এক মাসে ১০ খুন রাজশাহীতে
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী নগরী ও জেলার কয়েকটি উপজেলায় খুনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। একের পর এক খুনের ঘটনা ঘটলেও এর সঙ্গে সম্পৃক্তরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। খুনের ঘটনায় ব্যবহার করা হচ্ছে দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র।খুন করা হচ্ছে প্রকাশ্যে অত্যন্ত নৃশংসভাবে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির ঘটেছে অবনতি। এমনকি আইনশৃঙ্খলা পরিস্থিতি আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর নিয়ন্ত্রণের বাইরে বলেও কোনো কোনো মহল থেকে প্রশ্ন উঠেছে। এসব কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এক মাসে নগরী ও জেলায় খুন হয়েছেন ১০ জন। অথচ এসব খুনের তদন্তে নেই অগ্রগতি।

তবে আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের দাবি, খুনের ঘটনার সঙ্গে সম্পৃক্তদের আটকের চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে অনেককে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা তৎপর রয়েছেন।অনুসন্ধানে জানা গেছে, গত ২৬ মার্চ জেলার দুর্গাপুর উপজেলার আমগ্রাম থেকে প্রেমিক যুগলের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে প্রেমিক খোকনের (২৩) পরিবারের সদস্যদের দাবি, পরকীয়া প্রেমের কারণে তাদের সুপরিকল্পিতভাবে হত্যা করে লাশ গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। কিন্তু পুলিশ তাদের এই দাবিকে গুরুত্বই দেয়নি।
এ ঘটনায় থানায় হত্যামামলাও দায়ের করেনি পুলিশ। সে সময় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হলেও এখনো পর্যন্ত তদন্তে জোড়া লাশ উদ্ধারের কোনো কিনারা করতে পারেনি পুলিশ।জানতে চাইলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার চক্রবর্তী বলেন, আমরা তদন্ত করে কিছু পাইনি। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। আমরা ময়নাতদন্তের প্রতিবেদনের দিকে তাকিয়ে আছি। ময়নাতদন্তে পরিকল্পিতভাবে হত্যার প্রমাণ করা হলে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে।
এদিকে দুর্গাপুরে জোড়া লাশ উদ্ধারের রেশ কাটতে না কাটতেই এর মাত্র তিন দিনের মাথায় উপজেলার পানানগর গ্রামে নাসির প্রমাণিক (২৪) নামে এক কাপড় ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে পুলিশ আটক করলেও ওই হত্যাকা-ের পেছনে কি কারণ ছিল, অথবা আরো কেউ এ হত্যাকা-ে জড়িত ছিল কিনা তা উদ্ধার করতে পারেনি পুলিশ। এমনকি আটককৃতরা এ ব্যাপারে কোনো স্বীকারোক্তিও দেননি।গত ১ এপ্রিল নগরীর রাজপাড়া থানাধীন চান্না সাঁকো নামক এলাকায় একটি ব্রিজের নিচের ড্রেন থেকে রাসেল আলী (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। রাসেলের পরিবারের সদস্যদের দাবি, পারিবারিক কলহের জের ধরে রাসেলকে তার স্ত্রী শরীফা এবং তার আগের পক্ষের স্বামীর ছেলেরা হত্যা করেছে। হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে তারা লাশ ড্রেনে ফেলে রেখে যায়।
তারা আরো দাবি করেন, লাশ উদ্ধারের আগের দিন বিকেলেও রাসেল তার মামাতো বোন ইতির কাছে নিজ স্ত্রী শরীফা এবং তার প্রথম স্বামীর ছেলেরা তাকে হত্যার পরিকল্পনা করছে বলে জানিয়েছিলেন। এ সময় রাসেল কোনো ভুলত্রুটি করে থাকলে ইতিকে মাফ করে দিতেও অনুরোধ করেন। এর পরদিন সকালেই তার লাশ উদ্ধার করা হয়।৯ এপ্রিল রাজশাহীর বাগমারা উপজেলার সাঁইধারা গ্রামে পূর্ব বিরোধের জেরে চাচার হাতে রহিদুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তি খুন হন। এরপর ১৭ এপ্রিল সকালে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ বায়া ভোলাবাড়ি এলাকায় নিজ স্ত্রীকে প্রকাশ্যে দিনেদুপুরে জবাই করে হত্যা করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন আইনাল হক নামে এক পাষ-। সচেতন মহল মনে করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণেই আইনাল হক স্ত্রীকে প্রকাশ্যে হত্যার পর আত্মসমর্পণ করার মতো দুঃসাহস দেখাতে পেরেছেন।
এসব ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ২২ এপ্রিল রাজশাহী মহানগরীর হোটেল নাইস ইন্টারন্যাশনাল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। হোটেল কক্ষে প্রেমিকা সুমাইয়া নাসরিনকে হত্যার পর প্রেমিক মিজানুর রহমান আত্মহত্যা করেছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হলেও ঘটনাটি নিয়ে ধু¤্রজালের সৃষ্টি হয়েছে।কেননা ওই দিন মিজানুর রহমানের লাশ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হলেও তার দুই হাত বাঁধা ছিল ওড়না দিয়ে। এ ছাড়া ঝুলন্ত অবস্থায় তার পরনের প্যান্ট খুলে আটকে ছিল পায়ের গোড়ালির কাছে।
তাই প্রশ্ন উঠেছে, হাত বাঁধা অবস্থায় কেউ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা পারেন কিনা। আবার আত্মহত্যা করলেও মিজান অর্ধনগ্ন অবস্থাতেই বা কেন করলেন। এসব প্রশ্নের কোনো উত্তর দিতে পারছে না পুলিশ।জোড়া লাশ উদ্ধারের ঘটনায় নিহত সুমাইয়া নাসরিনের বাবা ডিবি পুলিশের উপপরিদর্শক আবদুল করিম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলেও এ মামলারও কোনো কিনারা করতে পারছে না পুলিশ।
ওই দিন ঘটনাটি সারাদেশে আলোড়ন তোলে। কিন্তু পরদিন সকালেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিমকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার পরপরই পাল্টে যায় আলোচনার বিষয়বস্তু।এদিন সকালে কয়েকজন দুর্বৃত্ত অধ্যাপক রেজাউল করিমকে তার শালবাগানের বাড়ির মাত্র ১০০ গজ দূরে একটি গলির ভেতর কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। এ ঘটনায় সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে। বিশ্ব মিডিয়ায় স্থান পায় অধ্যাপক সিদ্দিকী হত্যার খবর। আর শিক্ষার্থী ও শিক্ষকদের আন্দোলনে প্রায় অচল হয়ে পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।
এতো লাশের পরেও রাজশাহীতে থামেনি গত রোববার বিকেলে নিজ চেম্বারে গুলি করে হত্যা করা হয়েছে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক জিয়াউল হক টুকুকে। নগর ভবনের সামনে টুকুর নিজ ব্যবসায়িক চেম্বারে তারই কয়েকজন বন্ধু তাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করেছেন বলে দাবি করছেন নিহতের পরিবারের সদস্যরা। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।তবে পুলিশের বক্তব্য, নাড়াচাড়ার সময় অসাবধানতাবশত হয়তো টুকুর নিজের অথবা তার বন্ধুর হাতে থাকা রিভলবার থেকে গুলি বের হয়ে টুকুর মৃত্যু হয়। ঘটনাটিকে নিছক ‘দুর্ঘটনা’ বলেই চালিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।
এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষে আহত এক ব্যক্তি গত সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জেলার গোদাগাড়ী উপজেলার পিরিজপুর বাগানপাড়া গ্রামের মিনারুল ইসলাম নামের ওই ব্যক্তিকে আগের দিন সকালে পিটিয়ে আহত করেছিল প্রতিপক্ষরা। এ ঘটনায় এক দম্পতিকে আটক করেছে পুলিশ।এসব ব্যাপারে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, রাজশাহীর সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমাদেরও মনে হচ্ছে আমরা আমাদের বাসা-বাড়ি, অফিস-আদালতে, ব্যবসা-প্রতিষ্ঠানে নিরাপদ না।
এ ব্যাপারে আমরা আনুষ্ঠানিকভাবেই সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন। আমাদের আগামী মাসের ১ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। আমরা অপেক্ষা করছি। এই সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে আমরা রাস্তায় নামব। সদর আসনের সংসদ সদস্যও আমাদের সঙ্গে থাকবেন।এদিকে গত সোমবার সংবাদ সম্মেলন করে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ও ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বাদশা বলেন, রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সম্পূর্ণরুপে ব্যর্থ হয়েছে। একের পর এক খুন আতঙ্কিত করে তুলেছে নগরবাসীকে।মূলত ফজলে হোসেন বাদশার এই বক্তব্যর পরই গুঞ্জন ছড়িয়ে পড়ে, রাজশাহীর পুলিশ-প্রশাসনে বড় ধরনের রদবদলের। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিষয়টি নিয়ে চিন্তিত। তারা মনে করছেন, বাদশার ওই বক্তব্য প্রশাসনে রদবদলের ইঙ্গিত।নাম প্রকাশে অনিচ্ছুক আরএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরাও তেমনটাই মনে করছি। এসব ঘটনাকে কেন্দ্র করে আরএমপির শীর্ষ পদে বড় ধরনের রদবদল হতে পারে।
রাজশাহীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. শামসুদ্দিন বলেন, রাজশাহীতে পর পর তিনদিন চারটি হত্যাকা-ের ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতিতে খুব বেশি প্রভাব ফেলেছে বলে আমি মনে করি না। তবে ড. সিদ্দিকী হত্যাকা-ের বিষয়টি একটু আলাদা। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। ইতিমধ্যেই সন্দেহভাজন দুজনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি।
আরএমপিতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা আছে কিনা, জানতে চাইলে আরএমপি কমিশনার বলেন, সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তিনি বলতেই পারেন। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তিনি কি বিষয়ে কথা বলতে চান, সেটিও আমি জানি না।
এদিকে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) নিশারুল আরিফ দাবি করেছেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। তিনি বলেন, সাম্প্রতিককালে কয়েকটি উপজেলায় যে কয়টি হত্যাকা-ের ঘটনা ঘটেছে, সেগুলোর প্রায় সবগুলোরই ‘ক্লু’ উদ্ধার করা সম্ভব হয়েছে। আমরা কয়েকজনকে আটকও করেছি। আশা করছি, অল্প সময়ের এসব হত্যাকা-ের সঙ্গে জড়িত অন্যদেরও আটক করা সম্ভব হবে।











