সাকিবের দিনে হারল কলকাতা

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে বেশ কয়েকটি ম্যাচেই ভুগছিলেন সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ব্যাট থেকে তেমন রান আসছিল না। শেষ পর্যন্ত তিনি রানে ফিরলেও ম্যাচ হেরে গেল তার দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।
রোববার ইডেন গার্ডেন্সে গুজরাট লায়ন্সের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে কেকেআর। সাকিব ও ইউসুফ পাঠানের দারুণ দুটি অর্ধশতকে ৪ উইকেটে ১৫৮ রান করে কলকাতা।
জবাবে ১৮ ওভারে ৫ উইকেটের বিনিময়েই টার্গেটে পৌঁছে যায় গুজরাট।
ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কলকাতার। ষষ্ঠ ওভারে ২৪ রানের মধ্যে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে দলটি।
সেখান থেকে সাকিব ও ইউসুফ পাঠানের শতরানের দারুণ এক জুটি দলের সংগ্রহ দেড়শ’ পার করে।
১৪.১ ওভার স্থায়ী অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ১৩৪ রানের জুটিতে ইউসুফের অবদান ৬৩ রান। ৪১ বলে খেলা তার আক্রমণাত্মক ইনিংসটি গড়া ৭টি চার ও একটি ছক্কায়।
৬৬ রানে অপরাজিত থাকেন সাকিব। তার ৪৯ বলের ইনিংসটি ৪টি করে ছক্কা ও চারে গড়া। এই অলরাউন্ডারের সবকটি ছক্কা হাঁকান ব্রাভোর বলে।
তবে চলতি আসরে আগের পাঁচ ম্যাচের তিনটিতে ব্যাট করে সাকিব সংগ্রহ করেন ৬, ৩, ১১ রান।
জবাবে দিনেশ কার্তিকের ঝড়ো অর্ধশতক (২৯ বলে ৫১), অ্যারন ফিঞ্চের ১০ বলে ২৯, ব্রেন্ডন ম্যাককালামের ২৯ ও ডোয়াইন স্মিথের ২৭ রানের কার্যকর চারটি ইনিংস গুজরাটকে জয়ের বন্দরে পৌঁছায়।
তিন ওভার বল করে ৩৮ রানে স্মিথের উইকেট নেন সাকিব।
এই জয় পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেছে সুরেশ রায়নার দল গুজরাট। দলটির সংগ্রহ ১৪ পয়েন্ট। পরের দুটি স্থানে আছে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদ (১২) ও সাকিবের কলকাতা (১২)।











