বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরওয়েতে নিষিদ্ধ অর্ধনগ্ন বিজ্ঞাপন

 

আন্তর্জাতিক ডেস্ক : অর্ধনগ্ন মডেলদের ছবি ব্যবহার করে বিজ্ঞাপন দেয়া নিষিদ্ধ করেছে ইউরোপের দেশ নরওয়ের একটি শহর। দৈহিক চিত্রের নেতিবাচক উপস্থাপনের মতো বিষয়গুলো এড়াতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। অন্য দেশগুলোকেও এই পথ অনুসরণের আহ্বান জানিয়েছেন এর উদ্যোক্তারা।

2016_05_13_18_15_48_B13m5iJd0el9wVydRONhmUg1jP9uiS_original

এখন থেকে নরওয়ের তৃতীয় বৃহত্তম শহর ট্রন্ডহেমে প্রকাশ্যে কোনো পুরুষ বা নারীর বিকিনি কিংবা অন্তর্বাস পরিহিত কোনো ছবি বিজ্ঞাপনে ব্যবহার করতে পারবে না বিজ্ঞাপনদাতার। মঙ্গলবার শহরের প্রতিনিধিরা দেহ প্রদর্শন করে লাগানো পোস্টার এবং বিলবোর্ড সরিয়ে ফেলার পক্ষে ভোট দিয়েছেন।

শহরের বিজ্ঞাপন বিষয়ক নতুন নীতিমালায় বলা হয়েছে, ‘মডেল বা মডেলদের কোনো নকল ছবি এবং দেহ সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করতে পারে এমন কোনো ছবি এখন থেকে বিজ্ঞাপনে আর ব্যবহার করা যাবে না। বিজ্ঞাপনে ন্যূনতম মার্জিত ছবি ব্যবহার করতে হবে।’

আপত্তিকর ছবি ব্যবহারবিরোধী আন্দোলনের ব্যবস্থাপক কাইটলিন রোপার বলেন, ‘জরুরি এই বিষয়টি নিয়ে সচেতন হওয়ার ফলে এখন ট্রন্ডহেম শহরকে দেখতে আরো অসাধারণ লাগবে। বিজ্ঞাপনদাতারা দীর্ঘদিন ধরেই অবাধ সুযোগ ভোগ করে আসছিল।’

তিনি আরো বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, যেসব বিজ্ঞাপন এবং বিনোদন নারীদের পুরুষের যৌন উদ্দেশ্যে পরিণত করে, একটি অগ্রগামী সমাজে তার কোনো স্থান থাকা উচিত নয়। আমি আশা করি, যুক্তরাজ্যের মতো দেশগুলোও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে একই পদক্ষেপ নেবে।’

তবে উদ্যোগটিকে কোন প্রক্রিয়ায় কার্যকর করা হবে- তা এখানো ঠিক করা হয়নি। আলোচনার পরই এ বিষয়ে বিস্তারিত পরিকল্পনা নেয়া হবে। ট্রন্ডহেমের কাউন্সিলর অটার মিশিলসেন বলেন, ‘আমাদের ভাবতে হবে, কোন ধরনের বিজ্ঞাপন প্রচারে আমরা সহায়তা করবো। আমাদের এমন কোনো বিজ্ঞাপন প্রচার করতে দেয়া উচিত নয়, যা দৈহিক চিত্র সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে।’

গত এপ্রিলে লন্ডনের একটি পাতাল মার্কেট থেকে ‘বিচ বডি রেডি’ নামের বিতর্কিত একটি অর্ধনগ্ন বিজ্ঞাপন সরানোর দাবি উঠলে তা নিয়ে অনলাইকে পিটিশন খোলা হয়। বিজ্ঞাপনটি সরানোর পক্ষে একদিনেই ৫০ হাজার জন পিটিশনে নিজের সমর্থন জানান। ওই মাসেই ব্রিটিশ বিজ্ঞাপন নিয়ন্ত্রক সংস্থা বিজ্ঞাপনে যৌনতা নিয়ে একটি তদন্ত শুরু করে।