শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাছের ব্যবসায় নেমেছে আইএস ভূখণ্ড হারিয়ে 

 

আন্তর্জাতিক ডেস্ক : দিন দিন একের পর এক ভূখণ্ড হারাচ্ছে জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস)। সর্বশেষ তথ্য অনুসারে, নিজেদের ‘খেলাফত’ রাজ্যের ২২ ভূমি শতাংশ হারিয়েছে তারা। ভূখণ্ড হারানোর সঙ্গে সঙ্গে আয়ও কমতে শুরু করেছে জঙ্গি এই সংগঠনটির। আর এই ক্ষতি পুষিয়ে নিতে এখন মাছের ব্যবসা এবং গাড়ির ডিলারশিপ শুরু করেছে আইএস।

2016_04_29_15_10_32_D7Os3qI80EBDkxa5xVEYcAjhAoZJmr_original

ইরাক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিজেদের ভূখণ্ড থেকে বিতারিত হয়ে সৈন্যদের বেতন পরিশোধে এবং দলের অন্যান্য খরচ মেটাতে আইএস এখন অপ্রচলিত ব্যবসার দিকে ঝুঁকছে। নিরাপত্তা বিশ্লেষকদের হিসেব মতে, ২০১৪ সালে আইএস যখন খেলাফত রাজ্য ঘোষণা করে তখন তাদের বাৎসরিক আয় ছিল ২.৯ বিলিয়ন মার্কিন ডলার।

 

চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস’র গবেষণায় উঠে আসে, আইএসের ২২ শতাংশ ভূখণ্ড হারানোর কথা। ওই গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়, তুরস্ক এবং সিরিয়া সীমান্তে একটি উল্লেখযোগ্য ভূখণ্ড হারানোর পর আইএসের আয় কমে গেছে ৪০ শতাংশ, যার বেশিরভাগই আসতো তেল বিক্রি থেকে।ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়, আইএস তাদের রাজত্বের শীর্ষ সময়ে ইরাকের মোট ভূখণ্ডের তিন ভাগের একভাগ এলাকাই নিয়ন্ত্রণ করতো। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের নিয়ন্ত্রণও ছিল আইএসের হাতে। এছাড়া সিরিয়ার বিশাল সোয়াত অঞ্চলের নিয়ন্ত্রণও করতো তারা। এসব স্থানের তেল এবং গ্যাস থেকেই আসতো দলটির আয়ের বৃহত্তর অংশ।

 

তবে বারবার রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিমান হামলায় অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ে আইএসের। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ আইএসকে মসুল থেকে সম্পূর্ণ বিতারিত করা সম্ভব হবে বলে তার বিশ্বাস।রয়টার্স জানায়, ক্ষতি পুষিয়ে নিতে আইএস এখন নতুন নতুন ব্যবসার সন্ধান করছে। আয়ের উৎস সৃষ্টিতে চাষাবাদসহ আরো অন্যান্য কাজের উদ্যোগ নিচ্ছে তারা। আয়ের উৎস হিসেবে মূলত ২০০৭ সালের শুরুর দিকেই মাছের ব্যবসা শুরু করে আল কায়েদার উত্তরসূরি আইএস। তবে চলতি বছরের শুরুর দিকে মার্কিন কর্তৃপক্ষ তাদের আয়ের উৎস খুঁজে বের করতে সক্ষম হয়েছে।

 

ইরাকের বিচার বিভাগের করা ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়, বাগদাদের উত্তরাঞ্চলে মাছ চাষ আইএসের আয়ের একটি প্রধান উৎসে পরিণত হয়েছে। এর মাধ্যমে প্রতি মাসে মিলিয়ন মিলিয়ন ডলার আয় করছে তারা। স্থানীয় মৎস্য চাষীদের অনেকের হয় তাদের খামার ছেড়ে দিতে হচ্ছে অথবা নির্যাতন এড়াতে আইএসের সঙ্গে মিলে ব্যবসা চালাতে হচ্ছে।