মাশরাফি-তামিমের নতুন চ্যালেঞ্জ
স্পোর্টস ডেস্ক : চ্যালেঞ্জ নিতে কার না পছন্দ। সেই চ্যালেঞ্জের ছবি দেখতে হলে আগামীকাল শুক্রবার দর্শকদের ভিড় করতে হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে। কারণ সেখানে শুক্রবার থেকে শুরু হওয়া প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম ম্যাচে তামিম ইকবালের আবাহনী ও মাশরাফি বিন মুর্তজার কলাবাগান ক্রীড়া চক্র মুখোমুখি হবে। চার-ছক্কার ফুলঝুরি দেখতে হলে দর্শকদের যেতে হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানেও লিগের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে সাব্বির রহমানের প্রাইম ব্যাংক ক্রিকেটার্স ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর চমৎকার দেখতে হলে বিকেএসপিতে যেতে হবে দর্শকদের। লিগের প্রথমদিনের তৃতীয় ম্যাচে সেখানে প্রতিদ্বন্দি করবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও প্রথম বিভাগ থেকে উঠে আসা ক্রিকেট কোচিং স্কুল।
প্রথমদিনে তিনটি ম্যাচের মধ্যে শুক্রবার সবার আলোচনার কেন্দ্রবিন্দু থাকবে ফতুল্লার ম্যাচটির দিকে। তামিম ও মাশরাফির দৈরথ দেখা যাবে সেখানে। শক্তির বিচারে নিঃসন্দেহে আবাহনী এগিয়ে তবুও মাশরাফির কলাবাগানকে হেলাফেলা করছে না কেউ।
বৃহস্পতিবার দুই দলের ক্রিকেটাররা মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠেঅনুশীলন করেছেন। অনুশীলন শেষে সাংবাদিকদের সামনে কলাবাগানের অধিনায়ক মাশরাফি আজকের ম্যাচ নিয়ে কথা বললেন। জানালেন তার লক্ষ্যের কথা, শুরুতো অবশ্যই ভালো আশা করছি। ভালো খেলতে হবে অবশ্যই। তবে এক তরফাও হতে পারে, আবার চ্যালেঞ্জিংও হতে পারে।’ চ্যালেঞ্জের ব্যাপারে মাশরাফি প্রস্তুত, তবে এর জন্য দলের সবার কাছ থেকেও সাহায্য চাইলেন তিনি। যেহেতু শক্তির বিচারে আবাহনীর তুলনায় কলাবাগান ছোট দল, ‘শুধু আবাহনীর জন্য না। কলাবাগানের জন্যও এটা ভিন্ন চ্যালেঞ্জ। সুপার লিগে ওঠা থেকে শুরু করে একটি ভালো অবস্থানে যাওয়াটাই বড় চ্যালেঞ্জ।
প্রথম থেকে শেষ পর্যন্ত একই গতিতে খেলতে হবে। একটা ম্যাচ এদিক-সেদিক হলে সমস্যা।’ জাতীয় দলের জার্সিতে অধিনায়কের আর্মব্র্যান্ড পড়ে মাশরাফি যেভাবে দেশকে নেতৃত্ব দেন ঠিক একইভাবে কলাবাগানকে নেতৃত্ব দিবেন। শুরুতে যেহেতু বড় দল আবাহনী তাই শুরু থেকে সতর্ক হয়েই মাঠে নামবেন তারা, ‘এমনও হতে পারে একতরফা হয়ে যেতে পারে ম্যাচটি। আবার আমরা ভালো খেলে ম্যাচটা জিতে জেতেও পারি। আর আমরা যদি ওই লেভেলের ক্রিকেট না খেলতে পারি, তাহলে একতরফা ম্যাচ হবে। তাদের বড় খেলোয়াড় আছে, আমাদের নেই-ব্যাপারটা তেমন না। এই মুহূর্তে ইতিবাচক চিন্তাই করছি। আসলে প্রমাণ করার কিছু নেই। তারা আমাকে অনেক আশা করেই নিয়েছে। তাই আমারও একটা দায়িত্ব আছে। তারা আমার থেকে কি আশা করছে জানি না। তবে আমি আশা করি ভালো কিছুই দিতে পারবো।’
অন্যদিকে আবাহনীর জন্যও ম্যাচটি চ্যালেঞ্জের। কারণ, একে তো নিজেরা বড় দল হিসেবে একটা খ্যাতি পেয়েছে পাশাপাশি লিগের প্রথম ম্যাচ অপেক্ষাকৃত ছোট দল কলাবাগানের বিপক্ষে। অধিনায়ক হিসেবে তামিমের জন্য অন্যরকম চ্যালেঞ্জ। কারণ সেই দলে রয়েছেন মাশরাফি। অধিনায়কত্ব পাওয়ার পর থেকে উচ্ছসিত তামিম। কাল অনুশীলন শেষে জানালেন, ‘আমরা আমাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করব। দেশের হয়ে যেভাবে খেলেছি এখানেও তাই করব। আমরা এবারের লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামছি। আর সে চ্যাম্পিয়নের মিশন শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে।’
এদিকে মিরপুরে প্রাইম ব্যাংক গাজী গ্রুপের মুখোমুখি হচ্ছে। এ দলে সাব্বির রহমান রয়েছেন যার উপর পুরো দলই ভরসা করছে। গত বুধবার আইকন খেলোয়াড় হিসেবে এক সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। সেখানে তার সম্পর্কে কথাও বলেছেন। তবে সাব্বিরের আশা প্রাইম ব্যাংকও এবার চ্যাম্পিয়নের জন্য দল গড়েছে। আর প্রথম ম্যাচ যেহেতু গাজী দলের বিপক্ষে তাই সতর্ক হয়েই মাঠে নামবেন তারা এমনটি আশা করছেন সাব্বির। বিকেএসপিতে ক্রিকেট কোচিং স্কুলের জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ। প্রিমিয়ার লিগে এর আগে একবার খেলা এ দলটি গত কয়েক বছর ধরে বাজে পারফর্মেন্সের কারণে প্রথম বিভাগের দরজাটি পাড় হতে পারেনি। এবার সে সুযোগ এসেছে এবং নিজেদের উজার করে দিয়ে ভালো খেলার প্রতিশ্রুতিও দিচ্ছে তারা।
শুক্রবার খেলা
প্রাইম ব্যাংক-গাজী গ্রুপ মিরপুর
আবাহনী-কলাবাগান ফতুল্লা
ক্রিকেট কোচিং- প্রাইম দোলেশ্বর বিকেএসপি











