বিমানে সন্ত্রাসী হামলা হয়ে থাকতে পারে : মিশর
আন্তর্জাতিক ডেস্ক :বৃহস্পতিবার ৬৬ জন আরোহী নিয়ে প্যারিস থেকে কায়রোগামী মিশরীয় নিখোঁজ বিমানটি সন্ত্রাসী হামলার শিকার হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে মিশর। মিশরের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বলছে, বিমানটি নিখোঁজ হওয়ার পেছনে কারিগরি ক্রুটির তুলনায় সন্ত্রাসী হামলার সম্ভাবনাই বেশি বলে তারা মনে করে।

মিশরের বেসামরিক বিমান চলাচল মন্ত্রী শেরিফ ফাথাই বলছেন, আমি এখনই নিশ্চিত করে কিছু বলবো না। আগে পরিস্থিতি পর্যালোচনা করতে হবে। তবে অবস্থা দেখে সন্ত্রাসী হামলা বা এ ধরণের সম্ভাবনাই বেশী মনে হচ্ছে।
প্যারিসের একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের সাড়ে তিন ঘণ্টা পরে ইজিপ্ট এয়ারের এমএস ৮০৪ নম্বর ফ্লাইটটি ভূমধ্যসাগরের ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময়ে বিমানটি মিশরীয় আকাশ সীমার ১০ কিমি গভীরে অবস্থান করছিল।
দীর্ঘসময় নিখোঁজ থাকার পর বিমানটি ভূমধ্যসাগরে বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদঁ। মিশর ও গ্রীসের অনুসন্ধানকারী দল নৌকা ও বিমানযোগে তল্লাশি চালানোর পর গ্রীসের ক্রিট দ্বীপের কাছে বিমানের কিছু ধ্বংসাবশেষ দেখতে পেয়েছেন উদ্ধারকর্মীরা।
গ্রীসের একজন সামরিক মুখপাত্র জানিয়েছেন, বিমানটি যেখানে সমুদ্রে পড়েছে বলে ধারণা করা হচ্ছে, সেখানেই তারা কিছু ধ্বংসাবশেষ দেখতে পেয়েছেন। এর আগে গ্রীসের প্রতিরক্ষামন্ত্রী পানোস কামেনোস জানিয়েছেন, প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে বিমানটি ধসে পড়ার আগে আকাশে দুইবার দ্রুত চক্কর খেয়েছিল।
তিনি বলছেন, এয়ারবাস এ৩২০ বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যাবার আগে ৯০ ডিগ্রী বামে, আর ৩৬০ ডিগ্রী বামে ঘুরে দুইবার দ্রুত মোড় নেয়। এরপরে বিমানের উচ্চতা ৩৭ হাজার ফিট থেকে একেবারে ১৫ হাজার ফিটে নেমে আসে। এরপর ১০ হাজার ফিট ওপর থেকে হঠাৎ করেই হারিয়ে যায়।











