বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বদলে যাওয়া সোহানা সাবা

Sabaবিনোদন প্রতিবেদক : ব্যক্তিগত সমস্যা কাটিয়ে নতুন করে অভিনয়ে ব্যস্ত হচ্ছেন সোহানা সাবা। দর্শকদের সামনে নতুন নতুন রূপে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তার আবেদনময়ী ছবি পোস্ট সে বিষয়টিই জানান দিচ্ছে। সম্প্রতি কলকাতার ছবিতেও যাত্রা শুরু করেছেন এ নায়িকা। আগামী মাসের শুরুতেই কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ষড়রিপু ছবিটি। বিস্তারিত লিখেছেন অনিন্দ্য মামুন

২০১৬ সালের শুরু থেকে বেশ আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে সময় পার করছেন টিভি অভিনেত্রী সোহানা সাবা। নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই যেন সমালোচনার সূত্রপাত। তবে সমালোচনার বাইরেও নিজের অভিনয় যোগ্যতা দিয়ে আগে থেকে প্রশংসা পেয়ে এলেও ডিভোর্সের পর সেসব আড়ালে ঢাকা পড়েছে। এছাড়াও বিচ্ছেদের মাত্র এক সপ্তাহের মাথায় ব্যক্তিগত সফরে ব্যাংককে পাড়ি জমান এ অভিনেত্রী। দুঃখ আর হতাশা ভুলতে শোভিজের অন্য বন্ধুদের সঙ্গে মাস্তিতে সময় পার করতে থাকেন সেখানে।

এদিকে মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’ ছবির নকলের অভিযোগ নিয়ে নানা সংকটের মধ্যে দিয়ে দিন পার করতে থাকেন মুরাদ। মুরাদের এই সংকট মুহূর্তে পাশে না থেকে তার সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে থাইল্যান্ডের ‘মাস্তি’কে অনেকেই ভালো চোখে দেখেননি। তাই সেখানে স্বল্পবসনে নানা ঢঙের ছবি তুলে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করায় সমালোচিত হতে থাকেন এ তারকা।

এ বিষয়ে তাকে নিয়ে বিতর্ক উসকে দিতে থাকে একটি মহল। কিন্তু সব বিতর্ক ছাপিয়ে বর্তমান সময়ে আবারও ব্যস্ত হচ্ছেন এই অভিনেত্রী। শুটিংয়ের কাজে প্রতিদিন এক লোকেশন থেকে অন্য লোকেশনে ছুটছেন। এ মুহূর্তে মূলত খণ্ড নাটকে অভিনয় নিয়েই বেশি ব্যস্ততা সাবার। সামনে ঈদ। আর এ বিশেষ উৎসব উপলক্ষ ঘিরেই তার ব্যস্ততা। দর্শককে ঈদের বাড়তি আনন্দ দিতে রূপ দিচ্ছেন ভিন্ন ভিন্ন সব চরিত্রে।

ব্যস্ততা প্রসঙ্গে সাবা বলেন, ‘ঈদ এলেই কাজের চাপ বেড়ে যায়। এখন তো চ্যানেল অনেক। তাই সবাই দর্শকের জন্য ঈদের বিশেষ নাটক নির্মাণ করছেন। সে জন্য কিন্তু প্রতিযোগিতাও চলে কার চেয়ে কে বেশি ভালো কাজ উপহার দিতে পারেন। আমি খুব একটা কাজ করি না। সিলেকটিভ কয়েকটি নাটকে অভিনয় করছি। তবে নাটকগুলোর গল্প যে দর্শকদের ভালো লাগবে এটি নিশ্চিতভাবে বলতে পারি।’

গত দুই আড়াই-বছরে নতুন কোনো ধারাবাহিকে অভিনয় করেননি সাবা। তবে চলতি বছর থেকে ধারাবাহিক নাটকে নিয়মিত হয়েছেন। আগামীতেও এ ধারাবাহিকতা চলতে থাকবে বলেও জানিয়েছেন তিনি। বর্তমানে তার অভিনীত প্রচার চলতি ধারাবাহিক নাটকগুলোর মধ্যে রয়েছে ‘সাতটি তারার তিমির’, ‘রেডিও জকি ও কতিপয় গল্প’, ‘টাইম’, এবং ‘খেলাঘর’।

শুধু নাটকেই নয়, ব্যতিক্রম ধারার চলচ্চিত্রে অভিনয় করে আগে থেকেই আলোচিত হয়ে আসছেন সোহানা সাবা। তার অভিনীত ‘আয়না’, ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ দেশের আলোচিত চলচ্চিত্রের তালিকায় রয়েছে। এবার কলকাতার আর্টফিল্মেও যাত্রা শুরু করতে যাচ্ছেন এ অভিনেত্রী।

আগামী মাসের ৩ জুন মুক্তি পাচ্ছে সাবা অভিনীত প্রথম কলকাতার ছবি ‘ষড়রিপু’। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। তাতেই নতুন রূপে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।