বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘অস্থায়ী বিয়ে’তে অসম্মতির চরম মূল্য দিলো ২৫০ নারী!

is_110196ডেস্ক রিপোর্ট : নির্মমতা এবং বর্বরতার প্রতীক হিসেবে পুরো বিশ্বে ইসলামিক স্টেট (আইএস) সমালোচিত। শুরু থেকেই নারীদের ওপর যৌন নির্যাতন এবং নানা ধরনের অত্যাচার করে আসছে আইএস। সম্প্রতি লন্ডনের এক পত্রিকায় প্রকাশিত হয় আইএসের নারী হত্যার জঘন্য এক চিত্র।প্রতিবেদনটিতে বলা হয়েছে, আইএস জঙ্গিদের ‘যৌনদাসী’ হতে অস্বীকার করায় ইরাকের উত্তরাঞ্চলের মসুল নগরীর ২৫০ নারীকে হত্যা করে ওরা। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, আইএস সন্ত্রাসীরা ওইসব নারীদের ‘অস্থায়ী বিয়ে’ করার নির্দেশ দিত। তাদের নির্দেশ যারা অমান্য করত তাদেরই হত্যা করা হত। ‘যৌনদাসী’ হিসেবে অস্বীকৃতি জানানোর ক্ষেত্রে ইরাকের মসুল নগরীর নারীরা দ্বিতীয় অবস্থানে রয়েছে।

লন্ডনভিত্তিক কুর্দি সংবাদ সংস্থা আহলুবায়াতকে কুর্দি গণতান্ত্রিক দলের মুখপাত্র মামুজিনি বলেন, আইএস মসুল দখলের পর নারী নির্বাচন শুরু করে এবং তাদের জোর করে বিয়ে করতে বাধ্য করে। আইএস জঙ্গিরা মসুল দখল নেয়ার পর পরই এই ধরনের ‘অস্থায়ী বিয়ে’ চালু করে। আর যেসব নারীরা তাদের এই আদেশ অমান্য করত তাদের হত্যা করা হত।

মামুজিনি আরও বলেন, এখন পর্যন্ত এ অভিযোগে কমপক্ষে ২৫০ জন নারীকে হত্যা করেছে আইএস জঙ্গিরা। তাদের অপরাধ ‘যৌন জিহাদ’কে তারা গ্রহণ করেনি। আইএসের প্রস্তাব অমান্য করাতে অনেক নারীর পরিবারের সদস্যদেরও হত্যা করা হয়েছে।

কুর্দিস্তান দেশপ্রেমিক ইউনিয়ন দলের নেতা ঘায়াস সারচি বলেন, আইএস অধ্যুষিত সব এলাকায় সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। নারীদের তারা পণ্য মনে করে। আইএস জঙ্গিদের স্ত্রী হওয়া ছাড়া এসব নারীদের সামনে কোনো পথ খোলা নেই। মসুলের নারীদের একা বাইরে যাওয়ার অনুমতি নেই এবং তাদের বর পছন্দ করার অধিকার নেই।

প্রতিবেদনে আরও বলা হয়, আইএস যোদ্ধাদের সঙ্গে যৌন সম্পর্ক করতে অস্বীকৃতি জানাতে গত বছরের আগস্টে মসুলের ১৯ জন নারীকে জবাই করে হত্যা করে আইএস। ২০১৪ সালের আগস্টে ৫০০ ইয়াজেদি নারীকে অপহরণ করা হয় এবং যৌন নির্যাতন করা হয়।

২০১৪ সালের জুনে মসুল দখল করে নেয় আইএস। তারপর থেকেই এই এলাকার অধিবাসীদের জবাই করে হত্যাসহ ত্রাসের রাজত্ব কায়েম করে আইএস।