শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে আওয়ামী লীগ প্রার্থী আলোচনাতে মুখর

Up Electionইউনিয়নের নাম নোয়াগাঁও। সরাইলের এই ইউনিয়নটিতে আওয়ামী লীগ প্রার্থীর অবস্থান হয়েছে ৬ নম্বর। প্রার্থী শেখ মুছলেহ উদ্দিন হেলাল একজন মন্ত্রীর আত্মীয়। সে বিবেচনায় মনোনয়ন দেয়া হয়েছিলো তাকে। সরাইল সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী হয়েছেন ৫ নম্বর। আরো একাধিক ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর অবস্থান হয়েছে তৃতীয়। মোট কথা মান বাঁচেনি আওয়ামী লীগের সরাইলে। ভুল মনোনয়নে হয়েছে ভরাডুবি। মন্ত্রী-নেতাদের আত্মীয়, গ্রুপিং বিবেচনায় প্রার্থী মনোনয়ন কাল হয়েছে এখানে সরকারি দলের। সর্বোপরি বেশ কয়েকটি ইউনিয়নে অযোগ্যদের মনোনয়ন দেয়ার অভিযোগ রয়েছে। শনিবারের ভোটে ৩টি ইউনিয়নে জয় মিলেছে দলের প্রার্থীদের। এর মধ্যে দুটিতে সিল মেরে বিজয় নিশ্চিত করার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের ফলাফল আলোচনাতেই মুখর এখন সরাইল। আর এ আলোচনার শীর্ষে মন্ত্রীর আত্মীয় আওয়ামী লীগ প্রার্থী শেখ মুছলেহ উদ্দিন হেলাল। নোয়াগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বী ছিলেন ৯ জন। এরমধ্যে আওয়ামী লীগ প্রার্থী হয়েছেন ৬ নম্বর। এখানে বিজয়ী হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীকের কাজল চৌধুরী। ১৬৮৮ ভোট পেয়ে ৬ষ্ঠ আওয়ামী লীগ প্রার্থী শেখ মুসলেহ উদ্দিন হেলাল মনোনয়নের পরই আলোচনায় আসেন। নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হামিদুল হক বলেন- খাদ্যমন্ত্রীর অনুরোধে এখানে প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে। অথচ আমরা ১৫/১৬ বছর ধরে এলাকার মানুষের জন্য কাজ করছি। কিন্তু মনোনয়ন দেয়া হলো আত্মীয়তার গুরুত্বে। যাকে নমিনেশন দেয়া হয়েছে সে নৌকার কলঙ্ক করেছে। যারা তাকে নমিনেশন দিয়েছে এই কলঙ্কের দায় তাদেরই। তিনি জানান, মুসলেহ উদ্দিন জেলা শহরের মুন্সেফ পাড়ার ভোটার ছিলেন। মনোনয়ন পাবেন এটা নিশ্চিত হওয়ার পরই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তার ভোট স্থানান্তর করেন। তার ভোটার নম্বর ১২১৩। প্রার্থী শেখ মুসলেহ উদ্দিন হেলালও স্বীকার করেছেন এই ফলাফলে কলঙ্ক হয়েছে।  স্বাধীনতার পর যেসব কেন্দ্রে নৌকা হারেনি এবার সেসব কেন্দ্রেও হেরেছে। আইড়ল কেন্দ্রে আওয়ামী লীগ পেয়েছে ২৩ ভোট, কাটানিসার কেন্দ্রে ১২৩, আঁখিতাড়ার দুটি কেন্দ্রে ৪৮ ও ৭৫ ভোট পেয়েছে নৌকা মার্কা। ভোটের এমন রেকর্ড ১৯৭১ সালের পর হয়নি বলে জানান তিনি। মুসলেহ উদ্দিন বলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ আমার বিরুদ্ধে কাজ করেছে। প্রশাসনও ছিলো আমার বিরুদ্ধে। খাদ্যমন্ত্রী তার কোনো আত্মীয় হন না জানিয়ে বলেন- এসব বিভ্রান্তিকর কথা বলেই আমাকে শেষ করে দেয়া হয়েছে। সরাইল সদর ইউনিয়নে গ্রুপিংয়ের ভাগাভাগিতে আওয়ামী লীগের মনোনয়ন পান মো. জয়নাল উদ্দিন। ১০ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে তিনি হয়েছেন ৫ নম্বর। ভোট পেয়েছেন ২৩৭৮। এখানে ৫০৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল জব্বার। আওয়ামী লীগ প্রার্থী জয়নালের নিজ গ্রামে একাধিক প্রার্থী থাকায় তার অঞ্চলভিত্তিক ভোটও ভাগ হয়ে যায়। অরুয়াইল ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রহমান হয়েছেন তৃতীয়। তিনি পেয়েছেন ২৭৫০ ভোট। এখানে ৬৮৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোশাররফ হোসেন ভূঁইয়া। শাহজাদাপুর ইউনিয়নে জয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম খোকন। বর্তমান চেয়ারম্যান খোকনকে বাদ দিয়ে এই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুজ্জামানকে। শহিদুজ্জামান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হলেও দলের কর্মকাণ্ডে তার নিষ্ক্রিয়তার অভিযোগ রয়েছে। তারপরও মনোনয়ন দেয়া হয় তাকে। শাহবাজপুর ইউনিয়নেও হেরেছে আওয়ামী লীগ। এখানে চমক দেখিয়েছেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাজ্জিকে। তিনি হারিয়ে দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী খায়রুল হুদা চৌধুরী বাদলকে।  আওয়ামী লীগ প্রার্থী খায়রুল হুদা চৌধুরী বলেন- ভোট ছাপিয়ে তার বিজয় কেড়ে নেয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর লোকজন এই ভোট ছাপিয়েছে। আর কেন্দ্র দখলের দুর্নাম রটিয়েছে তার বিরুদ্ধে। তিনি বলেন- আমি রাজামারিয়া কেন্দ্রে গিয়ে দেখেছি প্রকাশ্যে আনারস প্রতীকে সিল মারা হচ্ছে। আমি ঐ কেন্দ্রে গেছি খবর পেয়ে স্বতন্ত্র প্রার্থী রাজ্জি সেখানে গিয়ে অপ্রীতিকর ঘটনার জন্ম দেয়। উপজেলা আওয়ামী লীগ নেতা একেএম বাবুল হক বলেন-ঐ কেন্দ্রে দুই মেম্বার প্রার্থী আলী হায়দার ও এলায়েক মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। শহর থেকে এলায়েক মিয়ার আত্মীয়স্বজন যারা এসেছিলো তারা তখন সংঘর্ষে জড়ায়। কিন্তু প্রচার করা হয় আওয়ামী লীগ প্রার্থী নাকি বাইরে থেকে সন্ত্রাসী এনেছে। তখন আওয়ামী লীগ ঠেকাও, গুণ্ডা ঠেকাও বলে আওয়াজ ওঠানো হয়। যাতে আমাদের সর্বনাশ হয়। অথচ সরাইল উপজেলার মধ্যে আওয়ামী লীগের সবচেয়ে পারফেক্ট প্রার্থী ছিলো শাহবাজপুরে।
পানিশ্বর ইউনিয়নে জয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. দ্বীন ইসলাম। মোট কাস্ট হওয়া ১৭৯১৩ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ৯২৩০ ভোট। এই ইউনিয়নে নৌকার ভোট প্রকাশ্যে নেয়ার অভিযোগ রয়েছে। দ্বীন ইসলামকে মনোনয়ন দেয়ায় বিদ্রোহী হয়ে নির্বাচনে দাঁড়ান মুক্তিযোদ্ধা নূরুল হক। নির্বাচনের ৫/৬ দিন আগে তাকে ম্যানেজ করে বসিয়ে দেয়া হয়। এখানে দ্বিতীয় হয়েছেন বিএনপি প্রার্থী এইচএম মাজহারুল ইসলাম। তিনি পেয়েছেন ২০২৫ ভোট। চুণ্টা ইউনিয়নে  ভোটের শুরুতেই একটি কেন্দ্র দখল করে নেন আওয়ামী লীগ প্রার্থী ও তার সমর্থকরা। আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান মিয়া দলবল নিয়ে এসি একাডেমি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বিভিন্ন বুথে ঢুকে ব্যালটে সিল মারেন। ভোটের দিন ব্যালটে  সিল মারার ছবি তুলতে গিয়ে শাহজাহানের নির্দেশে এই কেন্দ্রে হামলার শিকার হন ৩ সাংবাদিক। এ ঘটনায় রোববার রাতে শাহজাহানকে প্রধান আসামি করে সরাইল থানায় একটি মামলা দেয়া হয়েছে। কালীকচ্ছ ইউনিয়নে জয় পেয়েছে জাতীয় পার্টির প্রার্থী মো. শরাফত আলী। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আবু মুছা মৃধা।
পাকশিমুল ইউনিয়নে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সাইফুল ইসলাম। তিনি পেয়েছেন ৪৪৪৭ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী কাউসার হোসেন পেয়েছেন ৩৪৩৭ ভোট। এখানে ৩২২৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন জাপার মো. আবদুল্লাহ ভূঁইয়া। বিএনপি প্রার্থী মো. সফর আলী পেয়েছেন ৪৮৪ ভোট।
ইউপি নির্বাচনে সরাইলে আওয়ামী লীগের ফলাফল এমন হবে সেটা নিশ্চিত ছিলেন দলের নেতাকর্মীরা। চুণ্টা ইউনিয়ন যুবলীগ সভাপতি মনিরুল হক বলেন- জনমত যাদের পক্ষে ছিলো নমিনেশন তাদের দেয়া হয়নি। তারপরও ভাগ্য ভালো ২/১ টিতে আওয়ামী লীগ জিতেছে। যেরকম নমিনেশন দেয়া হয়েছে তাতে একটি পাওয়ার আশাও ছিলো না। যাদেরকে নমিনেশন দেয়া হয়েছে তারা শুধু সিল মারার চিন্তা মাথায় নিয়ে ঘুরেছেন। জনগণের কাছে যাননি। সে জন্য এই উপজেলায় নৌকার ভরাডুবি হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেছেন- মনোনয়ন সরাইলের লোকজনই দিয়েছে। জেলা আওয়ামী লীগ শুধু তদারকি করেছ্‌ে। তবে মনোনয়নে কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়েছে অন্য জায়গায়। আওয়ামী লীগের প্রার্থীরা কোথাও মাথা তুলে দাঁড়াতে পারেনি। শাহবাজপুরে আওয়ামী লীগ প্রার্থীকে ২ ঘণ্টা বন্দি করে রাখা হয়। র‌্যাব-বিজিবি গিয়ে তাকে উদ্ধার করে আনে। তিনি বলেন- মন্ত্রী-নেতার আত্মীয় বিবেচনায় কাউকে মনোনয়ন দেয়া হয়নি। যে প্রার্থীকে মন্ত্রীর আত্মীয় বলা হচ্ছে সে আসলে মন্ত্রীর আত্মীয় নন। তার ব্যাপারে মন্ত্রীর কোনো সুপারিশও ছিলো না। তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার ৩ উপজেলার ৩১ ইউনিয়নের নির্বাচন হয়। অন্য দুই ইউনিয়নের মধ্যে নাসিরনগরে ৮টিতে আওয়ামী লীগ, ৩টি বিএনপি এবং জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী দুটি ইউনিয়নে জয় পায়। তবে নাসিরনগরে হয়েছে ভোটের লড়াইয়ে আরেক খেলা। সেখানে আওয়ামী লীগের হর্তাকর্তারা  কোথাও লড়েছেন নৌকার পক্ষে, কোথাও বিপক্ষে। নবীনগর উপজেলায় ৭টিতে জিতেছে আওয়ামী লীগ, একটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী।