আসামে বাংলাদেশ সংকট: এর শেষ কোথায়?
নিউজ ডেস্ক: বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় অঙ্গরাজ্য আসাম। ঐতিহাসিকভাবেই রাজ্যটির সঙ্গে বাংলার সংযোগ। শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার সুলতানি তখতের অধীনে ছিল বাংলা ও বিহারসহ আসাম। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন মাওলানা ভাসানীর কথা। তিনি দেশ ভাগের পর বাংলাদেশে এসেছেন আসাম থেকেই। আসামে ‘বাঙ্গাল খেদা’ আন্দোলন হয়েছে দেশভাগের আগে।
যার বিরুদ্ধে প্রতিরোধ গড়েছিল মুসলিম লীগ। সেখানে ভূমিকা রেখেছিলেন মাওলানা ভাসানী। অর্থাৎ, আসামে বাঙালি-অবাঙালি দ্বন্দ্ব নতুন নয়। এই আসামেই বাঙলা ভাষার স্বীকৃতির জন্য আন্দোলন করে জীবন দিয়েছিল ১১জন বাঙালি। আসামের অসমিয়া ভাষাটি বাংলা থেকে খুব একটা আলাদা নয়। অথচ, বাঙালি আর অসমিয়া সম্প্রদায়ের বহুদিনের দ্বন্দ্ব এখনও সেখানকার রাজনীতির কেন্দ্রীয় ফ্যাক্টর হিসাবে বিরাজ করছে।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আবারও বিভিন্ন গণমাধ্যমে আলোচনা হচ্ছে আমাদের বাংলাদেশী ফ্যাক্টর। গত দেড় দশক ধরে আসামের মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেসের তরুণ গাগৈ। এবার তাকে পরাজিত করে মুখ্যমন্ত্রী হচ্ছে বিজেপির সর্বানন্দ সোনোয়াল। নির্বাচনের আগে থেকেই খবর এসেছিল, বিজেপি আসাম থেকে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ বাংলাদেশীদের হটিয়ে দেবে।
ভারতে অবস্থানের সুবাদে যতবারই অসমিয়া নাগরিকদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে একটি প্রশ্নের মুখোমুখী হতে হয়েছে ততবারই। তা হল, বাংলাদেশী নাগরিকরা কেন আসামে ‘অবৈধভাবে অনুপ্রবেশ’ করছে। এটা শুধু আসামের রাজনৈতিক প্রপাগণ্ডার মধ্যেই নয়; একাডেমিক গবেষণা, বই-পুস্তক, প্রবন্ধের মাধ্যমেও প্রতিষ্ঠিত করা হচ্ছে এবং হয়েছে। দিল্লিতে সুরুচি নামে এক শিক্ষার্থীর সঙ্গে পরিচয় হয়েছিল।
তিনি জানতে চেয়েছিলেন, ‘অবৈধ অনুপ্রবেশ’ বন্ধে বাংলাদেশ কোন ভূমিকা নিচ্ছে না কেন? রাজিব ভট্টাচার্য নামে এক লেখক তার ২০১৫ সালে একটি বইয়ের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন, ‘আসাম যদি ভারত থেকে স্বাধীন হয়ে যায় তাহলে বাংলাদেশ এসে আসামকে দখল করবে। তাই, আসামের জনগণের স্বার্থে ভারতের উচিৎ, আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনা করে সমাধানে পৌঁছা।’
আরও ব্যাখ্যা দিলেন, ‘অসংখ্য বাংলাদেশী নাগরিক অবৈধভাবে আসামে প্রবেশ করছে। এবং তা আসামের জনসংখ্যা অবস্থা বদলে দিচ্ছে।’ এ বিষয়ে বাংলাদেশের সরকারি তরফ থেকে সাধারণত নিরবতা অবলম্বন করা হয়। তবে, বিষয়টি নিয়ে আসামের রাজনীতিকরা যে কতখানি সোচ্চার তা ২০১৪ সালের ৪ঠা জুন ঢাকার দৈনিক যুগান্তরে প্রকাশিত ছোট একটি খবরের বরাতে পাওয়া যাবে। রাজ্যসভা নির্বাচনের পরপরই আসামের বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্যরা ১৫ দিনের মধ্যে কথিত অবৈধ বাংলাদেশীদের আসাম ছাড়তে বলেছিলেন। এবারের বিধানসভা নির্বাচনেও কথিত ‘অভিবাসী’ ইস্যু ছিল বড় বিষয়।
বিধানসভা নির্বাচনের আগেও এ নিয়ে ছিল ব্যপক প্রচারণা। ধারণা করা হয়, তরুণ গাগৈ এবং তার কংগ্রেস কিছুটা বাঙালি বান্ধব। নির্বাচিত সর্বনন্দ সোনোয়াল গত বছরের ২৮শে নভেম্বরও অভিযোগ করেছিলেন, আসামকে বাংলাদেশের অংশ বানাতে ষড়যন্ত্র শুরু করেছে কংগ্রেস ও এআইইউডিএফ (অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফণ্ট)।
এ অভিজ্ঞতাগুলোর প্রেক্ষিতে মূল্যবান প্রশ্ন হল, সত্যিই কি আসামে বাংলাদেশীরা অবৈধ অনুপ্রবেশ করছেন? গিয়ে থাকলে তারা কখন গিয়েছে? তারা আসলেই কী বাংলাদেশী? না অসমিয়া বাংলাভাষী। ১৯৭১ সালের ২৫শে মার্চের আসাম চুক্তির আগে না পরে? যদি তার আগে হয় তাহলে তাদেরকে কোন ভাবেই অবৈধ অভিবাসি বলা যায় না। ১৭ই জুলাই ২০১৪ তারিখে বিবিসি বাংলায় অমিতাভ ভট্টশালীর রিপোর্টে বিষয়টির কিছুটা ধারণা পাওয়া যায়।
তাতে আসাম সরকারের তৎকালীন মুখপাত্র ও বনমন্ত্রী রকিবুল হোসেনের বরাতে বলা হয়েছে, ‘ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে যারা বাংলাদেশ থেকে আসামে গিয়েছে তাঁদের বিদেশী বলে গণ্য না করে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব করেছে কংগ্রেস সরকার।’ ওই মুখপাত্র আরও জানিয়েছেন, আসাম চুক্তি অনুসারে ৭১ সালের ২৫ মার্চের পরে যারা বাংলাদেশ থেকে আসামে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেয়ার সুযোগ নেই।
কিন্তু, ‘ধর্মীয় অত্যাচারের’ শিকার হয়ে আসা লোকদের সেই সুযোগ দিয়ে নতুন আইন পাশের জন্য তারা প্রস্তাব করছে। এ থেকে বোঝা যায়, আসামে অবস্থানরত কথিত ‘বাংলাদেশী’দের দুই ভাবে মূল্যয়ন করা হয়। এক, ‘ধর্মীয় নির্যাতনে’র শিকার হয়ে যাওয়া। দুই. অন্যান্য বিভিন্ন কারণে যাওয়া। স্পষ্টতই, প্রথম কারণে আসামে যাওয়া বাংলাদেশীর সংখ্যা হাজার হাজার নয়। তাহলে এই হাজার হাজার বাংলাদেশী কারা? আসলেই কি তারা বাংলাদেশী?
যদি তারা বাংলাদেশী না হয়, তাহলে এই অভিযোগের বিষয়ে বাংলাদেশের একটি অবস্থান থাকা জরুরি। শেষ করা যাক আসামের ধুবড়ি জেলার আরেকজন কলেজ শিক্ষকের কথা দিয়ে। তিনি জানালেন, তার পূর্বপুরুষ ছিলেন বাংলাদেশের টাঙ্গাইলে। তারা আসামে গিয়েছেন ষাটের দশকে। তিনি বড় হয়েছেন সেখানেই। তাদের মাতৃভাষা বাংলা। তবে, লেখাপড়া শিখেছেন ওখানকার দাপ্তরিক অসমিয়া ভাষায়।
উল্লেখ্য, আসামে বাংলাভাষা দাপ্তরিক ভাবে ব্যবহৃত হয় না। ওই শিক্ষকের মতে, অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনৈতিকভাবে নানা কথা বলা হয়। কিন্তু, বাস্তব অনুসন্ধানে দেখা যায় তারা মূলত বাংলাভাষী আসামী নাগরিকদেরকেই বাংলাদেশী বলে অভিযুক্ত করা হয়। স্পষ্টতই, আসামে বাংলাদেশী ইস্যুতে ভিন্ন ভিন্ন মত আছে। সূত্র: মানবজমিন।











