ফেনীতে সহিংসতায় ফেনী সদরের পুলিশসহ গুলিবিদ্ধ ১২, আটক ২০
নিজস্ব প্রতিবেদক : ফেনী সদরের চার ইউনিয়ন ও ছাগলনাইয়া উপজেলায় পাঁচ ইউপি নির্বাচনে পুলিশের উপপরিদর্শকসহ ১২ জন গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ ৩০ জন আহত হয়েছেন।পুলিশ বিভিন্ন স্থান থেকে ২০ জনকে আটক করেছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট দুজনকে একমাসের কারাদণ্ড দিয়েছেন।

ফেনী সদর উপজেলার তিনটি ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থীরা শনিবার সকাল ১১টার মধ্যে কেন্দ্র দখল ও জালভোটের অভিযোগে ভোটবর্জন করে পুনর্নির্বাচন দাবি করেছেন।শনিবার ভোটগ্রহণের শুরুতে উপজেলার শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহ প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় চারজন গুলিবিদ্ধ হয়। তারা হলেন- ইউপি সদস্য প্রার্থী মো. শাহজাহান, শাহাদাত হোসেন, জয়নাল আবেদীন, আমান উল্যাহ।
একই উপজেলার মহামায়া ইউনিয়নের দক্ষিণ সতের কেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর মধ্যে সংঘর্ষে ছয়জন গুলিবিদ্ধ হয়েছে। তারা হলেন- কাজী রাসেল, রফিকুল ইসলাম খোকন, বাবলু, আরাফাত, কবির মাস্টার, মুসা মিঞা।বেলা সাড়ে ১১টায় ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা কেন্দ্র দখল করার সময় পুলিশে বাধা দিলে তারা গুলি ও ককটেল ছোঁড়ে। এতে পুলিশ উপপরিদর্শক মো. ইয়াছিনসহ আহত হয় প্রায় ১০ জন।
এদিকে ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের জালভোট দিতে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা দুজনকে দুমাসের কারাদণ্ড দেন।
বেলা সাড়ে ১১টায় ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক সম্মেলন করে জানান, নির্বাচনের শুরু থেকে সরকার দলীয় সমর্থকরা কেন্দ্র দখল করে বাক্সভর্তি করেছে। নির্বাচন পর্যবেক্ষণে গেলে তার গাড়িতে বোমা হামলা করে সরকার দলীয় সমর্থকরা।
এদিকে একই উপজেলার গোপাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আজিজুল হককে মারধর করেছে সরকার দলীয় সমর্থকরা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
ফেনী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় কুমার পাল জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ১২ জন গুলিবিদ্ধ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে।











