বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোদি সরকারের চিহ্ন স্যুট বুট : রাহুল গান্ধী

Rahulআন্তর্জাতিক ডেস্ক : ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘প্রত্যেক সরকারের একটি চিহ্ন থাকে। নরেন্দ্র মোদি সরকার স্যুট-বুটের সরকার। উনি যে স্কিম নিয়ে এসেছেন সেটি হলো ফেয়ার অ্যান্ড লাভলি স্কিম। এখানে কালোকে সাদা করে দেওয়া হয়। অন্যদিকে কলকাতায় যে ফ্লাইওভার ভেঙে পড়ল সেটি মমতা সরকারের একটি চিহ্ন।

আজ শনিবার ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের ভ্যাবলা হাইস্কুলের মাঠে এক নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী এসব কথা বলেন।

নির্বাচনে জয়ী হলে গরিব মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে রাহুল বলেন, ‘সরকারের তিনটি দায়িত্ব হয়, স্বাস্থ্য, শিক্ষা ও রোজগার। এই তিনটি জিনিসই প্রত্যেক ব্যক্তি চায়। আর আমরা সরকার গঠন করলে আপনাদের এই তিনটি জিনিসই সবার আগে দিতে সাহায্য করব। আমাদের সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে বাংলায় গ্যারান্টি দিয়ে আমরা বিনা পয়সায় গরিবদের চিকিৎসা করাব।

আমরা চাই প্রত্যেক গরিব মানুষ যাতে তাদের বাচ্চাদের ভালো শিক্ষা দিতে পারে। আমরা আপনাদের জন্য স্কুল-কলেজ ও উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করে দেব। যুবকদের উন্নত শিক্ষার ব্যবস্থা করব।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘মমতা ক্ষমতায় এসে বললেন, তিনি বাংলাকে বদলে দেবেন। অথচ পাঁচ বছরে বাংলার সব কাজ পড়েছিল। ভেঙে পড়া ফ্লাইওভারকে বানিয়েছিল মমতার পার্টির লোক। খারাপ জিনিস দিয়ে তৈরি করায় ভেঙে পড়েছে এটি। যেমন এবারের ভোটে মমতাও পড়তে বসেছেন।’

মমতার উদ্দেশে রাহুল বলেন, ‘আপনি যে বিকাশ, প্রগতি ও রোজগারের কথা বলেছিলেন, কৃষকদের কথা বলেছিলেন, সেসব ভুলে গেছেন। এখন ফ্লাইওভার ভাঙার পর হুঁশ ফিরেছে আপনার? কিন্তু এখন আর হুঁশ ফিরে লাভ নেই। এখন যা কিছু ব্যবস্থা নেবে কংগ্রেস ও বাম সরকার। খুব কঠিন ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন আপনি। কিন্তু পাঁচ বছর ধরে আপনি কোনো কঠিন ব্যবস্থা নেননি। পাঁচ বছর ধরে আপনার নেতারা চুরি করেছে। সমানে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন মমতা।’

মমতার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও সমালোচনা করেন রাহুল। তিনি বলেন, ‘একই অবস্থা মোদির। পশ্চিমবঙ্গে মমতা যা বলেন, দিল্লিতেও মোদি তাই বলেন। মোদি কালো টাকা ফিরিয়ে আনবেন বলেছিলেন। লোকসভা ভোটের আগে মোদি বলেছিলেন, প্রতি গরিব মানুষদের ব্যাংকে ১৫ লাখ টাকা করে দেবেন। কিন্তু এখন কিছুই করছেন না তিনি। জিনিসপত্রের দাম বেড়েছে। মোদি ক্ষমতায় আসার সময় ডালের দাম ছিল ৭০ টাকা কেজি। এখন ২০০ টাকা হয়ে গেছে। মোদি শিল্পপতিদের সুবিধা করে দিয়েছেন।’

রাহুল গান্ধী বলেন, ‘মমতা দাবি করেন, তাঁর সরকার নাকি গরিবের সরকার। কিন্তু উনি আমাদের আমলে প্রত্যেক গরিবকে বিনা পয়সায় খাবার পাওয়ার স্কিম চালু হতে দেননি। মোদি এখানে এসে মমতার নামে নিন্দা করেন। আর দিল্লিতে ওনার যে প্রেসক্লাব আছে, সেখানে মমতার বিরুদ্ধে কোনো কিছু না লিখতে বলেন।’

উপস্থিত জনতার উদ্দেশে রাহুল গান্ধী বলেন, ‘আপনাদের সামনে ভোট। একদিকে কংগ্রেস ও বামদের জোট, অন্যদিকে মমতা ও মোদি দাঁড়িয়ে আছেন। পাঁচ বছর আগে কংগ্রেস মমতার সঙ্গে ছিল। আমরা যখন ভোটে লড়েছিলাম, তখন মমতাকে সমর্থন করেছিলাম। কারণ উনি বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দু-তিনটি প্রতিজ্ঞা করেছিলেন। উনি বলেছিলেন, বাংলায় বিকাশ করবেন, কল-কারখানা খুলবেন আর যুবকদের রোজগার দেবেন। উনি এটাও বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবেন। তারপর মুখ্যমন্ত্রী হয়েই মমতা বন্দ্যোপাধ্যায় পালটে গেলেন। প্রতিশ্রুতি রাখেননি। বাংলায় সিন্ডিকেটের রাজ শুরু করে দিলেন। আজ পশ্চিমবঙ্গে জুটমিল বন্ধ হয়ে যাচ্ছে। ইটভাটাও বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ-কারখানার শ্রমিকরা রোজগারহীন হয়ে পড়ছেন। দুর্নীতির বিরুদ্ধে মমতা লড়বেন বলে কথা দিয়েছিলেন। ক্ষমতায় গিয়ে লড়া তো দূরে থাক, দুর্নীতি বেড়ে গেছে।’