বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশে গুম একটি প্রাতিষ্ঠানিক চর্চা’

 

নিজস্ব প্রতিবেদক : বিশ্বজুড়ে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে তাদের পরিবারবর্গ অন্তর্জাতিক সপ্তাহ (কমেমোরেশন অব দ্য ইন্টারন্যাশনাল উইক অব দ্য ডিসঅ্যাপিয়ার্ড) পালন করে। প্রতি বছর মে মাসের শেষ সপ্তাহে এই দিবসটি পালন করা হয়।চলতি বছর গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহে ইন্টারন্যাশনাল কোয়ালিশন এগেইন্স এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স (আইসিএইডি) বা জোরপূর্বক গুম বিরোধী আন্তর্জাতিক জোট বাংলাদেশ নিয়ে একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতির শিরোনামে গুমকে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক চর্চা হিসেবে আখ্যা দেয়া হয়েছে। আর তাতে বলা হয়, বলপূর্বক গুমের অপরাধ মহামারী আকার ধারণ করেছে। বিচারবহির্ভূত হত্যাকা-ের যে ধারা সৃষ্টি হয়েছে এটা তার অংশ। গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলো প্রায়ই আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগ এনেছে। গত কয়েক বছরে এটা উদ্বেগজনকহাবে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে। বলপূর্বক গুমের রীতি সৃষ্টি হওয়ার পেছনে মূল কারণ হলো কর্তৃত্বপরায়ণ রাজনৈতিক ব্যবস্থা এবং জনসাধারণের মুক্ত চলাফেরা দমন।

gom_129287

বাংলাদেশের প্রেক্ষিতে বেশির ভাগ গুমের ঘটনা ঘটেছে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে যেখানে সরকারবিরোধী রাজনৈতিক গ্রুপ এবং সুশিল সমাজের অ্যাকটিভিস্টদের কণ্ঠরোধ করতে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করেছে। নিজেদের রাজনৈতিক পরিচয় এবং বিরোধী রাজনৈতিক গ্রুপগুলোর সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তার গুমের শিকার হয়েছে ভুক্তোভোগীরা। ফলে, বলপূর্বক গুমের ঘটনাকে সরকার দমন-পীড়নের প্রাতিষ্ঠানিক চর্চায় পরিণত করেছে।

ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, রাষ্ট্র কর্তৃপক্ষই যেহেতু এ অপরাধ সংঘটন করছে এবং দোষীরা দায়মুক্তি উপভোগ করছে, রাষ্ট্রের এজেন্টরা কোনো দ্বিধাবোধ ছাড়াই বলপূর্বক গুম করছে। আইসিএইডি ২০০৯ সাল থেকে বাংলাদেশে সংঘটিত গুমের নথিভুক্ত ঘটনার ভিত্তিতে গুম থেকে সকলের সুরক্ষার জন্য যে আন্তর্জাতিক চুক্তি রয়েছে (ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রটেকশন অব অল পার্সন ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স) তা অনুসমর্থনের জন্য প্রচারণা চালিয়ে আসছে। বাংলাদেশে ২০০৯ সাল থেকে ২০১৬ সালের এপ্রিল পর্যন্ত মোট ২৫৮ জন গুম হওয়ার অভিযোগ রয়েছে। এদের মধ্যে ৩৭ জনকে গুমের পর মৃত অবস্থায় পাওয়া যায়। ১০৫ জনকে গুম হওয়ার অনেক দিন পর বিভিন্ন ফৌজদারি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ১১৬ জনের অবস্থা এখনও অজানা। গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারগুলোর অভিযোগ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) ও পুলিশ এসব গুমের ঘটনায় জড়িত। এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রটেকশন অব অল পার্সন ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স-এ ৯৫টি রাষ্ট্র স্বাক্ষর করেছে এবং এতে ৫১টি পক্ষ (পার্টিস) রয়েছে। গুম হওয়া ব্যক্তিদের স্মরণসপ্তাহে আইসিএইডি বলপূর্বক গুম এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘন বন্ধে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।

আর গুমের মামলাগুলোর পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা ও দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছে আইসিএআইডি। এছাড়াও আইসিএআইডি জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের কাছে প্রতিটি গুমের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, প্রতিটি ক্ষেত্রে পদক্ষেপ নেয়া এবং ভুক্তভোগীদের ভাগ্য ও অবস্থানের সত্য উদঘাটনে বাংলাদেশ সরকারের মনোযোগ আকর্ষণ করার দাবি জানাচ্ছে। সবশেষে, গুম থেকে সকল ব্যক্তির সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশ সরকারের সমর্থন এবং মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের জনগণের আহ্বানের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে সংগঠনটি।