৯ পৌরসভা নির্বাচন: সাতটিতে আ’লীগ, দুটিতে বিদ্রোহী প্রার্থীর জয়
নিউজ ডেস্ক : তৃতীয় ধাপে ৯ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭টিতে আওয়ামী লীগের প্রার্থী এবং দুটিতে দলটির বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন।
নির্বাচনে কয়েকটি পৌরসভায় জালভোট ও ব্যালট ছিনতাইসহ নানা অনিয়মের ঘটনা ঘটে। জালভোট দেয়ার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে। লক্ষ্মীপুরে চালকসহ বিএনপি প্রার্থীর মাইক্রোবাস ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বুধবার নরসিংদীর ঘোড়াশাল ও রায়পুরা, লক্ষ্মীপুর সদর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালী সদর ও সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ এবং খাগড়াছড়ির রামগড় পৌরসভায় ভোটগ্রহণ হয়।
যুগান্তর স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর
লক্ষ্মীপুর
আওয়ামী লীগের প্রার্থী আবু তাহের ৩৩ হাজার ৩শ ৫০ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রেজাউল করিম লিটন পেয়েছেন ১ হাজার ৮শ ৬ ভোট।
সকালে শহরে বিএনপির প্রার্থীর বাসার সামনে থেকে চালকসহ গাড়ি (মাইক্রোবাস) ছিনতাইয়ের ঘটনা ঘটে। রাত সাড়ে আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত চালক ও গাড়ির কোনো খোঁজ পাওয়া যায়নি।
পৌরসভার অধিকাংশ ভোট কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্টদের দেখা যায়নি। নৌকার সমর্থকরা তাদের বের করে দিয়ে জালা ভোট দেয় বলে অভিযোগ উঠেছে।
জাল ভোট দেয়ার সময় তিনটি কেন্দ্রে ১২জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। প্রকাশ্যে নৌকায় ভোট, এজেন্টদের মারধরসহ বিভিন্ন অভিযোগে পুনঃভোটের দাবি জানিয়েছে বিএনপি।
ফেনী ও ছাগলনাইয়া
ছাগলনাইয়া পৌরসভায় মেয়রসহ সব ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। মেয়র পদে পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা নির্বাচিত হয়েছেন।
সকালে ভোট গ্রহণের শুরুতেই বহিরাগতরা অধিকাংশ কেন্দ্রে ঢুকে ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারে।
আতঙ্ক ছড়াতে ভোর থেকে কেন্দ্রের আশপাশে থেমে থেমে হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বাঁধা দেয়া হয়েছে ভোটারদের।
সকাল ১১টার মধ্যেই প্রায় সবগুলো কেন্দ্রের ভোট গ্রহণ শেষ হয়ে যায়। দুয়েকটি কেন্দ্র ছাড়া বাদবাকি কেন্দ্রে ভোটারদের কোনো লাইন চোখে পড়েনি।
১০টি কেন্দ্রে বিএনপি প্রার্থী মো. আলমগীর বিএ’র কোনো এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি। খোদ বিএনপি প্রার্থী ও ইসলামী শাসনতন্ত্র দলের প্রার্থী নিজেদের ভোটও দিতে পারেনি অভিযোগ করেছেন।
ছাগলনাইয়া পাইলট হাইস্কুল কেন্দ্রে জোর করে সিল মারা এক’শ পাঁচটি ব্যালেট বাতিল করা হয়েছে। পুণঃভোট ও এ ভোটের ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী।
ব্রাহ্মণবাড়িয়া
কসবায় মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী এমরান উদ্দিন ওরফে জুয়েল বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ১৮ হাজার দুইশত ৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি প্রার্থী মুহাম্মদ ইলিয়াছ পেয়েছেন এক হাজার দুইশত ভোট।
কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সবচেয়ে বেশি অনিয়মের ঘটনা ঘটেছে। এ দু’টি কেন্দ্রে নৌকা প্রতীকে প্রকাশ্য সিল মারার অভিযোগ পাওয়া গেছে।
বেলা সাড়ে ১২টার দিকে কসবা বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সাত নং বুথের দরজায় তালা লাগিয়ে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায়।
এ কেন্দ্রে সকাল ১০ টায় কয়েকজন ভাটার অভিযোগ করেন, পোলিং অফিসার শুধু কাউন্সিলের ব্যালট পেপার দিয়েছেন। মেয়র পদে ব্যালট পেপারে আগে থেকেই নির্দিষ্ট প্রতীকে সিল মারা ছিল।
বেলা ১১টার দিকে আড়াইবাড়ি মাদ্রাসা কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রার্থী আবু সেলিম সোহেলের বাড়ি ও তিন দোকানটি দোকান ভাঙচুর করা হয়।
খাগড়াছড়ি
খাগড়াছড়ির রামগড় পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী শাহজাহান রিপন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি পেয়েছেন ৫ হাজার ২’শ ৪৮ভোট। তার নিকতম প্রতিন্দ্বন্দ্বি আওয়ামী লীগের বিশ্ব প্রদীপ কার্বারী পেয়েছে ৪ হাজার ২’শ ৯৩ ভোট।
সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পাহাড়ী-বাঙ্গালী নারী পুরুষকে ভোট দিতে দেখা গেছে। কয়েকটি কেন্দ্রে জাল ভোটের অভিযোগ থাকলেও পৌরসভার ৯টি কেন্দ্রের কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নোয়াখালী ও সেনবাগ
নোয়াখালী সদর পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী সহিদ উল্লা খান সোহেল বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে সেনবাগে আওয়ামী লীগ প্রার্থী আবু জাফর টিপু ৩ হাজার ৮৯০ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারণে কেন্দ্রে ও বাহিরে কোনো গোলযোগ ছাড়াই দুই পৌরসভায় নির্বাচন সম্পন্ন হয়েছে।
তবে নোয়াখালী সদরে সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দিয়ে পুনরায় নির্বাচনের দাবি জানান বিএনপি’র মেয়র প্রার্থী মো. হারুনুর রশিদ আজাদ।
নির্বাচনে কেন্দ্র দখল, জাল ভোট, এজেন্ট বের করে দেয়া ও ব্যালট ছিনতাইসহ নানা অভিযোগ তোলেন তিনি।
নরসিংদী ও পলাশ
নরসিংদীর ঘোড়াশালে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ্ব মোঃ শরীফুল হক শরীফ ৩৮ হাজার ৭শ ৯২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ১ হাজার ৯৯ ভোট।
অন্যদিকে রায়পুরা পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল মোল্লা ৮,৯৫১ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। ৪৫৫০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল কুদ্দুস।
এর আগে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই রায়পুরা ও ঘোড়াশালে নির্বাচন সম্পন্ন হয়েছে। ঘোড়াশালে আওয়ামী লীগ ও বিএনপির দুই মেয়র প্রার্থীসহ সাধারণ কাউন্সিলর পদে ১১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬ জন প্রতিদ্বন্ধিতা করেন।
এখানে ইতোমধ্যে একজন মহিলা সংরক্ষিত কাউন্সিলরসহ ৬ জন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
টেকনাফ
কক্সবাজারের টেকনাফ পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী হাজী মো. ইসলাম ৯৬০৯ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএমএ ফারুক বাবুল পেয়েছেন ৪৬৮ ভোট।
৯টি কেন্দ্রের মধ্যে ৪টি কেন্দ্রকে অতিঝুঁকিপূর্ন ঘোষণা করা হলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।











