রাজশাহীতে বিচারহীনতার সংস্কৃতি বেড়েছে
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সদর আসনের সংসদ সদস্য (এমপি) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পদক ফজলে হোসেন বাদশা বলেছেন, ‘রাজশাহী মহানগরীতে বিচারহীনতার সংস্কৃতি বেড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে রাজশাহীবাসী। তাই একথা স্পষ্ট যে রাজশাহীর পুলিশ কর্মক্ষেত্রে সক্রিয় হতে ব্যর্থ হয়েছে।’সোমবার দুপুরে নগরীর একটি রেস্টেুরেন্টে রাজশাহীর আইন-শৃঙ্খলা পরিস্থিত নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এমপি বাদশা বলেন, ‘এই মুহূর্তে রাজশাহীর পুলিশকে সক্রিয় হতে হবে। তাদের তৎপরতা দেখতে চাই। নগরীতে এতকিছু ঘটলেও এখনও তারা পর্দার আড়ালে রয়েছে।’ রাজশাহীর জনগণের নিরাপত্তার স্বার্থে এন্টিটেরিরিজম ইউনিট গঠন করে অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান সাংসদ বাদশা।ফজলে হোসেন বাদশা বলেন, ‘একজন সংসদ সদস্য হিসেবে জনগণের নিরাপত্তা দেয়ার দায়িত্ব আমারও আছে। কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন কোনো সহযোগিতা করছে না। শহরে এতো কিছু ঘটে যাচ্ছে অথচ তার পরামর্শ ও দিক নির্দেশনা নেয়ার প্রয়োজন মনে করে না। পুলিশ তার কোনো নিদের্শনাও মানে না।’ তিনি প্রশ্ন রাখেন পুলিশ বাহিনী কী জনপ্রতিনিধি ও জনমতের উর্ধ্বে?
পুলিশ নিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের উক্তির উদাহরণ দিয়ে বাদশা বলেন, ‘মাছের রাজা ইলিশ, আর দেশের রাজা পুলিশ। আমি সাংসদ হিসেবে সেই কথা বলতে পারি না, তবে কথাটি বাস্তবসম্মত।’পুলিশ প্রশাসনকে হুশিয়ারি দিয়ে বাদশা বলেন, ‘আপনারা দায়িত্ব পালনে সক্রিয় হোন। আপনাদের অনেক ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেগুলো কাটিয়ে কাজ করুন। অন্যথায় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি রাজশাহীবাসীর নিরাপত্তা চাই।’
এমপি বাদশা আরো বলেন, ‘নগরীতে টেন্ডারবাজী ও ভূমিদস্যুদের বিরুদ্ধে লড়াই করছি, এই লড়াইয়ে আপনাদের (সাংবাদিক) ও পুলিশকে পাশে পেতে চাই।’ অবিলম্বে তিনি অস্ত্রধারী ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান।রাজশাহী সদর আসনের এমপি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে দেখা করে রাজশাহীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের কর্মতৎপরতা নিয়ে কথা বলবো।’ সংসদ অধিবেশনেও এই নিয়ে বক্তব্য রাখবেন বলে জানান এমপি ফজলে হোসেন বাদশা।
সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক শামসুজ্জহা উপস্থিত ছিলেন।এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন বলেন, ‘উনি (বাদশা) একজন এমপি। এ নিয়ে কোনো কমেন্ট নেই আমার। তিনি এসব কথা সংসদেও বলতে পারেন, আবার জায়গাতে বলতে পারেন।’
মহানগর পুলিশ কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যাতে বলা যাবে রাজশাহীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে। এসব হত্যাকাণ্ড পরিকল্পিত। হত্যাকাণ্ডগুলোর রহস্য উন্মোচনে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে।’মো. শামসুদ্দিন বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গতরাতে আরো একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেইসঙ্গে আবাসিক হোটেল নাইস ইন্টারন্যাশনাল ও আওয়ামী লীগ নেতা জিয়াউল হক টুকু হত্যাকাণ্ডের ঘটনায় কাজ করছে পুলিশ। অপরাধী যেই হোক না কেন তারা রেহাই পাবে না।’
প্রসঙ্গত, শনিবার (২৩ এপ্রিল) সকালে নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ির ১০০ গজ দূরে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগামারার দরগামারিড়ায়। এ ঘটনায় ওইদিন বিকেলে নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত এক শিবির নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৪ এপ্রিল) বিকেলে রাজশাহী সিটি করপোরেশনের সামনে ব্যবসায়ীক চেম্বারে বন্ধু নয়নের হাতে থাকা পিস্তলের গুলিতে নিহত হন রাজশাহী চেম্বারের সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ জিয়াউল হক টুকু। এর আগে শুক্রবার (২২ এপ্রিল) নগরীর নাইস ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের ৩০৩ নম্বর কক্ষ থেকে সুমাইয়া নাসরিন ও মিজানুর রহমান নামের দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।











