শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্র দখল ও সহিংস

images (42)ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, নির্বাচন বর্জন, ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ককটেল বিষ্ফোরণ, সাংবাদিকদের মারধোর এর মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। সকালে সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের এ.সি একাডেমী কেন্দ্রে জাল নৌকা প্রার্থীর পক্ষে নৌকার প্রার্থীর লোকজন পাঁচটি বুথে জোর পূর্বক ঢুকে ২০০ থেকে ২৫০ জাল ভোট দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় ছবি তুলতে গিয়ে তাদের হামলার শিকার হন তিন সাংবাদিক। আহতরা হলেন এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, চিত্র সাংবাদিক সুমন রায় ও মাইটিভির চিত্র সাংবাদিক হাসান জাবেদ। এসময় তাদের ক্যামেরাও ভাংচুর চালানো হয়। সমস্যার কারনে ১ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে বলে স্বীকার করেন প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ আলী। সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানিদিয়া উত্তর সরকারী প্রাথমিক কেন্দ্রে দুপুর একটায় সদস্য প্রার্থী ইসলাম উদ্দিন ও শামসুদ্দিন’র সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় প্রায় ১০ টি ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় ৮জন আহত হয়। পুলিশের গুলিতে গুরুতর আহত জামাল হোসেনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এসময় প্রায় একঘন্টা কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ থাকে। সরাইল উপজেলা নির্বাচন অফিসার শাহীন আকন্দ কেন্দ্র বন্ধের কথা স্বীকার করেন। এদিকে সকাল ১১টার দিকে রানিদিয়া গ্রামে বহিরাগতরা কেন্দ্র দখলের চেষ্টা চালালে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে। এসময় উভয়পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১২জন আহত হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। অন্যদিকে উপজেলা ১০ নং শাহবাজপুর ইউনিয়নে সকাল ১১টার দিকে রাজামারিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালায় নৌকা প্রার্থীর সমর্থকরা। এর প্রতিবাদে অন্যপ্রার্থীর সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় প্রায় ৪০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। দুপুর ২টার দিকে বহিরাগত ৩০/৩৫জন শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, রাজামারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সৈয়দা হোসেনা আফজাল জুনিয়র হাই স্কুলে জোরপূর্বক কেন্দ্রে প্রবেশ করে জাল ভোট প্রদান করে। স্থানীয়রা অভিযোগ করেন, নৌকা প্রার্থীর নেতৃত্বে সশস্ত্র বহিরাগতরা জাল ভোট প্রদান করেন। দুপুর আড়াইটার দিকে সরাইল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সংঘর্ষে কমপক্ষে ১০জন আহত হয়। এসময় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। দুপুর পৌনে ৩টার দিকে পূর্ব কুট্টাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ থামাতে গিয়ে ১৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এসময় গুলিতে আনসার সদস্য সোহেলসহ কমপক্ষে ১৫জন আহত হয়।
এদিকে সকাল ৯টার দিকে নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের খাড়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বিএনপির এজেন্টকে মারধোর করে বের করে দেয় নৌকার সমর্থকরা। দুপুরে নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর ভোট কেন্দ্রে বিএনপি ও আ’লীগ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়।
এদিকে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ এনে দুপুর ১২টার পরে পৃথক পৃথক ভাবে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী এম.আর মুজিব, জিনোদপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী মিজানুর রহমান, রতনপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী এ.কে.এম রফিকউল্লাহ, বড়িকান্দি ইউনিয়নে বিএনপির প্রার্থী নাজমুল হোসেন ও নবীনগর পশ্চিম ইউনিয়নে বিএনপির প্রার্থী গোলাম কিবরিয়া গোলাপ এবং নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নে জাসদের প্রার্থী দেলোয়ার হোসেন ভোট বর্জন করে। সকাল ১১টার দিকে বড়াইল ইউনিয়ন পরিষদে বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল বাশার অভিযোগ করে বলেন, ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্রে সরকারি দলের সমর্থকরা ব্যালেট পেপারে সীল মারে।
উলে¬খ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার ৪ উপজেলার (নাসিরনগর, সরাইল, নবীনগর ও বাঞ্চারামপুর) ৩২টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শনিবার অনুষ্ঠিত হয়। ৩২ টি ইউনিয়ন পরিষদের মধ্যে রয়েছে নাসিরনগর উপজেলার ১৩ ইউনিয়ন, সরাইল উপজেলার ৯ ইউনিয়ন, নবীনগর উপজেলার ৯ ইউনিয়ন এবং বাঞ্ছারামপুর উপজেলার ১টি ইউনিয়ন।