বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে বদ অভ্যাস গুলোর কারণে নষ্ট হয় ভালবাসার সম্পর্কটি

 

18775-boroলাইফস্টাইল ডেস্ক : একটি সম্পর্ক তৈরি করা যত না সহজ, সেটি রক্ষা করা তারচেয়ে অনেক বেশি কঠিন। ছোট একটি ভুলই যথেষ্ট একটি সম্পর্ক শেষ করে দেওয়ার জন্য। সম্পর্কের টানাপোড়নে মেয়েরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। ছোট ছোট বদ অভ্যাস সম্পর্ক খারাপ করার জন্য দায়ী থাকে। সম্পর্ক টিকিয়ে রাখতে ত্যাগ করুন এই অভ্যাসগুলো।

১। প্রশংসা না করাঃ-

সম্পর্কে প্রশংসা খুব গুরুত্বপূর্ণ। প্রশংসা ভালোবাসা বৃদ্ধি করার সাথে সাথে পারস্পরিক সম্পর্ক মজবুত করে তোলে। সঙ্গীর কাজের প্রশংসা করুন, তা যত ছোট কাজই হোক না কেন। ছোট একটি ধন্যবাদ সম্পর্ককে আরও সুন্দর করে তুলবে।

২। নজরদারী বা গোয়েন্দাগিরি করাঃ-

সঙ্গীকে বিশ্বাস করুন। তাঁর ফেইসবুক অ্যাকাউন্ট, ই মেইল, সোশ্যাল মিডিয়া কার্যকলাপে নজরদারী করা থেকে বিরত থাকুন। কোন প্রশ্ন থাকলে সরাসরি তাঁর সাথে সেই বিষয়ে কথা বলুন। মনে রাখবেন আলোচনা সব সমস্যার সমাধান করে দেয়।

৩। দোষারোপ করাঃ-

একে অপরকে দোষ দেওয়া সম্পর্ক নষ্ট হওয়ার অন্যতম একটি কারণ। আপনি যদি তাকে ভালোবাসেন তবে তাঁর দোষ ধরা বন্ধ করুন। হয়তো তাঁর অভ্যাসটি খারাপ, দোষ না দিয়ে তাকে বুঝিয়ে বলুন। দেখবেন নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি অনেকটা কমে গেছে।

৪। অপেক্ষা করানো;-

আপনি কি সবসময় ডেটিং এ দেরি করে যান? কিংবা ফোন করার কথা ভুলে যান? এই বিষয়টি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে না হলেও,সম্পর্ক নষ্ট করার জন্য এটি অনেকাংশে দায়ী হয়ে থাকে। সব সময় অপেক্ষা কারনো, কথা দিয়ে কথা না রাখা সম্পর্কের প্রতি আপনার অনীহা প্রকাশ করে।

৫। মিথ্যা বলাঃ-

যেকোন সম্পর্কের  জন্য মিথ্যা ক্ষতিকর। এটি ঠিক যে সত্য সব সময় তিক্ত! কিন্তু সম্পর্কের ক্ষেত্রে যত কঠিন সত্য হোক না কেন তা সঙ্গীকে বলে দেওয়া উচিত। হয়তো সাময়িকভাবে সম্পর্ক কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, তবে দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য এটি উপকারী।

৬। সময় কম দেওয়াঃ-

অনেকেই মনে করে থাকেন সম্পর্কে ভালোবাসা থাকাটাই শুধু জরুরি, আর কিছু নয়। সম্পর্কে একে অপরকে সময় দেওয়াটাও বেশ গুরুত্বপূর্ণ। দিনের কিছুটা সময় সঙ্গীর জন্য রেখে দিন। তাকে ফোন করুন। সময় থাকলে তাঁর সাথে কোথাও ঘুরতে যান।

৭। ক্ষমা না করাঃ-

ঝগড়ার একটা পর্যায়ে কোনো না কোনো পক্ষ নিজের ভুল বুঝতেই পারেন। অথবা ভুল না হলেও আচরণের জন্যে ক্ষমা চাইতে পারেন। কিন্তু অপরপক্ষ কোনো অবস্থাতেই ক্ষমাশীল হতে পারেন না। এটা মারাত্মক ক্ষতিকর আচরণ। এই বদভ্যাসের কারণে বহু সম্পর্ক মুহূর্তেই ধ্বংস হয়। অপরপক্ষ ক্ষমা চাইলে তা সঙ্গে সঙ্গে গ্রহণ করা উচিত।

৮। সামান্য বিষয় নিয়ে তর্কঃ-

কে কখন কি বলেছে, তা আসলে বিবেচ্য হওয়া যোগ্য না। বর্তমানে পরিস্থিতিটা কি তাই আসল ব্যাপার। তা ছাড়া আসলে কি ঘটেছিল, সঙ্গী-সঙ্গিনীর ভূমিকা তখন কি ছিল তাই বাস্তব। তা ছাড়া নগন্য বিষয় নিয়ে অপরকে কটাক্ষ করা বা হীনমন্যতা দেখানো সম্পর্কে ভাঙনের অন্যতম অস্ত্র।

একটি সম্পর্ক চারা গাছের মত। একটি গাছকে যেমন যত্ন করে বড় করে তুলতে হয়। ঠিক তেমনি সম্পর্ক ক্ষেত্রেও একটু যত্ন, বিশ্বাস আর অনেকখানি ভালোবাসার প্রয়োজন।