শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা মাহফুজুর রহমানকে ১১ মাসের বেতন ফেরত দিতে হবে

 

 
নিজস্ব প্রতিবেদক : জন্ম-তারিখ সংশোধন করে বয়স কমিয়ে ও চাকরির মেয়াদ বাড়িয়ে নেওয়া অতিরিক্ত ১১ মাসের বেতন ফেরত দিতে হবে বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা মাহফুজুর রহমানকে। বাংলাদেশ ব্যাংকের অডিট করে এমন রিপোর্ট দিয়েছে কমার্সিয়াল অডিট কমিটি। সূত্র জানিয়েছে, এছাড়া অবৈধভাবে তিনি আরো সাড়ে সাত লাখ টাকা নিয়েছেন বলে খুঁজে পেয়েছে অডিট কমিটি।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক থাকাকালে অতিরিক্ত ১১ মাসের বেতন বাবদ নেওয়া ৪ লাখ ৯২ হাজার টাকা ফেরত দিতে হবে মাহফুজুর রহমানকে। এছাড়াও গাড়ী রক্ষণাবেক্ষণ ও মেরামত বাবদ তিনি অবৈধভাবে আরো প্রায় সাড়ে ৭ লাখ টাকা নিয়েছেন বলে কমার্সিয়াল অডিট কমিটি খুঁজে পেয়েছে। এমন তথ্য জানিয়েছে দায়িত্বশীল এক সূত্র। বর্তমানে মাহফুজুর রহমান অবসরোত্তর (পিআরএল) ছুটিতে আছেন।

11120000_125610

 

রাষ্ট্রের সর্বোচ্চ অডিটকারি প্রতিষ্ঠান বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটার জেনারেল এর কার্যালয়। সরকারি সকল প্রতিষ্ঠানের অডিট করে প্রতিষ্ঠানটি। এজন্য সাংবিধানিক এ প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছে রষ্ট্রের পক্ষ থেকে। সে আলোকে বাংলাদেশ ব্যাংকের কমার্সিয়াল অডিট করেছে এ প্রতিষ্ঠান।সূত্রমতে অডিট কমিটি তাদের দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা মাহফুজুর রহমান নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বয়স কমিয়ে ও চাকরির মেয়াদ বাড়িয়ে তিনি ১১ মাসে ৪ লাখ ৯২ হাজার টাকা অতিরিক্ত নিয়েছেন। এ অর্থ ফেরত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে কমিটি।

 

 

চাকরিকালীন সময়ে মাহফুজুর রহমান তার জন্ম-তারিখ সংশোধন করেছেন, যা গ্রহণযোগ্য নয়। জন্ম-তারিখ সংশোধনের আবেদন অনুমোদন করেনি বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়। আর চাকরির মেয়াদ বাড়ানোর বিষয়টিও গ্রহণযোগ্য নয়। এজন্য নেওয়া ১১ মাসের বেতন ফেরত দিতে হবে রাষ্ট্রকে। এ বিষয়ে শীঘ্রই মাহফুজুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে চিঠি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশ ব্যাংককে বলা হয়েছে বলে জানা গেছে।

 

 

সূত্র জানিয়েছে, চাকরিকালীন বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মাহফুজুর রহমানকে সরকারের গৃহায়ন তহবিল ব্যবস্থাপনায় প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রকল্প পরিচালক হওয়ায় তার ব্যবহারের জন্য প্রকল্প থেকেই একটি গাড়ি দেওয়া হয়। তারপরও তিনি বাংলাদেশ ব্যাংকের গাড়ি ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও মেরামত বাবদ প্রতিমাসে ৪৫ হাজার করে টাকা নিয়েছেন। এভাবে প্রায় সাড়ে ৭ লাখ টাকাও তিনি অবৈধভাবে নিয়েছেন বলে কমার্সিয়াল প্রতিবেদনে বলা হয়েছে। এ টাকাও বাংলাদেশ ব্যাংককে ফেরত দিতে হবে বলে অডিট কমিটির রিপোর্টে বলা হয়েছে।

 

 

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ লুট হওয়ার ঘটনায় দুই ডিজিকে (ডেপুটি গভর্নর) অব্যাহতি দেওয়া হয়। শুন্যপদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ ও সার্চ কমিটি নিয়োগ দেয় অর্থ মন্ত্রণালয়। বর্তমানে ডিজি নিয়োগে সাক্ষাৎকার গ্রহণ করছে সার্চ কমিটি। ডিজি পদের জন্য বুধবার বাংলাদেশ ব্যাংকে সাক্ষাৎকার দিয়েছেন মাহফুজুর রহমান। তার এ সাক্ষাৎকার বাংলাদেশ ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। চাকরিকালীন তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগের তদন্ত করতে হয়েছে বাংলাদেশ ব্যাংককে। কিন্তু সকল প্রতিবেদন তার বিরুদ্ধে গেলেও কোন ব্যবস্থা নেয়নি কেন্দ্রীয় ব্যাংক।

 

 

১৯৮১ সালে বাংলাদেশ ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে যোগ দেন মাহফুজুর রহমান। এর আগে তিনি অগ্রণী ব্যাংকে ছিলেন। বাংলাদেশ ব্যাংকে চাকরি নেওয়ার সময়ে অগ্রণী ব্যাংকে চাকরি করার কথা গোপন করেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকে চাকরিকালীন সময়ে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগের তদন্ত করতে হয়েছে বাংলাদেশ ব্যাংককে। তকে একাধিকবার বদলী ও একবার সাসপেন্ড করা হয়েছিল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। বর্তমানে তিনি অবসরোত্তর (পিআরএল) ছুটিতে আছেন।

 

 

সূত্র জানিয়েছে, মাহফুজুর রহমান চাকরিতে যোগ দেয়ার সময় তার জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৫৬ উল্লেখ করেছিলেন। তার দেওয়া এসএসসি এবং সকল সার্টিফিকেটে জন্ম তারিখ ১ জানুয়ারি ১৯৫৬ দেওয়া ছিল। অগ্রণী ব্যাংকে দেওয়া তথ্যেও তার জন্ম তারিখ দেওয়া আছে ১ জানুয়ারি ১৯৫৬। ১৯৮২ সালের ৮ জুলাই প্রথম শ্রেণীর অফিসার পদে তার চাকরি স্থায়ী করা হয়। চাকরি করার ১৭ বছর পর ১৯৯৯ সালের ১৭ অক্টোবর তিনি তার এসএসসি পরীক্ষার মূল সনদের দ্বিতীয় অনুলিপি জমা দেন। এতে তার জন্ম তারিখ লেখা ছিল ১ নভেম্বর ১৯৫৬। জন্ম-তারিখ সংশোধন করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেন তিনি।

চাকরি স্থায়ী হওয়ার এত বছর পর জন্ম তারিখ সংশোধনের এ আবেদন কেন্দ্রীয় ব্যাংক পর্যালোচনা করে। বিষয়টি খতিয়ে দেখতে গঠন করা হয় কমিটি। এ সংক্রান্ত কমিটি মন্তব্য করে, এই আবেদন গ্রহণ করা হলে তা প্রশাসনিক ব্যবস্থায় বিশৃংখলা সৃষ্টি করবে-যা প্রশাসনিক দৃষ্টিকোণ হতে কাম্য নয়। এ কারণে তার আবেদনটি ২০০৩ সালের ৬ এপ্রিল নাকচ করে দেয়া হয়। পরে তিনি সেই বছরের ২১ অক্টোবর পুন:রায় একই আবেদন করেন। ১০ ডিসেম্বর সেটিও নাকচ করার কথা বলা হয় বাংলাদেশ ব্যাংকের করা কমিটির পক্ষ থেকে। কমিটির দেওয়া ওই রিপোর্টে আরও বলা হয়েছে, দীর্ঘ ৩১ বছর পর তার জন্ম-তারিখ সংশোধনের কি রহস্য তা তদন্ত করে দেখা দরকার।

এত বিতর্ক থাকার পরেও নির্বাহী পরিচালক হিসেবে মাহফুজুর রহমানের চাকরির মেয়াদ ১১ মাস বাড়িয়েছিল বাংলাদেশ ব্যাংক। তার জন্ম-তারিখ সংশোধনের বিষয়ে গঠিত তিনটি আলাদা কমিটির দেওয়া রিপোর্টকে পাশ কাটিয়ে তার মেয়াদ বাড়ায় বাংলাদেশ ব্যাংক। এতে নতুন করে বিতর্ক তৈরি হয়। তিনি বাংলাদেশ ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং, হিউম্যান রিসোর্স এবং ফরেক্স রিজার্ভ এন্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগসহ বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করেছেন।