,

শেষ মুহূর্তে টাকার বিনিময়ে হচ্ছে বায়োমেট্রিক নিবন্ধন

18436নিউজ ডেস্ক : বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে অঘোষিত চাঁদাবাজি চলছে। নিবন্ধনের শেষ সময় যত ঘনিয়ে আসছে বিভিন্ন মোবাইল ফোন অপারেটর ও এজেন্টদের বিরুদ্ধে সিম নিবন্ধন করতে কথিত ‘বখশিশ’ এর নামে গ্রাহকদের কাছ থেকে নগদ টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকার কর্তৃক ঘোষিত বিনামূল্যের বায়োমেট্রিক নিবন্ধনের জন্য বখশিশের শুরুটা ১০ টাকাতে হলেও শেষ সময় যত এগিয়ে আসছে টাকার অংক এলাকাভেদে ২০, ৩০, ৪০ ও ৫০ টাকা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানি থেকে মোবাইল ফোনে যোগাযোগ করে নির্দিষ্ট সেন্টারে যাওয়ার তথ্য দেয়া হলেও অনেক পয়েন্টে গিয়ে গ্রাহকরা এজেন্টদের অনুপস্থিত পেয়ে ভোগান্তি পোহাচ্ছেন।

রাজধানীর মিরপুরের গৃহবধূ সালমা খাতুন জানান, তিনি বাসার কাছের একটি মোবাইল ফোন অপারেটরের দোকানে সিম রেজিস্ট্রেশন করতে গেলে নাম, মোবাইল নম্বর, ফটোগ্রাফ ও জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে ফরম পূরণ করে ২০ টাকা দাবি করেন। সরকার বিনামূল্যে সিম রেজিস্ট্রেশন করাচ্ছে, এ টাকা কিসের জানতে চাইলে ফরমপূরণকারী হেসে বলেন, ‘কষ্ট কইরা ফরম ফিলাপ করলাম, বখশিশ দেবেন না।’

বখশিশ নেয়ার পর তিনি বলেন, ‘আপা সিম রেজিস্ট্রেশন কইরা ভাল করতাছেন, নাইলে এই সিম ৪ হাজার টাকা খরচ কইরা কিনতে হইতো।’

রাজধানীর লালবাগের বাসিন্দা সাধারণ চাকবিজীবী সাদেক মিয়া মঙ্গলবার ভরদুপুরে নীলক্ষেত মার্কেটে বাংলা লিংক এর এজেন্ট এর দোকানে যান। সেখানে গিয়ে তিনি একটি বোর্ডে মঙ্গলবার সিম রেজিস্ট্রেশন বন্ধ লেখা দেখতে পান। তিনি অভিযোগ করেন ইতিপূর্বেও তিনি দুদিন সেখান থেকে ফেরত গেছেন।

একই অপারেটরের সিম নিবন্ধনের জন্য সকাল ১০টার পর হাতিরপুলের নাহার প্লাজা ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে গেলে জানানো হয় দুপুর ৩টার আগে সিম রেজিস্ট্রেশন সম্ভব না।

রাজধানীর বাড্ডা এলাকার হল্যান্ড সেন্টারের নিচে বায়োমেন্ট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে গিয়ে ২০ টাকা দেন ব্যবসায়ী সোহাগ। তিনি জাগো নিউজকে বলেন, ‘টাকা যাক সময়তো বাঁচলো। আর সিম বন্ধ হলে বিপদে পড়তে হবে।’

এদিকে একই হোসেন মার্কেটের একজন এজেন্ট নাম প্রকাশ না করার শর্তে এদিন সন্ধ্যায় জানান, আমরাও বিপাকে পড়েছি। এই মুহূর্তে ফ্লেক্সিলোড করলে টাকা পেতাম। তবে বিনা পয়সায় নিবন্ধন করে বরং আমাদের লোকসানই হচ্ছে।

এ প্রসঙ্গে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী ফারিন ক্ষোভ প্রকাশ করে বলেন, টাকা দিয়ে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। তাই ভাবছি বায়োমেট্রিক রেজিস্ট্রেশনই করবো না। সিম বন্ধ হলে হোক।

বিটিআরসির চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ এ প্রসঙ্গে বলেন, টাকা নিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন অযৌক্তিক। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদের জানান আমরা সংশ্লিষ্ট অপারেটর ও তাদের এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে