প্লেনে চড়ে ‘দাদাগিরি’তে জয়া আহসান
বিনোদন ডেস্ক : কলকাতায় জয়া আহসানের শুরুটা সিনেমায় অভিনয় দিয়ে। সেখানে দূর্দান্ত কাজ দেখিয়ে এ পর্দাকন্যা এসেছেন আলোচনায়। পেয়েছেন সুখ্যাতিও। সেটা সর্বত্র ছড়িয়েছে দারুণভাবে। এমন সাফল্যকে সঙ্গী করে এবার তিনি আসছেন কলকাতার টিভি পর্দায়। অচিরেই তাকে পাওয়া যাবে সেখানকার জনপ্রিয় টিভি চ্যানেল জি-বাংলাতে। কোনো সিরিয়ালে নয়, জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’-তে। যে শো’টি কলকাতা ছাড়িয়ে বিশ্বের নানা প্রান্তে বসবাসকারী বাঙালিদের কাছেও পেয়েছে ব্যাপক দর্শকপ্রিয়তা। আর আমাদের দেশে তো এ অনুষ্ঠানটির জনপ্রিয়তা আকাশছোঁয়া। সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হবে জয়াকে। একজন প্রতিযোগী হিসেবেই তাকে দেখা যাবে। এ প্রতিযোগিতায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী ছাড়াও অংশ নিয়েছেন কয়েকজন প্রতিযোগী।

সমপ্রতি এর দৃশ্যধারণ করা হয়েছে ভারতের পার্পল মুভি টাউনে প্লেনের সেটে। এ প্রসঙ্গে জয়া বলেন, বুদ্ধির খেলায় অংশ নিতে বেশ ভালো লাগে। তবে সঠিক জবাব দেয়াতেই সবচেয়ে আনন্দ। ‘দাদাগিরি’তে অংশ নিয়ে দারুণ লেগেছে। আশা করছি দর্শকের উপভোগ্য হবে। এদিকে কিছুদিন আগেই প্রথমবারের মতো একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন জয়া। এর নাম ‘ভালোবাসার শহর- সিটি অব লাভ’। এটি নির্মাণ করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। এ চলচ্চিত্রে জয়া ছাড়া আরও অভিনয় করেছেন হৃতিক চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায় ও সোহেলি সরকার।
অন্যদিকে চলতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে বাংলাদেশে মুক্তি পেয়েছে তার অভিনীত আলোচিত ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’। মুক্তির পর ছবিটি দারুণ প্রশংসিত হয়েছে। বিশেষত জয়ার অভিনয় দর্শকের নজর কেড়েছে। এ মুহূর্তে ‘খাঁচা’ নামের একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। হাসান আজিজুল হকের গল্প নিয়ে নির্মাণাধীন ছবিটির পরিচালক হিসেবে রয়েছেন আকরাম খান। দেশ ভাগের গল্প নিয়ে ছবিটি তৈরি হচ্ছে। যার জন্য ২০১১-১২ সালের অর্থবছরে অনুদান পেয়েছেন নির্মাতা। দেশের মিডিয়ায় জয়ার পথচলা দীর্ঘদিনের। টিভি মাধ্যমে শক্ত ক্যারিয়ার গড়ার পর নাম লেখান চলচ্চিত্রে। সেখানেও সফল এ অভিনেত্রী। জয়া অর্জন করেছেন দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেসব গল্প সবারই জানা। গত কয়েক বছরে তার নামের পাশে ‘দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী’ বিশেষণটিও জুড়ে গেছে। কারণ তিনি বাংলাদেশে যেমন সফল, তেমনি কলকাতায়ও সমান জনপ্রিয়। খ্যাতিমান নির্মাতা অরিন্দম শীলের পরিচালনায় ‘আবর্ত’ ছবির মধ্য দিয়ে কলকাতায় সূচনা জয়ার।
এরপর ইন্দ্রনীল রায় চৌধুরীর ‘একটি বাঙালি ভূতের গপ্পো’ ও সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’র পর এখন আবারও কলকাতার ছবিতে অভিনয় করছেন জয়া আহসান। এবারের ছবির বিষয় অ্যাডাল্ট ক্রাইম। এর নাম ‘ঈগলের চোখ’। ছবিটির গল্প লিখেছেন জনপ্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। নারীর পাশাপাশি একজন পুরুষ কীভাবে যৌন নিগ্রহের শিকার হন, তা নিয়েই এর গল্প। ছবির মূল অভিনয়শিল্পী অনির্বাণ ভট্টাচার্য। তাকে দেখা যাবে বিষাণ চরিত্রে। ছোটবেলা থেকে বিভিন্ন মহিলার দ্বারা যৌন নিগ্রহের শিকার হতে হতে এক সময় আর নারীর প্রতি তার কোনো আকর্ষণ কাজ করে না। জয়া অভিনয় করেছেন বিষাণের স্ত্রী শিবাঙ্গী চরিত্রে। এ ছবিতে আরও আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, পায়েল সরকার, গৌরব চক্রবর্তী। গত ফেব্রুয়ারি থেকে এ ছবির দৃশ্যায়ন শুরু হয়।











