এবার ‘অন্তরালের নায়ক’ মুস্তাফিজ

চার ওভারে রান দেন ২৬। উইকেট পাননি। সাদামাটা এই হিসাবটা বোঝাতে পারবে না মুস্তাফিজ গতকাল কী করেছেন। শেষ ১২ বলে তখন জয়ের জন্য পুনের দরকার ২২ রান। ওয়ার্নারের হাতে বোলার তিনজন। মুস্তাফিজ, নেহেরা, হেনরিকস। ভুবনেশ্বর কুমার ইতিমধ্যে চার ওভার করে ফেলেছেন। বিরেন্দর স্মরণেরও শেষ। যুবরাজ এক ওভারে ১০ দিয়ে গেছেন। ওয়ার্নার কাকে ডাকবেন?
নেহেরাকে ডাকলে চিন্তা থেকে যায়। বেশি রান দিয়ে ফেললে ম্যাচ ওখানেই শেষ। ক্রিজে ধোনি। ১৯তম ওভারে যদি একটা উইকেট বের করা যায় তাহলে খেলা হাতে চলে আসবে। কিংবা কম রান দিলে শেষ ওভারে আশা থাকবে। ওয়ার্নার তাই নিজের সেরা ‘অস্ত্র’কে ব্যবহার করলেন ওই ১৯তম ওভারে। মুস্তাফিজের অবশ্য উইকেট পাওয়ার উপায় ছিল না। ধোনি-পেরেরার পরিকল্পনাই ছিল মারবেন না। সিঙ্গেল নেবেন। এই ওভারে মুস্তাফিজ বাদে অন্য কেউ আসলেই তাকে মেরে খেলতে চাইতেন। সুতারং তিনি উইকেট পেতে পারতেন। যেটা হয়েছে আশিস নেহেরার শেষ ওভারে।
১৯তম ওভারে মুস্তাফিজ আসলেন। প্রথম বল থেকেই সিঙ্গেলের দিকে গেলেন ধোনি। হয়ে গেল ডাবল। দুই বলে আসলো চার। তৃতীয় বল অফস্ট্যাম্পে। সেই কাটার। নিরুপায় ধোনি। ডট। চতুর্থ বলে নিলেন এক। পরের বলে পেরেরা নিলেন দুই। শেষ বলে এক। মোট ৮। এই ওভার থেকে একটি বাউন্ডারি বের হলেই কিন্তু ম্যাচ চলে যেত সানরাইজার্সের হাতে। মুস্তাফিজ সেটা হতে দেননি।
মুস্তাফিজের করা চারটি ওভারে কেউ ছয় মারতে পারেননি। সর্বসাকুল্যে চার এসেছে একটি। অশ্বিনের ব্যাট থেকে। ডট বল করেছেন ছয়টি।
হায়দ্রাবাদের সর্বোচ্চ স্কোরার বেইলি (৩৪) মুস্তাফিজের তিনটি বল মোকাবিলা করেন। রান নেন এক। মুস্তাফিজের পাঁচটি বল খেলেন অশ্বিন। রান নেন ৯। সৌরভ তেওয়ারি খেলেন চারটি বল। নিতে পারেন ৩ রান। ধোনি ৬ বলে নেন ৭ রান। পেরেরাও মুস্তাফিজের ছয়টি বল খেলার সুযোগ পান। চার বলে সিঙ্গেল নেন। একবার নেন ডাবল। সব ছাপিয়ে নায়ক হওয়ার জন্য যথেষ্ট কিন্তু ওই ১৯তম ওভার। যে ওভারে ধোনি-পেরেরা দাঁতে-দাঁত চেপে সিঙ্গেল বের করেছেন। যে ওভারে তারা পণ করেছিলেন, সব দেব কিন্তু উইকেট দেব না। যে ওভারে তারা ৮ রান নিতে পেরেছিলেন। ম্যাচনাট্যের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এই ওভারেই লেখা হয়ে যায়। অন্তরালে। অগোচরে। রাতের আলোয়।
ভুল। ধোনি-ওয়ার্নারের দৃষ্টির সীমানায়!











