বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ভোট কেন্দ্রে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

13322116_962151547226117_6570233189575352516_nনিজস্ব প্রতিবেদকবোমা মেরে কেন্দ্র দখল, জালভোট দেয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ও কসবার ১৯ ইউনিয়নের ভোট। কেন্দ্র দখল নিয়ে কয়েকটি ইউনিয়নে সংঘর্ষও হয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক লোক। বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে ৪টি ইউনিয়নের বিএনপি প্রার্থী ও একটি ইউনিয়নের আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী নির্বাচন বর্জন করেন। কেন্দ্র দখল হয়ে যাওয়ায় সকালে এসে লাইনে দাঁড়িয়েও ভোট দিতে পারেননি অনেকে। কোনো কোনো কেন্দ্রে পুলিশ সদস্যরাও জালভোট দিয়েছে। নাটাই দক্ষিণ ইউনিয়নের বিলকেন্দুয়াই কেন্দ্রে ভোটগ্রহণের শেষ সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তৎপরতায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাঈনুদ্দিন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মো. শাহআলমের ৩ শ’ ব্যালট ছিঁড়ে দেন বলে অভিযোগ করেন ঐ প্রার্থী। এরআগে দুপুরে হাসান নামের যুবলীগের এক নেতাকে নিয়ে ঐ ম্যাজিস্ট্রেট স্বতন্ত্র প্রার্থী নাজমুলের আনারস প্রতীকের ৭ শ’ ব্যালটে সিল মারেন। এই সিল মারার পরও বিদ্রোহী প্রার্থী পাস করে ফেলছে দেখে ম্যাজিস্ট্রেট কেন্দ্রটিতে গিয়ে ৩ শ’ ব্যালট ছিঁড়ে ফেলে দেন। এরপরই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাদিনই ঐ কেন্দ্রে তৎপর ছিলেন। সকালে কেন্দ্রটিতে সংঘর্ষের পর সাংবাদিকরা ঐ কেন্দ্রে গিয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি কোনো কথা বলবেন না বলে জানান। নাম জানতে চাইলে বলেন সবই বিকালে জানবেন। কসবার কোনো ইউনিয়নে চেয়ারম্যানের ব্যালট হাতে দেয়া হয়নি ভোটারদের। কোনো কোনো ইউনিয়নে রাতেই ব্যালটে সিল  মেরে বাক্স ভরে রাখার অভিযোগ পাওয়া গেছে। সদরেও নৌকা প্রতীকে সিল মারা ব্যালট দেয়া হয় ভোটারদের হাতে। তারা শুধু ভাঁজ করে সেটি বাক্সে ফেলে দেন। ভোট শুরুর ঘণ্টা দেড়েকের মধ্যে সদর উপজেলার কয়েকটি কেন্দ্রে বোমা হামলা চালানো হয়। কোনো কোনো কেন্দ্রে পিস্তল নিয়ে ঢুকে পড়ে বহিরাগত সন্ত্রাসীরা। সাদেকপুর ইউনিয়নের বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া ৯টার দিকে পরপর ৭টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আতঙ্কিত হয়ে ভোটাররা কেন্দ্র ছেড়ে পালান। রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর ক্যাডেট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বোমা হামলা চালিয়ে কেন্দ্র দখল করা হয়। এসময় সংঘর্ষ হলে ১৫ জন আহত হয়। ইউনিয়নের বিজেশ্বর এ মোনেম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হয় ১০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি গুলি ছুড়লে রাসেল নামে এক সদস্য প্রার্থী আহত হন। এসময় আওয়ামী লীগ প্রার্থী শাহাদাত খান তার সমর্থকদের নিয়ে এসে কেন্দ্রটি দখল করে নেন। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী  প্রার্থী মশিউর রহমান সেলিম দুপুরে নির্বাচন বর্জন করেন। তিনি অভিযোগ করেন সকাল ১০টার মধ্যে ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্র দখল হয়ে যায়। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রগুলো দখল করেন বলে অভিযোগ করেন তিনি। তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি দখল করতে দু-দফা বোমা হামলা চালানো হয়। সুহিলপুর ইউনিয়নের জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয় ও সীতানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সকাল ১০টায় সীতানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি দখল করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা জালভোট দিতে শুরু করলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন বাধা দেয়। এনিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে  বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে আহত হয় ১০ জন। জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য প্রার্থী বাবুল মিয়ার এক আত্মীয় সরকারি কর্মচারী শামীম মিয়া জালভোট দিতে গেলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন বাধা দেয়। এনিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয় ৩০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অর্ধশত রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এই ঘটনায় প্রায় দুই ঘণ্টা এই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ থাকে। সদর উপজেলার বিলকেন্দুয়াই গ্রামে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়। কেন্দ্রটি দখলে দিনভর চেষ্টা চালায় আওয়ামী লীগের সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মাছিহাতা ইউনিয়নের চাপুইর কেন্দ্রে দু-মেম্বার প্রার্থী কুদ্দুস ও শরীফ মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জালভোট প্রদান করাকে কেন্দ্র করে ৫ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) প্রার্থী সুরু মিয়ার সমর্থকদের সঙ্গে আরেক সদস্য প্রার্থী মনির মিয়ার সমর্থকদের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বোমা মেরে কেন্দ্র দখল, কেন্দ্র দখলে সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেশিরভাগ ইউনিয়নেই সকাল ৯টার পর ভোট আর স্বাভাবিক থাকেনি। মজলিশপুর ইউনিয়নের সাদেকপুর ইউনিয়নের আদমপুর ঈদগাহ মাঠ অস্থায়ী কেন্দ্রে যাওয়ার রাস্তায় কথা হয় এলাই মিয়ার সঙ্গে। তিনি বলেন তার মেয়ে রুনা বেগম মেম্বার প্রার্থী (বই প্রতীক)। কিন্তু কেন্দ্রে গিয়ে তিনি তার ভোট দিতে পারেননি। বলেন কেন্দ্রে যাওয়ার পর আমারে বলছে আপনার ভোট অনেক আগেই দেয়া হয়ে গেছে। অনেক কেন্দ্রে বৃষ্টিতে ভিজে নারী ভোটাররা আসলেও তারা ভোট দিতে পারেননি।

13265884_961663740608231_8539253902030698376_n (1)মজলিশপুর ইউনিয়নের মাদরাসা কেন্দ্রে পুলিশের এক সাব- ইন্সপেক্টরকে ব্যালট নিয়ে আগেই নৌকা প্রতীকে সিল মেরে রাখতে দেখা যায়। কেন্দ্রটিতে ভোটারদের হাতে চেয়ারম্যানের ব্যালট দেয়া হয়নি।  

কসবার কোনো ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট দেয়া হয়নি ভোটারদের হাতে। জাল ভোটের তাণ্ডবে ভোটও শেষ হয়ে যায় দু-আড়াই ঘণ্টার মধ্যে। বিনাউটি ইউনিয়নের শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যালয়, বিনাউটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, আলহাজ সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  সহকারী প্রিজাইডিং অফিসারদের শুধু সাধারণ ও সংরক্ষিত আসনের ইউপি সদস্যদের ব্যালট নিয়ে বসে থাকতে দেখা গেছে। ধামসার কেন্দ্রের দরজা বন্ধ করে জালভোট দেয়া হয়। বন্ধ দরজার বাইরে ভোটাররা দাঁড়িয়ে থাকে। সাফিয়া খাতুন (৬৫) নামে এই কেন্দ্রে ভোট দিতে আসা এক ভোটার বলেন সকাল ৮টায় এসেও লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারিনি। এই কেন্দ্রটিতে পুলিশ ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদেরকে সিল মারতে দেখা যায়। আগের রাতে নৌকা প্রতীকে সিল মেরে বাক্স ভর্তির অভিযোগও আছে।  সৈয়দাবাদ কেন্দ্রে সকাল ১১টার মধ্যে শতকরা ৮০ ভাগের বেশি ভোট কাস্ট হয়। এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মাসুদ ইবনে হোসাইনকে স্থানীয় আওয়ামী লীগ নেতা পরিবেষ্টিত হয়ে বসে থাকতে দেখা যায়। ৫ নং বুথের সহকারী প্রিজাইডিং অফিসার মো. আবু জাহেরের কাছে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট কই জানতে চাইলে তিনি বলেন- প্রিজাইডিং স্যারের কাছে। তার পাশে মেঝেতে বসে ব্যালটে সিল মারতে দেখা যায়। কেন্দ্রটিতে দুই ইউপি সদস্য প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।  শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একজন ভোটার নার্গিস বেগম (৪০) বলেন- তাকে শুধু মেম্বার প্রার্থীর ব্যালটই দেয়া হয়েছে। চেয়ারম্যানের ব্যালট স্যাররা দেননি। সহকারী প্রিজাইডিং অফিসার মো. কামাল মিয়াও  ২টি ব্যালট দেয়ার কথা স্বীকার করে বলেন, নৌকার এজেন্ট ইসমাঈল মিয়া চেয়ারম্যানের ব্যালট টেনে নিয়ে যাচ্ছে। স্বতন্ত্র প্রার্থী ইয়াছিন ফারুক স্বপন (চশমা) ও তার এজেন্ট সবুজ মিয়া অভিযোগ করেন, শুরু থেকেই এখানে ভোট ডাকাতি চলছে। কোনো ভোটার চেয়ারম্যানের ব্যালট পাচ্ছেন না। ভোটের এই দশায় বিনাউটি ইউনিয়নের বিএনপি প্রার্থী এমএ ফরহাদ নির্বাচন বর্জন করেন। এছাড়াও নির্বাচন বর্জন করেন সদরের নাটাই (উত্তর) ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. আবুল কাশেম, তালশহর (পূর্ব) ইউনিয়নের বিএনপি প্রার্থী মো. নজরুল ইসলাম, রামরাইল ইউনিয়নের বিএনপি প্রার্থী মো. সাদেকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সেলিম, কসবার বায়েক ইউনিয়নের বিএনপি প্রার্থী নাজমুল হাসান।