‘পৈশাচিক কায়দায় দেশ চালাচ্ছে সরকার’
নিজস্ব প্রতিবেদক : পৈশাচিক কায়দায় দেশ চালিয়ে সরকার দানবীয় রূপ ধারণ করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। বেকার নার্সদের ওপর পুলিশের হামলার নিন্দা জানিয়ে দেয়া এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান ভোটারবিহীন জনবিচ্ছিন্ন সরকার এখন কেবল বিরোধী দলগুলোর আন্দোলন সংগ্রামে নয়, বরং দাবি আদায়ের জন্য পেশাজীবীদের প্রতিবাদকে রক্তাক্ত পন্থায় দমন করছে।

বর্তমান শাসকগোষ্ঠীর নির্মমতায় এদেশের মানুষের জীবন এখন ওষ্ঠাগত। সহমর্মিতা, সহানুভূতি কিংবা আলাপ-আলোচনা উপেক্ষা করে এবং ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকারের প্রতি তোয়াক্কা না করে মানুষের ওপর নিষ্ঠুর নির্যাতন চালানোই যেন বর্তমান ক্ষমতাসীনদের প্রধান দায়িত্ব। এসব ন্যক্কারজনক, অমানবিক ও হৃদয়হীন কর্মকা-ে ব্যবহার করা হচ্ছে দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে। আর যে কারণে দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো আইনের বাহিনী না হয়ে এখন আওয়ামী লীগের মার্সিনারিতে পরিণত হয়েছে।
গোটা দেশটা যেন আওয়ামী পৈতৃক সম্পত্তি মনে করে তারা মগের মুল্লুক কায়েম করেছে। মির্জা আলমগীর বলেন, চিকিৎসাসেবায় নার্সদের ভূমিকা অপরিহার্য। অথচ বর্তমান ভোটারবিহীন সরকার সেবাকার্যের মতো মহান পেশায় নিয়োজিত নার্সদের জীবন-মানের অবস্থা উন্নতির দিকে দৃষ্টি না দিয়ে চরম অবহেলা করে চলেছে। স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওকালে নার্সদের ওপর সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর বর্বরোচিত হামলা এবং একজন নার্সের গর্ভপাতের ঘটনা নজীরবিহীন অমানবিক নিষ্ঠুরতা। এই ধরনের কর্মকা- কেবলমাত্র বন্য শাসনেই সম্ভব হয়। যে রাজ্যে আইন, ন্যায়বিচার ও মানবতাবোধ নেই, আছে শুধু প্রতিহিংসা, আক্রমণ, নিপীড়ণ-নির্যাতন আর রক্তারক্তি ও সন্ত্রাস। এরা পৈশাচিক কায়দায় দেশ চালিয়ে রাষ্ট্রের দানবীয় রূপ দান করেছেন। অসহায় নার্সদের ওপর পুলিশের ন্যক্কারজনক হামলার ঘটনায় কি ভাষায় নিন্দা ও ধিক্কার জানাবো তা আমার জানা নেই। অবিলম্বে নার্সদের ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের জোর দাবি জানান বিএনপির মহাসচিব।











