ফালুজার কয়েকটি জেলা ইরাকি বাহিনীর দখলে
আন্তর্জাতিক ডেস্ক :ইসলামিক স্টেট (আইএস)-এর দখলে থাকা ফালুজা শহরের কয়েকটি জেলা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে ইরাকি বাহিনী। শহরটি পুরোপুরি পুনরুদ্ধারে অভিযান চলছে বলে জানা গেছে। এখনও প্রায় ৫০ হাজার মানুষ শহরটিতে বন্দি রয়েছেন।সোমবার (৩০ মে) সকাল থেকে শহরটিতে তিন দিক থেকে হামলা শুরু করে ইরাকি বাহিনী। শহরটিতে ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেছে। ইতিমধ্যে ফালুজার কয়েকটি জেলা ইরাকি বাহিনীর দখলে চলে এসেছে বলে জানা গেছে। এর মধ্যে নাইমিয়া জেলা পুরোপুরি ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছে ইরাকি বাহিনী। সোমবার দুপুর নাগাদ নাইমিয়ার পুলিশ স্টেশন সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ইরাকি বাহিনীর দখলে আসে।

ইরাকি বাহিনীকে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট জেনারেল আবদেলওয়াহাব আল-সাদি বলেছেন, ‘মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সহায়তায় ইরাকি বাহিনী ফালুজায় প্রবেশ করেছে।’ তিনি জানান, স্থানীয় সময় (৩০ মে) ভোর ৪টার দিকে ইরাকি বাহিনী তিন দিক থেকে ফালুজায় আক্রমণ শুরু করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী বিশেষ বাহিনীর এক মুখপাত্রের বরাতে বলা হয়, ফালুজা শহরটিতে ভোর থেকে তীব্র সংঘর্ষ এবং বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইরাকের বিশেষ বাহিনী শহরটিতে আটকা পড়া লোকজনকে উদ্ধারে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয়, ফালুজায় প্রায় ৫০ হাজার মানুষ আটকা পড়েছেন। তারা ইরাকি সেনাবাহিনী, শিয়া মিলিশিয়া, বিভিন্ন গোষ্ঠীগত সশস্ত্র বাহিনী এবং আইএস-এর মধ্যে ক্রসফায়ারে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আবার তাদের আইএস মানব ঢাল হিসেবে ব্যবহার করতে পারে বলেও আশঙ্কা রয়েছে। ইরাকি বাহিনী আটকা পড়া মানুষদের উদ্ধারে বিশেষ অভিযান চালাচ্ছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে।
ধারণা করা হচ্ছে, ইরাকি বাহিনী ফালুজা পুনরুদ্ধার করতে পারলে আইএস-এর দখলে থাকা আরেক শহর মসুলেও তীব্র হামলা চালাতে পারে ইরাকি বাহিনী।
সোমবার (২৩ মে) থেকে বাগদাদের ৪০ মাইল দূরবর্তী ইসলামিক স্টেট (আইএস)-এর দখলে থাকা ফালুজা পুনরুদ্ধারে ইরাকের সেনাবাহিনী অগ্রসর হয়। সেদিনই ইরাকি সেনাবাহিনী রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে ফালুজার অধিবাসীদের শহর ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করে। আর যারা শহর ছাড়তে পারবেন না, তাদের বাড়ির ওপর সাদা পতাকা লাগিয়ে রাখার আহ্বান জানানো হয়ে। পাশাপাশি, ইরাকের বিমানবাহিনী ফালুজায় বিমান থেকে লিফলেটও বিতরণ করে। তাতে শহরের বাসিন্দাদের সেনাবাহিনীর তৈরি করা ‘নিরাপদ গলি’ দিয়ে শহরের বাইরে চলে আসার আহ্বান জানানো হয়।
এদিকে, আইএস সামরিক এবং অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়ে এখন আত্মঘাতী বোমা হামলার তীব্রতা বৃদ্ধি করেছে। ফালুজা থেকে ১০০ কিলোমিটার দূরবর্তী রামাদিতে এবং বাগদাদের উত্তরে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে আইএস। ফালুজার বিস্ফোরণে অন্তত ১৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। বাগদাদের হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।











