দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বেকায়দায় মানুষ
নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির ঘোষণা এবং রমজান মাস উপলক্ষে আরেক দফায় বেড়ে গেছে প্রায় সব পণ্যের দাম। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি তাই যেন স্বাভাবিক ঘটনা, যা নিয়ন্ত্রণের আশ্বাসে বিশ্বাস নেই কারো। দ্রব্যমূল্য বৃদ্ধির অভিশাপে দীর্ঘদিন ধরে জর্জরিত দেশের মানুষ। দেড় মাস আগে থেকে রমজানের প্রধান ভোগ্যপণ্যের দাম বেড়েই চলেছে। পেঁয়াজ, আদা, রসুন, ছোলা, ডাল, চিনির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মধ্যস্বত্বভোগী ও মজুতদাররা কৌশলে রোজার আগে থেকে ক্রমান্বয়ে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ ভোক্তা সংগঠনের প্রতিনিধিদের। তবে পাইকারি ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্যের দর বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও দাম বেড়েছে। দেশে দীর্ঘদিন ধরে চলমান সমস্যার একটি দ্রব্যমূল্য বৃদ্ধি। প্রশ্ন হচ্ছে কেন মূল্যস্ফীতি হয়। এর দুটি তত্ত্ব রয়েছে। একটি হচ্ছে অর্থের পরিমান তত্ত্ব, অন্যটি বাড়তি চাহিদা তত্ত্ব। সহজ ভাষায় বলতে গেলে, বাজারে যদি অর্থ সরবরাহ বেড়ে যায় তাহলে কিন্তু বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। কারণ, তাতে পণ্য আগের মতোই থাকে, কিন্তু মানুষের হাতে টাকা বেড়ে যায়। এর ফলে যে দাম বাড়ে তাকেই মূল্যস্ফীতি বলা যায়। কিন্তু এ দেশে দ্রব্যের মূল্যবৃদ্ধির ক্ষেত্রে অর্থনীতির কোনো নিয়ম বা সূত্রই প্রযোজ্য হয় না। কারণ ক্রয়ক্ষমতার সমান্তরালে নয়, বরং পাল্লা দিয়ে লাফিয়ে বাড়ে পণ্যের দাম। আমাদের দেশে কোনো দ্রব্যের মূল্যবৃদ্ধিতে উৎপাদন ঘাটতি, আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতা, স্বার্থান্বেষী মহলের কারসাজি প্রভৃতির দোহাই দেয়া হয়। অনেকটা জ্বলন্ত উনুনে ছাইচাপা দেয়ার মতো।
অন্য যেকোনো সময়ের চেয়ে সংযমের মাস রমজানে জিনিসপত্রের দাম বহু গুণ বেড়ে যায়। মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা রোজার মাসের জন্য আঁটঘাট বেঁধে বসে থাকে। সিয়ামের মাস আসার আগে থেকেই চড়া দাম হাঁকতে শুরু করে বিক্রেতারা। হাতেগোনা কয়েকটি পণ্য বাদে এবারও তার ব্যত্যয় ঘটবে না এমনটাই মনে করছেন সাধারণ মানুষ। এর বাস্তবতা হলো, চাহিদার তুলনায় সরবরাহ কম না হলেও দ্রব্যের মূল্য বাড়ানো হয়ে এক প্রকারের কৃত্রিম সংকট দেখিয়ে। উদার বাণিজ্য ব্যবস্থার সুযোগ নিয়ে প্রতি বছরই কিছু স্বার্থান্বেষী ব্যক্তি বা প্রতিষ্ঠান বাজারের স্বাভাবিক ক্রয়-বিক্রয় প্রক্রিয়া ব্যাহত করার অপপ্রয়াসে লিপ্ত থাকে। অতিরিক্ত মুনাফার লোভে অনেক ব্যবসায়ী আবার দ্রব্যপণ্য মজুদ করে রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে। রমজান বা অন্য কোনো উৎসব উপলক্ষে সেগুলো বাজারে ছেড়ে চড়া দাম হাঁকায়। এটা ব্যবসায়িক অসাধুতা। এর বিরুদ্ধে সরকারকে আরো কঠোর হওয়া প্রয়োজন।
দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকার সচেতন ও তৎপর। কিন্তু বাজারদর যেন একপ্রকার গোলক-ধাঁধা! কখন, কী কারণে, কোন পণ্যের দাম বাড়ানো হচ্ছে, তার প্রকৃত কারণ খুঁজে পাওয়া যায় না। এবারো কর্তৃপক্ষের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার প্রতিশ্রুতিতে সাধারণ জনগণ আশান্বিত হওয়ার তেমন কারণ দেখছে না। ক্রমবর্ধমান দ্রব্যের মূল্য বেড়ে এমন স্তরে পৌঁছেছে যে, মধ্যবিত্ত-নিম্নবিত্তদের কাছে বাজার এক আতঙ্কের নাম। আজকের মূল্য আগামীকাল পর্যন্ত স্থিতিশীল থাকবে, এ নিশ্চয়তা কেউ দিতে পারে না। অনুমান করে, হিসাব কষে বাজারে যাওয়া তাই বোকামি। চাল-ডাল-মসলা থেকে শুরু করে কাঁচা সবজি-মাছ-মাংস প্রভৃতির গগনস্পর্শী দামে পিষ্ট দেশের মানুষ। দেশের নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত মানুষের পক্ষে ৪৫-৫০ টাকা কেজিতে চাল কিনে খাওয়া যে কত কষ্টের, তা বুঝতে নিশ্চয় অনুসন্ধানী হওয়ার প্রয়োজন নেই। আমাদের বাজার ব্যবস্থা নিয়ে আলোচনা হয় বটে, তবে কার্যকর গবেষণা নেই। কিছু নিয়মনীতি থাকলেও দুর্বল আইনের দরুন ব্যবসায়ীরা তা মেনে চলে না। যার ফলে একপ্রকার খেয়ালখুশিতে বাড়িয়ে দেয় পণ্যের মূল্য, দিশেহারা হয়ে পড়ে সীমিত আয়ের মানুষ।
ব্যবসায় মুনাফা অর্জন স্বতঃসিদ্ধ ও স্বাভাবিক একটি প্রক্রিয়া। কিন্তু মুনাফা অর্জনের নামে অতি মুনাফার অসাধু এ পন্থা ও নীতিজ্ঞানহীন কর্মকা- সমর্থনযোগ্য নয়। স্থিতিশীল বাজার ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি পাইকারি ও খুচরা ব্যবসায়ীদেরও আন্তরিক হওয়া প্রয়োজন। দ্রব্যমূল্য বৃদ্ধির আরেক কারণ পরিবহনে চাঁদাবাজি। রমজান মাসে ও ঈদের আগে পথে-ঘাটে চাঁদাবাজির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যায়। আইন প্রয়োগকারীরা অনেক সময় চাঁদাবাজদের নিয়ন্ত্রণ না করে সচেতনভাবে এড়িয়ে যান। যা হতাশাজনক। এমনিতেই আন্তর্জাতিক বাজারের তুলনায় আমাদের দেশে জ্বালানি তেলের দাম বেশি। যার দরুন বিভিন্ন পণ্য পরিবহনে খরচ বেড়ে যায়। তা উসুল করতে গিয়ে পণ্যের দাম বাড়াতে হয়। তার ওপর বিভিন্ন ইউনিয়ন ও সংগঠনের পরিচয় দিয়ে চাঁদাবাজি কোনোভাবেই কাম্য হতে পারে না। এক্ষেত্রে আইনের কঠোরতা ও তত্ক্ষণাৎ শাস্তির ব্যবস্থা রাখা জরুরি।
পণ্যদ্রব্যের উৎপাদন বৃদ্ধিতেও দামে খুব বেশি হেরফের হচ্ছে না। অসহায় সাধারণ মানুষের প্রশ্ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তবে সরকারও কি নিরুপায়? স্থায়ী সমাধান না খুঁজে জনসাধারণের রুজির প্রশ্নে সাময়িক সমাধানের পথে হাঁটলে পরিস্থিতির উন্নতি হবে না কখনো। রাজনৈতিক পেশি শক্তি ও আমদানিকারক ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত সিন্ডিকেট পণ্যের দাম বাড়ানোর লক্ষ্যে নানা কৌশল গ্রহণ করে বাজারকে অস্থিতিশীল করে তোলে। অসাধু ব্যবসায়ীরা একচেটিয়া বাজার নিয়ন্ত্রণে রাখতেই মূলত এমনটি করে। সরকারের প্রস্তুতি ও টিসিবির কার্যক্রমের সুফল পেতে দেয় না। বিগত কয়েক বছরে সরকারের আন্তরিকতা ও নানামুখী পদক্ষেপ নেয়া সত্ত্বেও অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্যের কারণে পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব হয়নি। সিন্ডিকেট ব্যবসায়ীদের পরস্পর যোগসাজশের মাধ্যমে বাজার ব্যবস্থার স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হলে ভোক্তাস্বার্থ রক্ষা করা দুরূহ হয়ে যায়। দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকা-েও এর বিরূপ প্রভাব পড়ে। ফলে স্বাভাবিকভাবেই জনমনে সরকারের প্রতি ক্ষোভের সঞ্চার হয়। যা সরকারের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করে। তাই সরকার ও ব্যবসায়ীদের উচিত এ সিন্ডিকেট ভেঙে দেয়া।
উল্লেখ্য, গত তিন মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে উল্লেখযোগ্য পরিমাণে ভোজ্যতেল আমদানি হয়েছে। কাস্টম বন্ডেড ট্যাংকগুলোয় বিপুল পরিমাণ অপরিশোধিত ভোজ্যতেল মজুদ রয়েছে। বন্দরে আসার অপেক্ষায় আছে ভোজ্যতেলবাহী জাহাজ। এত মজুদের পরও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে রমজানকে সামনে রেখে পণ্যের কৃত্রিম সংকট শুরু হয়েছে, যার কারণে বেড়ে যাচ্ছে পণ্যের দাম।
রমজানে দেশে ছোলার চাহিদা ৬০ হাজার টনের মতো। চট্টগ্রাম বন্দর দিয়ে গত তিন মাসেই (জানুয়ারি-মার্চ) পণ্যটি এসেছে ৫০ হাজার টনের বেশি। এপ্রিল, মে ও জুন- এ তিন মাসে কমপক্ষে আরও ৭০-৮০ হাজার টন ছোলা আমদানি হবে স্থানীয় বাজারে। তার পরও রমজানকে সামনে রেখে ছোলার দাম গত ১৫ দিন ধরে বেড়েই চলেছে। এ সময়ে ভোজ্যতেলের চাহিদা থাকে প্রায় ২ লাখ টন। এর বিপরীতে গত তিন মাসে বন্দরে সয়াবিন ও পাম অয়েল খালাস হয়েছে প্রায় ৩ লাখ টন। এপ্রিল- মে’র আমদানি মিলে দ্বিগুণের বেশি মজুদ থাকার কথা। তার পরও পণ্যটির সরবরাহ কমিয়ে দিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে ব্যবসায়ী সিন্ডিকেট। আমদানি ও মজুদের একই চিত্র চিনি, চাল, ডাল ও খেজুরের ক্ষেত্রেও।
চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী, রমজানকে সামনে রেখে গত তিন মাসে (জানুয়ারি-মার্চ) প্রায় সব নিত্যপণ্যের আমদানিই পর্যায়ক্রমে বেড়েছে। রমজানে খেজুরের চাহিদা রয়েছে গড়ে ৩০ হাজার টন। গত তিন মাসেই বন্দর দিয়ে খেজুর খালাস হয়েছে ১৫ হাজার টন। তবে ডিসেম্বর থেকে হিসাব করলে এর পরিমাণ দাঁড়ায় ৩০ হাজার টন। রমজানে আড়াই থেকে তিন লাখ টন চাহিদার বিপরীতে গত তিন মাসে (পরিশোধিত ও অপরিশোধিত) খালাস হয়েছে সমপরিমাণ চিনি। এপ্রিল-মে’র আমদানি করা চিনি আসছে। দেশীয় চিনিও রয়েছে।
দেশে সরকার নিয়ন্ত্রিত চিনিকলের পাশাপাশি বর্তমানে বেসরকারি পর্যায়েও চিনি উৎপাদিত হচ্ছে। সরকারি-বেসরকারি পর্যায়ে উৎপাদিত চিনির পাশাপাশি বিদেশ থেকেও চিনি আমদানি করা হয়। ঢাকা ও চট্টগ্রামের বড় বড় বেশ কয়েকটি আমদানিকারক প্রতিষ্ঠান চিনি আমদানি করে থাকে। আর এদের হাতেই দেশের চিনির বাজার পুরোপুরি নির্ভরশীল। একাধিক আমদানিকারকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন, আমদানি করা চিনিতে সরকার শুল্ক আরোপ করায় দাম ঊর্ধ্বমুখী। রোজার আগে চাহিদা বাড়ে। তাই বাজারে কিছুটা প্রভাব পড়ে। মূল্যবৃদ্ধির কথা স্বীকার করে আমদানিকারকরা বলেছেন, এটি স্বাভাবিক প্রক্রিয়া। এত মজুদের পরও কেন দাম বাড়ছে- এমন প্রশ্নের জবাবে প্রায় আমদানিকরা উত্তর এড়িয়ে যান।
১৭ পণ্যে কারসাজি হলে লাইসেন্স বাতিল : আসন্ন রমজানকে সামনে রেখে অযৌক্তিক কারণে বাড়ছে বেশকিছু পণ্যের দাম। খোদ বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য মনিটরিং ও পূর্বাভাস সেলের পর্যবেক্ষণে এ চিত্র ধরা পড়েছে। চাহিদার চেয়ে সরবরাহ ভালো হওয়া সত্ত্বেও নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ নেই বলে দাবি বাণিজ্য মন্ত্রণালয়ের। তবে একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে আশংকা প্রকাশ করা হয়েছে- রমজান পর্যন্ত এ প্রবণতা চলতে থাকলে বেশি চাহিদানির্ভর পণ্যগুলোর কৃত্রিম সংকট ও দামে অস্থিতিশীলতা তৈরি হবে। এ ধরনের পরিস্থিতিতে সরকার ভাবমূর্তি সংকটে পড়বে, যা বিরোধী পক্ষের রাজনৈতিক কর্মসূচির হাতিয়ার ও টক শোতে আলোচকদের আলোচনার খোরাক জোগাবে।
বাণিজ্য মন্ত্রণালয় দায়িত্বশীল সূত্রগুলো বলছে, বাজারের এ অস্বাভাবিক পরিস্থিতি রমজানের আগেই নিয়ন্ত্রণে আনা হবে। অসৎ ব্যবসায়ীদের দৌরাত্ম্য প্রতিরোধ ও সিন্ডিকেটের কারসাজি রুখতে খুব শিগগিরই সরকার হার্ডলাইনের দিকে যাচ্ছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে রমজানে ভোগ্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে ১৭টি পণ্যকে অত্যাবশ্যকীয় পণ্য চিহ্নিত করে সংশ্লিষ্ট ব্যবসা-প্রতিষ্ঠান ও সংগঠনকে চিহ্নিত পণ্যে সংযত ব্যবসা করার কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। সম্প্রতি দ্রব্যমূল্যবিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে চিহ্নিত অত্যাবশ্যকীয় পণ্যগুলোর সার্বিক মজুদ, আমদানি, উৎপাদন ও বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পণ্যগুলো হচ্ছে- ছোলা, মসুর ডাল, সয়াবিন তেল, পামতেল, চিনি, লবণ, পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া, শুকনা মরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচি, জিরা, হলুদ ও তেজপাতা।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন জানান, এ ১৭ পণ্যের সরবরাহ সংকট ও দাম নিয়ে কারসাজির বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে। এসব পণ্যের বাজারে অস্থিরতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের লাইসেন্স ও নিবন্ধন বাতিল এবং পণ্য বাজেয়াপ্ত করা হবে। এ বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করতে সংশ্লিষ্ট পণ্য বিপণনের সব পর্যায়ে সংশ্লিষ্ট আইন, আদেশ এবং বিধি যথাযথ অনুসরণ করে ব্যবসা করার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি রমজানের আগে সারা দেশের ব্যবসায়ীদের সঙ্গে আমরা একাধিকবার মুখোমুখি বৈঠক করব। জেলা পর্যায়ে ডিসিদেরও এ বিষয়ে কঠোর মনিটরিংয়ের নির্দেশনা দেয়া হয়েছে।
সরকারের প্রস্তুতি: রমজানের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চিনি, ডাল, তেল, ছোলা ও খেজুরের পর্যাপ্ত মজুদ গড়ে তুলেছে। এছাড়া অকার্যকর হয়ে পড়া বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং সিস্টেম আরও জোরদারে ১৪টি বাজার মনিটরিং টিম ঢেলে সাজানো হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরকেও তদারকি বাড়াতে পরামর্শ দেয়া হয়েছে। তবে সংশ্লিষ্টরা দাবি করছেন, এবার রমজানে সরকারের বড় প্রস্তুতি হচ্ছে- প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন নিয়োগ করা। বাজারে শৃংখলা ফেরানোর লক্ষ্যে কমিশন আজ থেকেই প্রাথমিক কাজ শুরু করবে। এর বাইরে পণ্যের আমদানি ও এলসি কার্যক্রম প্রতিদিন পর্যবেক্ষণে রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পূর্বাভাস সেল। ট্যারিফ কমিশনও অভ্যন্তরীণ উৎপাদন ও আমদানি এবং আন্তর্জাতিক বাজার পরিস্থিতির বিষয়ে সর্বক্ষণিক নজর রাখছে। এসব কার্যক্রমে স্বরাষ্ট্র, নৌ ও সড়ক, খাদ্য ও কৃষি মন্ত্রণালয় প্রত্যক্ষভাবে সহায়তা দেবে। এ ছাড়া রমজানে টিসিবি ৫০০ টন খেজুর, দেড় হাজার টন ছোলা ও এক হাজার টন দেশীয় ভোজ্যতেল বিক্রি করবে। ভর্তুকিমূল্যে দেশের ১৭৫টি উপজেলায় নিজস্ব ডিলারের মাধ্যমে এবং খোলা ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। এছাড়া মসুর ডালেরও পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানা গেছে।
পর্যাপ্ত আমদানি : দেশে প্রতি মাসে ১ লাখ ১০ হাজার টন সয়াবিন ও পামতেলের চাহিদা আছে। রমজানে এ চাহিদা প্রায় দ্বিগুণ হয়। এনবিআরের হিসাবে চলতি অর্থবছরের প্রথম আট মাসে (ফেব্রুয়ারি পর্যন্ত) ১৪ লাখ ৬৬ হাজার টন পরিশোধিত ও অপরিশোধিত ভোজ্যতেল দেশে প্রবেশ করেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে এ সময়ে ১১ লাখ ৬৯ হাজার টন ভোজ্যতেলের এলসি নিষ্পত্তি ঘটেছে। এর পাশাপাশি দেশে রিফাইনারিগুলোর উৎপাদন ক্ষমতা রয়েছে ২ লাখ টন। একইভাবে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আমদানি হওয়া ১০ লাখ ৮২ হাজার টন চিনি প্রবেশ করেছে। যেখানে ১৩ লাখ টনের এলসি নিষ্পত্তি হয়েছে। মসুর ডাল এসেছে ১ লাখ ৩০ হাজার টন। এলসি নিষ্পত্তি হয়েছে আরও ১ লাখ ৭ হাজার টনের। ছোলা আমদানির পর দেশে প্রবেশ করেছে ২ লাখ ৪৭ হাজার টন। এ সময়ে আরও ৭৫ হাজার টনের এলসি নিষ্পত্তি হয়েছে। একইভাবে পেঁয়াজ, রসুন, আদা, হলুদেরও ব্যাপক উৎপাদন এবং আমদানি হয়েছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফসিসিআইয়ের প্রথম সহসভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন জানান, দেশের উন্নয়নে ব্যবসায়ীরাই মুখ্য ভূমিকা রাখছে। আবার সামাজিক দায়বদ্ধতা পালনেও এ ব্যবসায়ীরাই অগ্রবর্তী তালিকায় রয়েছে। কিন্তু কিছু কিছু ব্যবসায়ীর জন্য পুরো ব্যবসায়ী সমাজের বদনাম হচ্ছে। অতিরিক্ত জনসংখ্যা দ্রব্যের চাহিদা বহু গুণ বাড়িয়ে দিয়েছে সন্দেহ নেই। বাড়তি জনসংখ্যার জন্য কোনো পণ্যই বাজারে অবিক্রীত থাকার ঝুঁকি থাকে না। যার সুবিধা গ্রহণ করে বিক্রেতারা। ইচ্ছামতো দাম বাড়িয়ে দেয়। নিম্ন আয়ের মানুষ না পারলেও পয়সাওয়ালাদের কেউ না-কেউ ঠিকই তা কেনে। ধনী ব্যক্তিদের অতিভোগ পরোক্ষভাবে দরিদ্রদের সংকট বাড়িয়ে দেয়। এ অবস্থায় যতটা সম্ভব উৎপাদন বৃদ্ধি ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের মাধ্যমে নিত্যপণ্যের দাম জনসাধারণের নাগালের মধ্যে রাখার চেয়ে উত্কৃষ্ট পন্থা আর নেই। বাজার তদারকি, ন্যায্যমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম বিস্তৃত ও জোরদারকরণসহ উৎপাদনকারী বা কৃষক, মজুদদার-মধ্যস্বত্বভোগী-বিক্রেতা এবং ভোক্তা তথা ক্রেতার চাহিদা ও কর্মকা-ে সমন্বয় করা প্রয়োজন। জনগণ অনেকটাই নিরুপায়; সরকারের পদক্ষেপগুলো দ্রব্যমূল্য আয়ত্তে রাখতে যদি কিঞ্চিৎও কার্যকর হয়, তাতেই সবার স্বস্তি।আ/সং











