বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী লন্ডন পৌঁছেছেন

photo-1463333208নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘গ্লোবাল উইমেন লিডারস ফোরাম’-এ যোগদানে তিনদিনের সরকারি সফরে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় যাওয়ার পথে আজ লন্ডন পৌঁছেছেন।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ আবদুল হান্নান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় হাইকমিশনের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও বিমানবন্দরে উপস্থিত ছিলেন বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের নেতৃত্বে বিপুল নেতাকর্মী প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। স্থানীয় সময় বিকেল ৪টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০৫) প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে লন্ডন পৌঁছে।

প্রধানমন্ত্রী লন্ডন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ১৮ মে সকাল ৮টা ২০ মিনিটে (লন্ডন সময়) বুলগেরিয়ার রাজধানী সোফিয়া যাত্রা করবেন। ফ্লাইটটির সোফিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে ১টা ১৫ মিনিটে (বুলগেরিয়ার স্থানীয় সময়) অবতরণের কথা রয়েছে।

বুলগেরিয়ার সংস্কৃতিবিষয়কমন্ত্রী ভেজদি রাশিদভ, বুলগেরিয়ান উইমেন কাউন্সিলের নির্বাহী পরিচালক ভেনিয়া কানেভা এবং বুলগেরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

অভ্যর্থনা জানানোর পর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা সহযোগে হোটেল মারিনেলা সোফিয়াতে নিয়ে যাওয়া হবে। বুলগেরিয়া সফরকালে প্রধানমন্ত্রী সেখানে অবস্থান করবেন।

প্রধানমন্ত্রী বিকেলে সোফিয়ার জাতীয় আর্ট গ্যালারিতে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল উইমেন লিডারস ফোরাম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। প্রধানমন্ত্রী ফোরামে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। বুলগেরিয়ার উপপ্রধানমন্ত্রী এবং শ্রম ও সামাজিক পলিসিবিষয়কমন্ত্রী ইভাইলো কালফিন, জ্বালানিবিষয়কমন্ত্রী তেমেতুজকা পেটকোভা, আঞ্চলিক উন্নয়ন এবং গণপূর্তবিষয়কমন্ত্রী লিলিয়ানা পাভলোভা, ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা, বুলগেরিয়ার জাতীয় সংসদের চেয়ারওমেন সেটস্কা সাচিভা এবং সিইও, সিমেন্স বুলগেরিয়া এবং চেয়ারপারসন বুলগেরিয়ান কাউন্সিল অব ওমেন ইন বিজনেস বরিয়ানা মানোলোভা অধিবেশনে প্রবন্ধ উপস্থাপন করবেন।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুলগেরিয়ার রাষ্ট্রপতি রোজেন প্লেনিলিয়েভের সঙ্গে রাষ্ট্রপতির প্রাসাদে সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী ২০ মে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠকের পর উভয়ের উপস্থিতিতে কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং তাঁরা যৌথ বিবৃতি প্রদান করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রান্ড হোটেল সোফিয়াতে ইউনেস্কোর মহাপরিচালক এবং সিমেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং চেয়ারপারসন বুলগেরিয়ান কাউন্সিল অব উইমেন ইন বিজনেস বরিয়ানা মানোলোভা আয়োজিত এক নৈশভোজ সভায় যোগ দেবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সম্মানে বুলগেরিয়ার জাতীয় সংসদের চেয়ারম্যান সেটস্কা সাচেভার উদ্যোগে গ্রান্ড হোটেল সোফিয়াতে আয়োজিত ভোজসভাতে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ২১ মে সকাল ৬টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।