বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি নির্বাচন: কেন্দ্র দখলে বাধা, বেগমগঞ্জে গুলিতে নিহত ১

bbনিউজ ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কেন্দ্র দখলে বাধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম সৈয়দ আহমেদ (৪০)।

শনিবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সকাল ১১টায় বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাজি নগর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের পর ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

বিএনপি প্রার্থী হারুনুর রশিদের সমর্থকরা জানান, সকাল ১১টায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোস্তাফিজুর রহমান সেলিমের সমর্থক যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা ওই কেন্দ্র দখলের চেষ্টা চালায়। এতে তারা বাধা দেয়। এসময় যুবলীগ-ছাত্র লীগের গুলিতে সৈয়দ আহমেদ ঘটনাস্থলে মারা যান। সে বিএনপির কর্মী বলে দাবি করে তারা।

আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমানের সমর্থকরা বিএনপির প্রার্থীর সমর্থকদের এ অভিযোগ অস্বীকার করে নিহত সৈয়দ আহমেদ তাদের কর্মী বলে দাবি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখলে আসলে বিএনপি প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় একজন গুলিতে ঘটনাস্থলে নিহত হন। তবে এ সময় পুলিশ প্রথমে নিরব থাকলেও পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নির্বাচন স্থগিত করে দেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার।

বেগমগঞ্জ থানার ওসি সাজিদুর রহমান সাজু আলাজি নগর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষের সময় গুলিতে একজন নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।

এদিকে ওই ইউনিয়নের সব কেন্দ্র সরকার দলীয় প্রার্থীর সমর্থকরা দখলে নিয়েছেন বলে বিএনপি প্রার্থী অভিযোগ করেছেন।