সারাদেশে বজ্রপাতে নিহত ৬
নিউজ ডেস্ক : দেশব্যাপী বজ্রপাতে নিহতের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। মঙ্গলবার (২৪ মে) দেশব্যাপী বজ্রপাতের ঘটনায় পাঁচ জেলায় ছয়জন নিহতের খবর পাওয়া গেছে।
গাজীপুর, যশোর, বরিশাল, ময়মনসিংহ ও গাইবান্ধা জেলার প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন নিয়ে ডেস্ক রিপোর্ট –
গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তালতলী এলাকায় বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) দুপুরে বৃষ্টির সময় বাড়ির পাশে থাকা দুটি গরু ঘরে আনতে যান। এসময় বিকট শব্দে বজ্রপাত হলে তার মৃত্যু হয়। বজ্রপাতে তার গরু দুটিও মারা যায়। নিহত আফাজ উদ্দিন (৬৫) তালতলী গ্রামের মৃত মজর উদ্দিনের ছেলে।
মৌচাক ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোঃ আঃ কুদ্দুছ জানান, বৃষ্টির সময় বাড়ির পাশে গরু গোয়াল ঘরে আনার জন্য বের হন আফাজ উদ্দিন। গরুর কাছে যেতেই বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আফাজ উদ্দিনের মৃত্যু হয়।
এসময় গোড়ায় (গরুর খাবারের স্থান) থাকা গরু দুটিও মারা যায়। বজ্রপাতে আফাজ উদ্দিনের ডান পা এবং বুক ঝলসে গেছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মোতালেব মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোর
মঙ্গলবার দুপুরে জেলার কেশবপুর উপজেলার কাস্তা গ্রামের রুমা বেগম (২৩) নামে এক গৃহবধূ বজ্রপাতে মারা গেছেন।
তার স্বজনরা জানান,বৃষ্টির সময় বাড়ির বাইরে থাকা মেয়েকে খুঁজতে যান রুমা। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে কেশবপুর উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রুমাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুমা বেগম কাস্তা গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী। তিনি এক কন্যাসন্তানের জননী।
বরিশাল
বরিশালে বজ্রপাতে তাওশিন সিকদার (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নগরীর নবগ্রাম এলাকার সিকদার পাড়ায় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাওশিন সিকদার ওই এলাকার মনির সিকদারের ছেলে এবং নগরীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মামুন মোল্লা জানান, বাবার সঙ্গে মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল তাওশিন। এ সময় বৃষ্টি সঙ্গে বজ্রপাতে তাওশিন আহত হলে তাকে শেবাচিম হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।
এদিকে, জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নতুরচর ভূতেরদিয়া গ্রামে সাইদুর রহমান হাওলাদার (৩২) বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি পেশায় কৃষিজীবী এবং ওই গ্রামের গনি হাওলাদারের ছেলে।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় এই ঘটনায় আহত হয়েছেন দ্বীন ইসলাম (২৭) ও সেনাবাহিনীর সদস্য এনামুল হক (৩০)। গুরুতর অবস্থায় এনামুলকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম বেপারী জানান, ঘটনার সময় নিহত সাইদুর রহমান চাষাবাদের পাওয়ার টিলার নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আহত অপর দুই জন গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এদের মধ্যে সেনাবাহিনীর সদস্য এনামুল হক বেশি আহত হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ
ময়মনসিংহের বেগুনবাড়ি এলাকায় বজ্রপাতে জোবায়ের নামে ৮ম শ্রেণির এক ছাত্র মারা গেছে। এ সময় আহত ফরহাদ নামে অপর এক শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত জোবায়ের বেগুনবাড়ি ইউনিয়নের রুপাখালী গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, জোবায়ের তার বন্ধু ফরহাদকে সাথে নিয়ে বাড়ির পাশে একটি মাঠে ফুটবল খেলছিল। মঙ্গলবার দুপুরে আকস্মিক বজ্রপাতে জোবায়ের ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত হয় ফরহাদ।
গাইবান্ধা
জেলার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে শেফালী খাতুন (১২) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি গ্রামে মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত শেফালী ওই ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি গ্রামের আলকাছ আলীর মেয়ে। সে স্থানীয় পশ্চিম ছাপরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের পরিবার জানান, বিকেল পাঁচটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে শেফালী বাড়ির আঙিনায় খেলছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। এ ঘটনায় কিছুক্ষণের মধ্যেই শেফালী মারা যায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। দ্য রিপোর্ট











