বেতনের পরিবর্তে মুরগির বাচ্চা দেয়া হচ্ছে শিক্ষকদের
আন্তর্জাতিক ডেস্ক : বেতন হিসেবে নগদ অর্থের পরিবর্তে মুরগির বাচ্চা নিতে হচ্ছে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের একটি শহরের স্কুলের শিক্ষকদের। দেশটির বেতার গণমাধ্যম রেডিও ওজোদিক তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।উজবেকিস্তানের স্বায়ত্ত্বশাসিত প্রদেশ কারকালপাকস্তান রিপাবলিকের শহর নুকুসে ঘটছে এ ঘটনা। শহরটির ব্যাংকগুলোতে অর্থ সংকট দেখা দেয়ায় নগদ অর্থের পরিবর্তে সদ্যোজাত মুরগির বাচ্চা নিচ্ছেন স্কুলশিক্ষকরা।

এক শিক্ষক এ ঘটনাকে ‘লজ্জাজনক’ আখ্যা দিয়ে বলেন, ‘গত বছর তারা বেতন হিসেবে আমাদের আলু, করলা এবং কুমড়া দিয়েছে। এই বছর আমাদের বেতনের পরিবর্তে মুরগির সদ্যোজাত বাচ্চা নিতে বাধ্য করছে। আমাদের মুরগির বাচ্চা প্রয়োজন হলে অনেক কম দামে তা বাজার থেকে কিনতে পারি।’অন্য একটি সূত্র জানায়, বেতন হিসেবে উজবেকিস্তানের মুদ্রায় ৭০০ সোমের (১৯৫ টাকা) বিপরীতে একটি মুরগির বাচ্চা দেয়া হচ্ছে একেকজন শিক্ষককে। তাদের স্থানীয় বাজারে এর মূল্য অর্ধেকের চেয়েও কম। উজবেক সরকার স্থানীয় গণমাধ্যমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে এবং যারা বিদেশি গণমাধ্যমে কথা বলতে চায় তাদেরও শাস্তি দিয়ে থাকে। যারা বাইরের দেশের গণমাধ্যমে কথা বলে তারা নাম প্রকাশ করে না।
গত কয়েক বছর ধরে নগদ অর্থের স্বল্পতায় ভুগছে উজবেকিস্তান। এর ফলে দেশটির সরকারি-বেসরকারি চাকরিজীবীদের বেতন এবং অবসরকালীন ভাতা দিতে দেরি হচ্ছে। চলতি মাসের শুরুর দিকে রাজধানী তাসখন্দের সরকারি কর্মচারীরা অভিযোগ করে, ব্যাংকে কোনো অর্থ না থাকায় গত দুই মাস ধরে তাদের বেতন পরিশোধ করা হয়নি।
তবে সব জায়গার পরিস্থিতি একই রকম নয় বলে জানায় অনেকে। অনেকে এক দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারসাজি বলে মনে করছেন। একজন রসিকতা করে বলেন, ‘মুরগির বাচ্চা দিলে সমস্যা কী? এটা দিয়ে স্যুপ বানিয়ে সকালের নাস্তা করা যায়, এটাকে দুপুরের খাবারে ফ্রাই করে খাওয়া যায় এমনকি রাতের খাবারেও খাওয়া যায়। অন্তত প্রচুর ভিটামিন পাওয়া যাবে।’
উল্লেখ্য, উজবেকিস্তান মধ্য এশিয়ার একটি মুসলিমপ্রধান রাষ্ট্র। ১৯২৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়নের অধীনে উজবেক সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র নামে পরিচিত ছিল দেশটি। ১৯৯১ সালে এটি স্বাধীনতা লাভ করে। তবে এখন পর্যন্ত সমাজতান্ত্রিক ভাবধারা পুরোপুরি কাটাতে পারেনি উজবেকিস্তান। রাষ্ট্র এবং অর্থ ব্যবস্থায় আছে সরকারের কঠোর নিয়ন্ত্রণ।











