বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্ধকারেও ছবি তোলা যাবে স্পষ্ট!

eye1461651185ডেস্ক রিপোর্ট : ছোটবেলায় ট্রান্সলেশনে পড়েছেন, যদি পাখির মতো উড়তে পারতাম! ইচ্ছাসূচক এসব ট্রান্সলেশনের অনেক ইচ্ছাই এখন বিজ্ঞানের কল্যাণে পূরণ হতে চলেছে। কারো যদি ইচ্ছা হয়, বিড়াল বা নেকড়ের মতো অন্ধকারেও দেখতে পেতাম! তবে এখন সে ইচ্ছাও পূরণ হতে পারে।

ইউনিভার্সিটি অব উইসকন্সিন-ম্যাডিসনের ইঞ্জিনিয়াররা এবার সে দিকেই হাঁটছে। তবে একটু ভিন্ন পথে। অন্ধকারে শুধু বেড়াল বা নেকড়েই দেখতে পায় না। অন্ধকারে দেখতে পায় গলদা চিংড়ি এবং আরো কিছু মাছও। তাই বিজ্ঞানীরা গলদা চিংড়ি ও আফ্রিকান এক ধরনের মাছের চোখ নিয়ে গবেষণা করেছেন। এবং গবেষণা করে দেখেছেন যে এই মাছদ্বয়ের চোখের রেটিনার গঠন অন্যান্য প্রাণীর চোখের গঠনের চেয়ে ভিন্ন। ফলে অন্যান্য প্রাণী যেখানে আলোর উপস্থিতি ছাড়া দেখতে পায়না, এসব প্রাণীর চোখের গঠনের ভিন্নতার কারণে এই বাড়তি সুবিধা পায়।

বিজ্ঞানীরাও তাদের এই বাড়তি সুবিধা নিতে চাইছেন। তারা চাচ্ছেন এমন এক কৃত্রিম চোখ আবিষ্কার হোক, যা দেখতে পাবে অন্ধকারেও। আর সেই চোখের সুবিধা পাবে বিভিন্ন উদ্ধার কাজে ব্যবহৃত ‘রেসকিউ রোবট’। অথবা শল্য চিকিৎসাবিদেরা নিতে পারবেন তার সুবিধা।

অনেক সময় অপারেশনের কাজে ব্যবহৃত মেশিনগুলোর প্রয়োজন হয় অন্ধকারেও কিছু ছবি তুলে আনার। এতদিন এসব ছবি ঝাপসাভাবে আসলেও চিকিৎসকরা তা দিয়ে কোনোমতে কাজ চালিয়ে গেছেন। কিন্তু আধুনিক যুগে, বিশেষ করে এই এইচডি (হাই ডেফিনেশন) ছবির যুগে তথাকথিত ঝাপসা ছবি নিয়ে কেইবা সন্তুষ্ট থাকতে চায়? তাই বেশকিছু ইঞ্জিনিয়ার এগিয়ে এসেছেন মাছের চোখের এই প্রযুক্তিকে বাস্তবে কাজে লাগানোর জন্যে।

তারা এবার হাত দিয়েছেন কৃত্রিম চোখে কীভাবে মাছের মতো অন্ধকারে দেখা যায় সেই প্রযুক্তিকে বাস্তবে রুপ দিতে। তাদের গবেষণায় দেখা গেছে, এসব মাছের চোখের রেটিনায় অনেক ছোট ছোট ক্রিস্টাল সদৃশ বস্তুর সমন্বয় আছে। আর অন্যান্য প্রাণীর চোখের রেটিনার স্তর সাধারণত মসৃণ। ফলে এসব ছোট ছোট ক্রিস্টাল অনেক বেশি পরিমানে ‘লাল আলো’ সংগ্রহ করতে পারে যা এদের রাতের অন্ধকারেও বা পানিতে আলোর অনুপস্থিতিতেও দেখতে সাহায্য করে। বিজ্ঞানীরা এই প্রযুক্তিকেই বাস্তবে রুপ দিতে চাচ্ছেন।

ইউনিভার্সিটি অব উইসকন্সিন-ম্যাডিসনের ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার এবং বায়ো-মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক অংরুই জিয়ান যিনি এই গবেষক দলের লিয়াজো অফিসার হিসেবেও কাজ করছেন তিনি বলেছেন, ‘বর্তমান সময়ে আমরা অনেক বেশি ভিজ্যুয়াল ইনফরমেশনের প্রতি নির্ভরশীল হয়ে পরেছি। তাই কেউ যদি এই ভিজ্যুয়ালে উন্নতি করতে পারে তবে সেটা হবে অনেক সম্ভাবনার।’

তার কথায় বোঝা যাচ্ছে কেন এই প্রযুক্তির উন্নয়ন দরকার। বর্তমানে মোবাইলের ক্যামেরাগুলো অনেক বেশি সমৃদ্ধ। ফলে এখন অনেক অপেশাদার লোকও তাদের ক্যামেরার মাধ্যমে ছবি তুলছেন। কিন্তু ক্যামেরা চালানোয় তাদের দক্ষতার অভাবে অনেক সময় তারা স্বল্প আলোতে ছবি তুলতে পারেন না। বা স্বল্প আলোতে তোলা ছবির মান হয় প্রত্যাশার চেয়ে অনেক খারাপ। তাই এবার এই প্রযুক্তির মাধ্যমে স্বল্প আলোতেও যাতে অনেক ভালো মানের ছবি তোলা যায় সে প্রচেষ্টাও থাকবে। একই সঙ্গে এই প্রযুক্তি কৃত্রিম চোখের জন্যেও ব্যবহৃত হবে। যা কিনা রেসকিউ রোবোটের চোখ হিসেবে কাজ করবে।