বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজের মতো বোলারদের হাতে একটা অস্ত্র থাকতে পারে না

musta-jugantor_12910_1463210877স্পোর্টস ডেস্ক : মাত্র দুইটি ম্যাচ, দুইটিও বলা যায় না। একটি ম্যাচে খারাপ করেছেন বাংলাদেশের বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমান। আর তাতেই গেল গেল রব উঠেছে!

অভিষেকের পর থেকেই আলো ছড়ানো মুস্তাফিজুরকে একটি মাত্র ম্যাচ দিয়ে বিচার করা কতটা যৌক্তিক সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়। আইপিএলে এবারই প্রথম খেলছেন মুস্তাফিজ। প্রথম ৯ ম্যাচে উইকেট নিয়েছেন ১১টি। তবে শেষ দুই ম্যাচে উইকেট পাননি তিনি। আর তাতেই সবাই বলতে শুরু করেছেন মুস্তাফিজ রহস্য ফাঁস হয়ে গেছে।

আর কৃতিত্বটা দেয়া হচ্ছে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকে। তিনিই নাকি মুস্তাফিজকে খেলার কৌশল শিখিয়ে গেছেন ব্যাটসম্যানদের। মুস্তাফিজের বিপক্ষে তার করা ব্যাটিংয়ের ভিডিও দেখেই নাকি এখন সবাই মোকাবেল করছেন এ কাটার মাস্টারকে।

আইপিএলের নিলাম থেকে প্রায় দেড় কোটি টাকা দিয়ে মুস্তাফিজুর রহমানকে যখন কিনল সানরাইজার্স হায়দরাবাদ, তখন চোখ কুঁচকেছিল অনেকেরই। সেই নির্বাচন যে কতটা সঠিক ছিল, পরবর্তী ম্যাচগুলিতে তা বুঝিয়ে দিয়েছিলেন কাটার মাস্টার। পরের ন’টি ম্যাচে মাত্র ২০৩ রান দিয়ে নিয়েছিলেন ১৩টি উইকেট। তাঁর কাটারের হদিশ পাচ্ছিলেন না তাবড় ব্যাটসম্যানরা।

পুণের বিরুদ্ধে কাটারমাস্টার ৪ ওভারে দিয়েছিলেন ২৬ রান। উইকেটবিহীন সেই স্পেল থেকে বিশেষ রান না উঠলেও উইকেটও পাননি ফিজ। এমনকী পুণের ব্যাটসম্যানদের তাকে খেলতে যে বিশেষ অসুবিধা হচ্ছে, তা-ও মনে হয়নি। প্রশ্নটা আরও বড় করে সামনে এল এর পরের ম্যাচে। দিল্লির ব্যাটসম্যানরা মুস্তাফিজুরের ৪ ওভার থেকে নিলেন ৩৯ রান। ভারতের অনূর্ধ্ব উনিশের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ একাই নিলেন ২৬ রান। আর এর পরেই উঠল সেই অমোঘ প্রশ্ন— মুস্তাফিজুরের রহস্য কি তবে ফাঁস হয়ে গেল?

রহস্য ফাঁসের সম্ভাবনা আরও বাড়ল পুণে কোচ স্টিফেন ফ্লেমিংয়ের কথায়। তার দাবি, “মুস্তাফিজকে কীভাবে খেলা যায়, সে বিষয়ে স্টিভ স্মিথ আমাদের কিছু টিপস দিয়েছিল। আমাদের ব্যাটসম্যানরা সেই টিপস মেনে চলে অনেক উপকার পেয়েছে।

দিল্লি ম্যাচের পর ক্রিস মরিসও বলেন, আমরা মুস্তাফিজের বোলিং নিয়ে অনেক সময় দিয়ে গবেষণা করেছি। আর তাতেই কাজে দিয়েছে। আমরা স্মিথের ব্যাটিং স্টাইলের ভিডিও নিয়ে গবেষণা করেছি। সে যেভাবে ব্যাটিং করেছে আমরাও তাই করার চেষ্টা করেছি।

মুস্তাফিজের প্রতিভা নিয়ে সন্দেহ নেই কারও। তার বোলিংয়ের প্রশংসা করেছেন বিশ্বের তাবড় ক্রিকেটাররা। তাই তিনি পরের ম্যাচ থেকেই নতুন অস্ত্র নিয়ে ফিরে আসবেন, সেই আশায় বুক বাঁধছে তার অসংখ্য ভক্তকূল। কারণ মুস্তাফিজের মতো বোলারদের হাতে একটামাত্র অস্ত্র থাকবে, তা হতেই পারে না।