বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারক অপসারণের ক্ষমতা : সাংবিধানিক সংকটের আশংকা ফখরুলের

fakhrulনিউজ ডেস্ক : বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত হওয়াকে কেন্দ্র করে সাংবিধানিক সংকট তৈরির সুযোগ সৃষ্টির আশংকা করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিচারক অপসারণকে নিয়ে বিচার বিভাগ ও সংসদ মুখোমুখি অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও জাতীয় নির্বাচনের দাবিতে এ সভার আয়োজন করে ন্যাশনাল পিপিলস পার্টি।

মির্জা ফখরুল বলেন, সংসদ ও বিচার বিভাগের মধ্যে যে বিরোধ দেখা দিয়েছে তাতে দেশে সাংবিধানিক সংকট তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে।

তথ্যমন্ত্রীর বক্তব্যর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, উনি কি ধরনের গণতন্ত্র চান। বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তাদের হত্যা করা হচ্ছে। বিএনপি নেত্রীসহ নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দেয়া হচ্ছে। শুধু নেতাকর্মীরা নয়, গ্রাম পর্যায়েও মানুষ আজ মামলায় জর্জরিত। এর নাম কী গণতন্ত্র।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের সামনে বর্তমানে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সত্যিকার অর্থে সেটি একটি বড় রকমের রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা। সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। তারা আসলে গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন কায়েম করতে চায়।

মির্জা ফখরুল বলেন, সত্যিকার অর্থে আজ মানুষের স্বাধীনতা বলতে কিছু নেই। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।

গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফিরে পেতে আন্দোলনের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, চলমান সঙ্কট নিরসনে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন প্রয়োজন। সে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচনকালীন নিরপেক্ষ নির্বাচন কমিশনও প্রয়োজন, যে নির্বাচনের মধ্য দিয়ে দেশে জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে।

‘উন্নয়ন আগে গণতন্ত্র পরে’ -আওয়ামী লীগের নতুন এই স্লোগান জনগণ গ্রহণ করবে না জেনেই সেখান থেকে তারা সরে এসেছে মন্তব্য করে মির্জা ফখরুল প্রশ্ন করেন, সরকার কী উন্নয়ন করেছে, সাধারণ মানুষের কোনো উন্নয়ন হয়নি; উন্নয়ন হয়েছে আপনাদের। আপনারা কোটি কোটি নয়, শত শত কোটি টাকা লুণ্ঠন করে দেশের বাইরে পাঠিয়েছেন।

এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।