বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিলোপ্রতি ৩ পয়সা বাসভাড়া কমানোর প্রস্তাব

busনিজস্ব প্রতিবেদক : দূর পাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে তিন পয়সা কমানোর সুপারিশ করেছে ‘দূরপাল্লা যাত্রীবাহী পরিবহন ভাড়া নির্ধারণ সুপারিশ প্রণয়ন কমিট’। এ ভাড়া নিধারণ করবে পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

সোমবার (২ মে) রাজধানীর এলেন বাড়িতে বিআরটিএ’র সদর কার্যালয়ে বিআরটিএ আয়োজিত এক বৈঠকে এ সুপারিশ করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলাম।

তিনি বলেছেন, ‘এই সুপারিশ বাস্তবায়ন করবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মালিক পক্ষ কিলোমিটার প্রতি ২ পয়সা ভাড়া কমানোর উপর নানা যুক্তি উপস্থাপন করেছে। কিন্তু ভাড়া প্রণয়ন কমিটি সুপারিশ করেছে ৩ পয়সা হিসেবে। এই আমরা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠাবো। মন্ত্রনালয় অনুমোদন দিলে আমরা বাস্তবায়নের ঘোষণা দিব।’

সোমবার (২মে) দুপুরে রাজধানীর এলেনবাড়ীর বিআরটিএ সম্মেলন কক্ষে বিআরটিএ আয়োজিত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে বিআরটিএর ভাড়া বিশ্লেষণ কমিটির সদস্য, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, মালিক সমিতি এবং স্টেক হোল্ডাররা অংশ নেন।

তবে গণপরিবহণের ভাড়া কমানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বৈঠকে। মালিক পক্ষ ২ পয়সা ভাড়া কমানোর প্রস্তাব দেয়। এনিয়ে অনেক কথা কাটাকাটি পর ভাড়া নির্ধারণ কমিটি ৩ পয়সা করার সুপারিশ করে। আগে প্রতি কিলোমিটারের ভাড়া ছিল ১ টাকা ৪৫ পয়সা।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সর্বশেষ ২০১৩ সালের জানুয়ারিতে দূরপাল্লার রুটে ভাড়া বাড়ানো হয়। সে সময় কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করা হয় ১ টাকা ৪৫ পয়সা করা হয়।

গত ২৪ এপ্রিল কমানো হয়েছে সব ধরনের জ্বালানি তেলের দাম। এর পর থেকে দূরপাল্লা রুটে ভাড়া কমানোর নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে ডিজেলের দাম মাত্র ৩ টাকা কমানোয় ভাড়ায় খুব একটা প্রভাব পড়ছে না।

কিন্তু গণপরিবহনে ভাড়া কমানোর কোন লক্ষণ নেই দাবি করেছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। তিনি বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধির সাথে সাথে গণ পরিবহনগুলো যাত্রী সাধারণের কাছ থেকে বর্ধিত ভাড়া আদায় করে থাকে। তবে গত ২৪ এপ্রিল জ্বালানি তেলের মূল্য কমানো হলেও দেশের কোন গণপরিবহনে ভাড়া ১ পয়সাও কমানো হয় নি। গণ পরিবহনের ভাড়া কমানোর জন্য জরুরী ভিত্তিতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

এদিকে জ্বালানি তেলের মূল্য হ্রাসের পরিপ্রেক্ষিতে দ্রুত বাসসহ সব ধরনের গণপরিবহনের ভাড়া কমানোর দাবি করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। সংগঠনের উপদেষ্টা ও প্রবীণ শ্রমিক নেতা মনজুরুল আহসান খান বলেছেন, অতীতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরপরই সরকার গণশুনানি না করে মালিকপক্ষের দাবি অনুযায়ী বাসভাড়া, ট্রাকভাড়া বৃদ্ধি করেছে। অথচ এবার পূর্ব ঘোষণা দিয়ে জ্বালানি তেলের মূল্য কমানো হলেও আগের বর্ধিত বাসভাড়াই অপরিবর্তিত রাখা হয়েছে। সরকারের উচিত অবিলম্বে নির্বাহী আদেশে গণপরিবহনের ভাড়া কমানো।

বিআরটিএ সূত্রে জানা গেছে, ২০০৮ ও ২০০৯ সালে দুই দফায় ডিজেলের দাম ১১ টাকা কমানো হয়। সে সময় পরিবহনের ভাড়া ১১ পয়সা কমানো হয়। সে সময় থেকেই জ্বালানির মূল্য এক টাকা হ্রাস পেলে প্রতি কিলোমিটারে যাত্রী ভাড়া এক পয়সা কমানোর প্রক্রিয়া চালু হয়।

২০১১ ও ২০১৩ সালে দুই দফায় ডিজেলের মূল্য ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় দূরপাল্লার ভাড়া বৃদ্ধি করে ২৫ পয়সা। তাই ভাড়া কমানোয় এবারও ব্যয় বিশ্লেষণ বিবেচনা করা না হতে পারে। কারণ বিশ্লেষণে বিবেচিত ২২টি উপাদানের মধ্যে গত তিন বছরে জ্বালানি ছাড়া সব ব্যয়ই বেড়েছে। এতে ব্যয় বিশ্লেষণে কিলোমিটার প্রতি ভাড়া বাড়তে পারে। তাই পূর্বের পদ্ধতিতেই একটা মূল্য হ্রাসে এক পয়সা হারে ভাড়া কমানো হতে পারে।

এ হিসাবে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-বান্দরবান রুটে সর্বোচ্চ ১৪ টাকা ভাড়া কমবে। ঢাকা-ঠাকুরগাঁও রুটে ভাড়া কমবে ১৩ টাকা। এছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে ভাড়া কমবে ৭ টাকা, ঢাকা-সিলেট রুটে ৭ টাকা, ঢাকা-রাজশাহী রুটে ৬ টাকা, ঢাকা-রংপুর রুটে ১২ টাকা।বাংলামেইল