বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ও বুলগেরিয়ার মধ্যে চারটি দলিল স্বাক্ষরিত

photo-1463756462নিউজ ডেস্ক : বাংলাদেশ ও বুলগেরিয়ার মধ্যে আজ চারটি দলিল স্বাক্ষরিত হয়েছে। অর্থনীতি, বাণিজ্য ও কূটনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারকসহ মোট চারটি দলিল স্বাক্ষরিত হয়।

সকালে সোফিয়ার মন্ত্রিপরিষদে দুই সরকারপ্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিসভ এই দলিল স্বাক্ষর প্রত্যক্ষ করেন বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্বাক্ষরিত তিনটি সমঝোতা স্মারক হচ্ছে- দুই সরকারের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোমেটিক ইনস্টিটিউট ও বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা এবং বুলগেরিয়ার স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস প্রমোশন একাডেমি ও বাংলাদেশের এসএমই ফাউন্ডেশনের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে সহযোগিতা।

দুই দেশের সর্বোচ্চ ব্যবসায়ী সমিতি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও বুলগেরিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) মধ্যে ওই চুক্তি স্বাক্ষরিত হয়।

বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আল্লামা সিদ্দিকী ও বুলগেরিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ভ্যালেন্টাইন পোরিয়াজভ দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের মধ্যে সহযোগিতার বিষয়ে একটি এমওইউতে স্বাক্ষর করেন।

অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত এমওইউতে স্বাক্ষর করেন যথাক্রমে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শফিকুল হক ও বুলগেরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী দানিয়েলা ভেজিয়েভা।

এসএমই সহযোগিতার বিষয়ে এমওইউতে স্বাক্ষর করেন যথাক্রমে বাংলাদেশের এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম ও বুলগেরিয়ার এসএমই প্রমোশন এজেন্সির নির্বাহী পরিচালক ম্যারিয়েটা জাহারিয়েভা।

বাংলাদেশ ও পূর্ব ইউরোপীয় দেশটির দুটি সর্বোচ্চ বণিক সমিতির মধ্যে সহযোগিতার বিষয়ে চুক্তিতে স্বাক্ষর করেন এফবিসিসিআইর প্রথম সহসভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন ও বিসিসিআইর মহাসচিব ভাসিল তোদোরোভ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে বাংলাদেশের পররাষ্ট্রসচিব শফিকুল হক ও প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম আশা প্রকাশ করেন যে, এসব দলিল উভয় দেশের মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে নতুন নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।