শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবি শিক্ষক হত্যা : মহাসড়ক অবরোধ-ক্লাস বর্জন

rabi-road-strike_11079নিজস্ব প্রতিবেদক : শিক্ষক হত্যার প্রতিবাদে ক্লাশ-পরীক্ষা বর্জন রাবির প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষার্থীদের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে মঙ্গলবার প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন বিভাগের প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন।

বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটকের সামনে আসে শিক্ষার্থীরা। পরে তারা মহাসড়কো দু’পাশে দুই কিলোমিটার দীর্ঘ মানববন্ধনে দাঁড়ায়। এতে মুহূর্তে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা শিক্ষক হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। ‘এক দফা এক দাবি স্যারের হত্যার বিচার চাই’, ‘আমার স্যার মরলো কেন? প্রশাসন জবাব চাই’ ‘আমার বাবা মরলো কেন, প্রশাসন জবাব চাই’ স্লোগানে উত্তাল হয়ে উঠে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়ক। খালি গায়ে বিভিন্ন স্লোগান লিখে হত্যার প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। এছাড়া দ্রুত বিচার নিশ্চিত ও শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চিতের দাবি জানায় তারা।

এর আগে হত্যাকাণ্ডের চতুর্থ দিনেও সকাল থেকে ক্লাস বর্জন ও বিক্ষোভ-সমাবেশের কর্মসূচিতে প্রতিবাদ মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। শিক্ষক সমিতি ৭ দিনের আল্টিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করলেও ইংরেজি বিভাগ ও বিভিন্ন সংগঠন কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার সকাল থেকে প্রগতিশীল ছাত্রজোট ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের আহ্বানে ক্লাস বর্জন কর্মসূচি শুরু হয়। ফলে টানা চতুর্থ দিনের মতো বিশ্ববিদ্যালয়েল ৫৭টি বিভাগের কোনো বিভাগেই ক্লাস হয়নি।

সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসে প্রতিবাদী র‌্যালি বের করে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে অবস্থান নেয়। পরে তারা বিভাগের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সাড়ে ১০টায় প্যারিস রোডে মানববন্ধন করে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি। রাবি ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি মতিউর রহমান মতুর্জার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সুজিত সরকার, ক্রপ সায়েন্স এন্ড এগ্রোনমি বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল আলী মোল্যা, চারুকলা বিভাগের প্রভাষক হুমায়ন কবির, ঘাতক দালাল নির্মূল কমিটির রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, জেলা সভাপতি শাহজাহান বরজাহান প্রমূখ।

সমাবেশে অধ্যাপক রেজাউল হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পুলিশ প্রশাসনের কাছে নৃশংস এ হত্যাকা-ের ঘাতকদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানায় তারা।

বেলা ১১টায় হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে টুকিটাকি চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ইংরেজি বিভাগের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

গত শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহীর বোয়ালিয়া থানাধীন শালাবাগান এলাকার বটতলা মোড়ে মহাসড়কের কাছাকাছি গলিতে অজ্ঞাত সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন অধ্যাপক রেজাউল করিম।