বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরের পর রায় লেখা বন্ধে প্রধান বিচারপতির দৃঢ় পদক্ষেপ

 

 

নিজস্ব প্রতিবেদক : বিচারপতিদের অবসরের পর রায় লেখা যাবে কি, যাবে না এ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। প্রধান বিচারপতি এসকে সিনহা ইতিপূর্বে বলেছিলেন, অবসরের পর রায় লেখা আইন ও সংবিধান পরিপন্থী। এবং তিনি এও বলেছেন, অবসরের পর কাউকে রায় লিখতে দেবেন না। সেই থেকে এ বিষয়ে পক্ষে-বিপক্ষে মতামত বা বিতর্ক চলতে থাকে। সর্বশেষ গত বৃহস্প্রতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১৬৮টি মামলা পুনঃশুনানির জন্য কার্যতালিকায় তোলা হয়েছে। আজ ২ মে সোমবার এই মামলাগুলোর পুনঃশুনানি শুরু হতে যাচ্ছে। ফলে বিতর্কটি এখন নতুন মাত্রা পেতে শুরু করেছে। ধরে নেয়া হচ্ছে, প্রধান বিচারপতি ইতিপূর্বে ন্যায়-নীতি প্রতিষ্ঠার যে ঘোষণা দিয়েছেন সেটি তিনি বাস্তবায়ন করতে যাচ্ছেন।

 

520_126085

পর্যবেক্ষকদের মতে, প্রধান বিচারপতির এ পদক্ষেপ বাংলাদেশের বিচারবিভাগে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। অবসরের পর রায় লেখা যাবে কি যাবে না এ প্রসঙ্গে সর্বোচ্চ আদালতের একটি সুম্পষ্ট রায়ও আছে এবং সেই রায় এখনো বলবৎ আছে যদিও সেটি পাকিস্তান আমলের। যেহেতু এরপরে অন্য কোনো রায় বা আদেশ-নির্দেশ, ডিক্রি দ্বারা সেই রায় বাতিল বা রহিত করা হয়নি। তাছাড়া সার্বিক বিবেচনায় অবসরের পর রায় লেখা অনৈতিক-অবৈধও বটে। কিন্তু, তারপরও বিচারপতিরা এটা মানছিলেন না। এতে নিয়ম-নীতি যেমন লঙ্ঘিত হচ্ছিলো, তেমনি সাধারণ বিচারপ্রার্থীরাও ভোগান্তির শিকার হচ্ছিলেন। অবশ্য, প্রধান বিচারপতির এ পদক্ষেপের কিছুটা বিরোধিতাও চলেছে, তবে তা শুধুমাত্র আইনাঙ্গনেই সীমাবদ্ধ। অন্য শ্রেণী-পেশাসহ সাধারণ সচেতন মানুষ প্রধান বিচারপতির এ সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন।

জানা গেছে, পুনঃশুনানির জন্য কার্যতালিকায় আনা এই ১৬৮টি মামলার মধ্যে ৭টি সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের এবং ১৬১টি আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের। মোজাম্মেল হোসেন প্রধান বিচারপতি পদ থেকে অবসরে গেছেন ১৫ মাস আগে, শামসুদ্দিন মানিকও অবসরের পর ইতিমধ্যে সাত মাস অতিক্রম হয়েছে। গত বছরের ১ অক্টোবর শামসুদ্দিন মানিক যখন অবসরে যান তার কাছে এই ১৬১টি মামলার রায় লেখা বাকি ছিলো। মামলাগুলোর শুনানি শেষ হয়ে মৌখিক রায়ও হয়ে গিয়েছিলো তিনি পদে থাকাকালে। কিন্তু রায় লেখেননি। অবসরে যাওয়ার পর রায় লেখা নিয়ে বিতর্ক দেখা দেয়, যখন প্রধান বিচারপতি ঘোষণা দেন, ‘অবসরের পর রায় লেখা আইন ও সংবিধান পরিপন্থী’।

প্রধান বিচারপতি হিসেবে এসকে সিনহার এক বছর পূর্তিতে গত ১৭ জানুয়ারি তিনি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেয়া এক বানীতে উল্লেখ করেন, “কোনো কোনো বিচারপতি রায় লিখতে অস্বাভাবিক বিলম্ব করেন। আবার কেউ কেউ অবসর গ্রহণের দীর্ঘদিন পর পর্যন্ত রায় লেখা অব্যাহত রাখেন, যা আইন ও সংবিধান পরিপন্থী।”

বাংলাদেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে এসকে সিনহা শপথ নেন ২০১৫ সালের ১৭ জানুয়ারি। চার পৃষ্ঠার বাণীতে এক বছরের দায়িত্ব পালনের নানা দিক তুলে ধরেন তিনি।

অবসরের পর রায় লেখা বেআইনী ব্যাখ্যায় তিনি বলেন, “কোনো বিচারপতি অবসরগ্রহণের পর তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে গণ্য হন বিধায় তার গৃহীত শপথও বহাল থাকে না।”

প্রধান বিচারপতি আরো উল্লেখ করেন, “আদালতের নথি সরকারি দলিল। একজন বিচারপতি অবসর গ্রহণের পর আদালতের নথি নিজের নিকট সংরক্ষণ, পর্যালোচনা বা রায় প্রস্তুত করা এবং তাতে দস্তখত করার অধিকার হারান।”

অবসরের পর রায় লেখা যাবে কি যাবে না এ বিতর্কের মধ্যে গত ৮ ফেব্রুয়ারি বিচারপতি শামসুদ্দিন মানিক সাংবাদিকদের জানান, তার হাতে লেখা ৬৫টি মামলার রায় ও আদেশসহ সংশ্লিষ্ট মামলার নথি গ্রহণ করেছেন আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী। বাকি মামলাগুলোর রায় ও আদেশ তিনি শিগগিরই জমা দেবেন। কিন্তু, বাকি মামলাগুলোর রায় জমা দেয়া নিয়ে তিনি আবারো টালবাহানা শুরু করেন। সমালোচনার মুখে এক পর্যায়ে শামসুদ্দিন দাবি করেন, তিনি রায় জমা দিতে গিয়েছিলেন, আদালত নেননি। প্রধান বিচারপতিকে তিনি এজন্য দায়ী করেন। দেখা গেলো, ওই পর্যন্ত সব রায় লেখা তার শেষ হয়নি।

পদে বহাল থাকাকালে ৬ মাসের বাধ্যবাধকতা

বিচারপতি পদে বহাল থাকাকালে কতদিনের মধ্যে রায় লিখতে হবে, সে বিষয়েও সম্প্রতি একটি আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগ। পেশাগত অসদাচরণের কারণে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি সৈয়দ শাহিদুর রহমানকে অপসারণ সংক্রান্ত আপিল বিভাগের একটি রায় গত মাসের প্রথমদিকে সুপ্রিমকোর্টের ওয়েব সাইটে প্রকাশিত হয়। এই রায়ের শেষাংশে বিচারকদের আচরণবিধি সম্পর্কিত দেয়া নির্দেশনায় লিখিত রায় প্রকাশের জন্য সর্বোচ্চ ৬ মাসের সময়সীমা বেঁধে দেয়া হয়।

উল্লেখ্য, সৈয়দ শাহিদুর রহমানকে বিচারপতি পদ থেকে অপসারণের বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এক আইনজীবী ইতিপূর্বে আপিল করেছিলেন। সেই আপিল মঞ্জুর করে গত বছরের ১৬ সেপ্টেম্বর আপিল বিভাগ রায় ঘোষণা করেন। রায়ে শাহিদুর রহমানের অপসারণ বহাল রাখা হয়। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়টি সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে প্রকাশিত হয় এপ্রিলের শুরুতে। ওই রায়ের শেষদিকে বিচারকদের আচরণবিধি সম্পর্কে মোট ৪০ দফার নির্দেশনা দেয়া হয়। ৬ষ্ঠ দফার নির্দেশনায় বলা হয়, “একজন বিচারক আদালতের বিচারকাজ দ্রুত শেষ করবেন; রায় বা আদেশ প্রদানে অযথা বিলম্ব পরিহার করবেন। ব্যতিক্রমী মামলার ক্ষেত্রেও রায় ঘোষণার ৬ মাসের বেশি নয়, এমন সময়ের মধ্যে সই করবেন।”

অবসরের পর রায় লেখার সময় পাবেন কি?

তবে ৬ মাসের এই সময়সীমা বিচারপতি পদে বহাল থাকা পর্যন্ত বলবৎ থাকবে। অর্থাৎ অবসর গ্রহণের আগ পর্যন্ত লিখিত রায় প্রকাশের জন্য সর্বোচ্চ ৬ মাস সময় পাবেন। অবসরের পর রায় লেখার জন্য তিনি মোটেই সময় পাবেন না। পদে থাকাকালেই তাকে সব রায় লেখা এবং প্রকাশ করা সম্পন্ন করতে হবে। কারণ, অবসরের পর তিনি আর বিচারপতি নন। সংবিধানে সুষ্পষ্টভাবে বলা আছে, প্রকাশ্য আদালতে রায় ঘোষণা করতে হবে। যেহেতু অবসরের পর বিচারপতির চেয়ারে বসার সুযোগ নেই, তাই তার রায় ঘোষণাও সম্ভব নয়। তাছাড়া যে শপথের বলে বিচারপতি হিসেবে কাজ শুরু করেন, পদত্যাগ বা অবসরের পর তা আর থাকে না। তিনি তখন অন্যদের মতো সাধারণ নাগরিকে পরিণত হন। এ সময় আদালতের কোনো নথিও তার কাছে রাখার সুযোগ নেই। এসব কারণে বিচারক পদ থেকে অবসরের সঙ্গে সঙ্গেই রায় লেখার অধিকার হারান।

অবসরের পর লেখা যাবে না সম্পর্কিত আদালতের রায়

এখন থেকে ৫২ বছর আগে ১৯৬৪ সালে কাজী মেহারদিন বনাম মুরাদ বেগম মামলায় ‘অবসরের পর রায় লেখা’ বিষয়ে এক বিতর্ক তৈরি হয়েছিলো। অবসরের পর হাইকোর্টের একজন বিচারক একটি রায় লেখেন এবং তাতে স্বাক্ষর করেন। এর বৈধতা চ্যালেঞ্জ করলে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি এ আর কর্নেলিয়াসের নেতৃত্বে পাঁচজন বিচারক এ সম্পর্কে রায় দেন। রায়ে বলা হয়, ‘অবসর পরবর্তী সময় কোনো বিচারপতির লিখিত ও স্বাক্ষরযুক্ত রায় কোনো রায় নয়।’

পরবর্তীতে অন্য কোনো রায় বা আদেশ-নির্দেশ দ্বারা এই রায়কে রহিত করা হয়নি। পাকিস্তান আমলের অনেক আইন-কানুন এবং উচ্চ আদালতের দেয়া রায়ের কার্যকারিতা স্বাধীন বাংলাদেশেও বহাল ছিলো এবং এখনো কোনো কোনো ক্ষেত্রে আছে। সেই হিসেবে ১৯৬৪ সালের আইনের কার্যকারিতা এখনো বহাল আছে। অথচ দেখা যাচ্ছে, বিচারকরা অবসরের পর হরহামেশাই রায় লিখছেন। আদালতের সেই রায় লঙ্ঘন করছেন।

বাংলাদেশের সংবিধানের ১১১ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে,“আপিল বিভাগ কর্তৃক ঘোষিত আইন হাইকোর্ট বিভাগের জন্য এবং সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগ কর্তৃক ঘোষিত আইন অধস্তন সকল আদালতের জন্য অবশ্য পালনীয় হইবে।”

অর্থাৎ সুপ্রিম কোর্টের সকল আদেশ, নির্দেশ, রায় বা ডিক্রি মেনে চলা সকল আদালতের বিচারকদের জন্য বাধ্যতামূলক।

পারবেন তো?

বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ১৬১টি মামলাই পুনঃশুনানির জন্য কার্যতালিকায় তোলা হয়েছে। এর অর্থ দাঁড়াচ্ছে, প্রধান বিচারপতি এসকে সিনহা অবসরে গিয়ে লেখা বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর কোনো রায়ই গ্রহণ করেননি। সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে দেয়া ‘অবসরের পর রায় লেখা আইন ও সংবিধান পরিপন্থী’ বক্তব্যের ধারাবাহিকতায় প্রধান বিচারপতি এসকে সিনহা গত জানুয়ারিতে সিলেট সফরে এক আলোচনা সভায় বলেছিলেন, “অবসরে যাওয়ার পর আমি কোনো পাবলিক ডকুমেন্টে হাত দিতে দেবো না। অবসরে যাওয়ার পর বিচারকের রায় লেখার জন্য কেন ব্যক্তিগত ইন্টারেস্ট থাকবে? এটা কোর্ট দেখবে। এখানে একটা ভুল নীতি চলে আসছে। আমি ভুল করতে দেবো না। আমাদের সংশোধন হতে হবে।” দেখা যাচ্ছে, প্রধান বিচারপতি তার সেই বক্তব্যই এখন বাস্তবায়ন করতে যাচ্ছেন।

এখন প্রশ্ন হলো, প্রধান বিচারপতি এই নীতি বাস্তবায়ন করতে সফল হবেন আদৌ কী? কারণ, আগেই বলা হয়েছে, আইনাঙ্গনের কতিপয় ব্যক্তি প্রধান বিচারপতির এমন পদক্ষেপের বিরোধিতা করছেন, বিশেষ করে এসব বিষয়ে যাদের ব্যক্তিস্বার্থ জড়িত রয়েছে। তবে সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমীন চৌধুরীসহ অনেকে এ পদক্ষেপের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন।