নিজামীর রায় নিয়ে পাকিস্তানের ধৃষ্ঠতার প্রতিবাদ বাংলাদেশের
নিউজ ডেস্ক : যুদ্ধাপরাধের বিচার নিয়ে ফের ধৃষ্ঠতা দেখাল পাকিস্তান। মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর রিভিউ পিটিশন খারিজ হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে রিভিউ পিটিশন খারিজের মাধ্যমে নিজামীর ফাঁসির রায় বহাল থাকায় তাদের উদ্বেগের কথা জানায়। তবে পাকিস্তানের এমন মন্তব্যে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম শনিবার সন্ধ্যায় পাকিস্তানের বিবৃতি সম্পর্কে এক প্রতিক্রিয়া যুগান্তরকে বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, পাকিস্তান বাংলাদেশের অভ্যন্তরীণ আইনের প্রয়োগের ব্যাপারে অব্যাহতভাবে মতামত দিচ্ছে। যুদ্ধাপরাধের বিচার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ না করার জন্যে আমরা আগেও পাকিস্তানকে অনুরোধ জানিয়েছি’।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যে ত্রিপক্ষীয় চুক্তির কথা পাকিস্তান বরাবর উল্লেখ করে থাকে, সেখানে যুদ্ধাপরাধের বিচার করা নিয়ে কোনো বাধা নেই। আমরা এই চুক্তির লংঘনও করছি না’।
তিনি বলেন, পাকিস্তানের এহেন বিরূপ মন্তব্যের ব্যাপারে বাংলাদেশের তরফে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘জাময়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে দেয়া মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে দায়ের করা রিভিউ পিটিশন বাংলাদেশের সুপ্রিমকোর্ট খারিজ করে দেয়ার বিষয়টি আমরা গভীর উদ্বেগ ও বেদনার সঙ্গে লক্ষ্য করছি’।
বিবৃতিতে আরও বলা হয়, ‘১৯৭১ সালের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাসমূহ নিয়ে বাংলাদেশে বিতর্কিত বিচার সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনসমূহের প্রতিক্রিয়াও আমরা অনুসরণ করছি’।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘১৯৭৪ সালের ত্রিদেশীয় চুক্তির আলোকে বাংলাদেশে সংহতি প্রতিষ্ঠা করা প্রয়োজন’।
পাকিস্তান বরাবরই যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে আসছে। ইতিপূর্বে যুদ্ধাপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী, আলী আহসান মুজাহিদ, আব্দুল কাদের মোল্লাসহ অন্যান্যদের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে অনুরুপ প্রতিক্রিয়া দেখিয়েছিল।
প্রতিবারই পাকিস্তানের এ ধরনের প্রতিক্রিয়ার কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ মনে করে, পাকিস্তান এমন প্রতিক্রিয়া দেখিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।











