ৬০০ থেকে ৬৫০ টাকা, বেলে মাছ ৫০০ টাকা, রূপচাঁদা ১০০০ টাকা, বাটা ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। গরুর মাংস ৪৩০-৪৪০ টাকায় ও খাসির মাংস ৬০০-৬৫০ টাকায় পাওয়া যাচ্ছে। বিক্রেতারা মিনিকেট ৪৮ থেকে ৫২ টাকা, বিআর-২৮ চাল ৪২-৪৪ টাকা, পারিজা ৪২ টাকা, নাজির শাইল ৫০ থেকে ৫৫ টাকা এবং লতা ৩৮ থেকে ৪৩ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি মোটা চাল বিক্রি করছেন ৩২ থেকে ৩৮ টাকা দরে।











