হত্যার হুমকি পুলিশকে জানাতে ভয়ে ছিলেন তারা
নিজস্ব প্রতিবেদক : নিহত হওয়ার আগে জুলহাজ মান্নান ও মাহবুব তনয় ক্রমাগত হত্যার হুমকি পাচ্ছিলেন। কিন্তু পুলিশের কাছে সুরক্ষা চাইতেও তারা ভয় পাচ্ছিলেন। বৃটিশ দৈনিক দ্য টেলিগ্রাফে প্রকাশিত একটি প্রতিবেদনে তাদের ঘনিষ্ঠজনের বরাতে এ তথ্য দেয়া হয়েছে।খবরে বলা হয়েছে, মার্কিন সরকারের কর্মী ও বাংলাদেশের একমাত্র সমকামী অধিকার বিষয়ক ম্যাগাজিনের সম্পাদক জুলহাজ মান্নান ও মাহবুব তনয় হুমকির ঘটনাগুলো কর্তৃপক্ষকে জানাতে চাননি। কারণ, পুলিশের সাম্প্রতিক একটি ধরপাকড়ের দরুন তারা ভীত ছিলেন।

একটি কুরিয়ার কোম্পানির কর্মীর বেশ ধরে পাঁচ ঘাতক এসে এ দুই বন্ধুকে হত্যা করে। এ ঘাতকরা জোর করে মান্নানের ফ্ল্যাটে ঢুকে। এরপর ছুরি দিয়ে তাদের মাথায় আঘাত করে। আল-কায়েদার সহযোগী সংগঠন আনসার আল ইসলাম এ হত্যার দায় স্বীকার করে। বাংলাদেশে সমকামিতার প্রচারণা ও চর্চা করার অগ্রদূত হিসেবে মান্নান ও তনয়কে আখ্যায়িত করে আনসার আল ইসলাম। এর আগে নাস্তিক ব্লগার ও ধর্মনিরপেক্ষ অ্যাক্টিভিস্টদের ব্যাপারেও এ ধরনের দাবি করেছিল জঙ্গি সংগঠনটি।
খবরে বলা হয়, দ্য টেলিগ্রাফ জানতে পেরেছে যে, মান্নান কয়েকদিন আগেও বেশ কয়েকজনকে মৃত্যুর হুমকি সম্পর্কে জানিয়েছিলেন। তিনি নিজের ও অন্য সমকামী কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছিলেন। বাংলাদেশে বিদ্যমান ভীতির সংস্কৃতির কারণে নাম প্রকাশে রাজি হননি এক নারী অধিকার কর্মী। তিনি বলেন, ‘জুলহাজ আমাকে বলেছিল টেলিফোনে হুমকি পাওয়ার বিষয়টি। অন্য সমকামী ব্যক্তিরাও এ ধরনের হুমকি পাচ্ছিল। সে আরও বলেছিল যে, ভয়েস অব বাংলাদেশ নামে একটি ফেসবুক পেজ আছে। সেখান থেকেই ইসলামপন্থিরা অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে হুমকি দিত, একেবারে সরাসরি হুমকি। একপর্যায়ে জুলহাজ কৌতুক করে বলেছিল একদিন হয়তো তোমরা আমাকে গলাকাটা অবস্থায় পাবে।’
১৪ই এপ্রিল বাংলা নববর্ষ উদযাপনের অংশ হিসেবে এলজিবিটি প্রচারকর্মীরা একটি ‘রেইনবো র্যালি’ আয়োজন করে। ওই র্যালি বন্ধ করে দেয় পুলিশ। এ ঘটনার দুইদিন পর এই নারী অধিকারকর্মীর সঙ্গে সাক্ষাৎ হয় জুলহাজ মান্নানের। র্যালিটি আয়োজন করেছিল রূপবান নামে একটি এলজিবিটি ম্যাগাজিন। এ ম্যাগাজিনটি সম্পাদনায় সহযোগিতা করতেন জুলহাজ মান্নান। তিনি মার্কিন সরকারের একটি সাহায্য সংস্থায় কর্মরত ছিলেন। এছাড়া ঢাকাস্থ আমেরিকান দূতাবাসে আগে কাজ করেছিলেন তিনি।
পুলিশি বাধার পর রূপবান ওই সমাবেশ বাতিল করে। কিন্তু পুলিশ চার এলজিবিটি অ্যাক্টিভিস্টকে আটক করে। পরে এদেরকে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ। পরিবারকে জানানো হয় যে, তাদের ছেলে আসলে সমকামী। যদিও কিছু ক্ষেত্রে অনেক বাবা-মা তাদের ছেলের যৌনপ্রবৃত্তি সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না।
বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু দেশের জনসংখ্যার সিংহভাগ মুসলিম। সমকামী সম্পর্ক এখানে অবৈধ। অনেক সমকামী কর্মীকে নির্বাসনে যেতে বাধ্য করা হয়েছে।
ওই ছেলেদের আটকের পর তাদের সাহায্য করতে সারাদিন পুলিশ স্টেশনে ছিলেন জুলহাজ। ওই নারী অধিকার কর্মী বলেন, ‘সেদিনের সেই আটকের ঘটনার কারণে, জুলহাজ ও অন্য সমকামী কর্মীরা পুলিশের কাছে গিয়ে হত্যার হুমকি সম্পর্কে জানাতে অনিচ্ছুক ছিলেন। তারা হয়রানির শিকার হতে পারে বলে উদ্বিগ্ন ছিল।’
বাংলাদেশে জঙ্গিরা এ প্রথম এলজিবিটি কর্মীদের টার্গেট করলো। এ ডাবল-মার্ডারের ঘটনা সেই ইঙ্গিতই দেয়। ২০১৫ সালের ফেব্রুয়ারি থেকে, আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট গ্রুপগুলো ৬ নাস্তিক ব্লগার ও ধর্মনিরপেক্ষ কর্মীকে হত্যার দায় স্বীকার করেছে।
বাপ্পি নামে রূপবানের এক সদস্য দ্য টেলিগ্রাফকে জানান, এলজিবিটি অ্যাক্টিভিস্টরা পুলিশকে বিশ্বাস করেনি। তিনি বলেন, ‘আমরা পুলিশকে বিশ্বাস করি না। সাহায্য চাইলে কোনো উপকার হবে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। বাংলাদেশে সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ। আমরা বাড়তি হয়রানি এড়াতে পুলিশের কাছে যাই না। বেশির ভাগ এলজিবিটি কর্মীই এখন লোকচক্ষুর আড়ালে চলে গেছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলা বন্ধ করে দিয়েছি, ফোনও বন্ধ করে দিয়েছি। যেখানে আগে থাকতাম, সেখান থেকে অন্যত্র সরে গেছি। আমরা বেঁচে থাকতেই এসব করছি।’ বাপ্পি আরও বলেন, ‘এখন অনেকেই কোনো পশ্চিমা দেশে আশ্রয় প্রার্থনার পরিকল্পনা করছি। কিন্তু আপনি বাস্তবতা জানেন। হুমকির মুখে থাকা অনেক ব্লগারই আশ্রয় পাইনি। আমাদের আর কে সাহায্য করবে।’











