স্বাধীনতার পর থকে রাজনীতিতে প্রতিপক্ষকে নির্বংশ করার প্রক্রিয়া চলছে : রাজেকুজ্জামান রতন
শফিক রেহমানের গ্রেফতার প্রসঙ্গে বাসদ-এর কমরেড রাজেকুজ্জামান রতন বলেছেন, ‘আমাদের দেশে একধরণের অনাস্থার মনোভাব তৈরি হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আক্রমণাত্মক ভাষাও ব্যবহার করা হচ্ছে। এমনকি রাজনীতিতে প্রতিপক্ষকে নির্বংশ করার অথবা প্রতিপক্ষকে আক্রমণ করে হত্যা করার প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া চলে আসছে স্বাধীনতার পর থেকেই।’
সোমবার মোহনা টেলিভিশনে ‘দৃষ্টিকোণ’ অনুষ্ঠানে কমরেড রাজেকুজ্জামান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘স্বাধীনতার পরে আমাদের দেশের যে গণতন্ত্রের পথে যাওয়ার কথা ছিল সে পথে না গিয়ে একটা পুঁজিবাদী স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন হয়েছে। ক্ষমতায় থাকলে সব সুযোগ সুবিধা পাওয়া যায়, আর ক্ষমতায় না থাকলে সবকিছু হারিয়ে যায়। যার কারণে ক্ষমতায় না থাকার যন্ত্রণা এবং ক্ষমতায় থাকার কর্তৃত্ব এই দুটোর পরস্পর বিরোধী অবস্থান এমন ভাবে দাঁড়িয়েছে যার ফলে আমরা গণতন্ত্রের সুষ্ঠু পরিবেশ দেখতে পাচ্ছি না। যার কারণে একটা ষড়যন্ত্রের কথা বাতাসে খুব সহজেই ছড়িয়ে দেয়া যায় এবং এই কথাটা অনেকে বিশ্বাসও করেন। যাতে করে অনেক সময় প্রকৃত সত্য ঘটনাও আড়ালে থেকে যায়।’
তিনি আরো বলেন, শফিক রেহমানের অনেক চিন্তার সাথে আমাদের মতপার্থক্য আছে। তিনি যেভাবে ভালবাসতে শেখাতে চেয়েছেন সেই ভালবাসার ধরণের সাথেও মতপার্থক্য আছে এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তো আছেই।
তাহলে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা থাকবে কি থাকবে না?
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা নিয়ে আমরা চূড়ান্ত লড়াই করতে চাই। সরকার শফিক রেহমানের বিরুদ্ধে হত্যা পরিকল্পনার সাথে জড়িত বলে অভিযোগ তুলেছেন। সেটা হয় তাকে প্রমাণ করতে হবে নয় শফিক রেহমান যে দল করেন কিংবা যে দল তার পক্ষে আছে তাদেরকে এর মুখোমুখি হয়ে প্রমাণ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরাও চাই যে এই সমস্ত ঘটনার একটা সুষ্ঠু বিচার হোক, একটা সুষ্ঠু তদন্ত হোক। এখানে আমরা ব্যক্তিকে বড় হিসেবে দেখতে চাই না। এখানে অপরাধটাই মূল বিষয়। এখানে শফিক রেহমানের সুষ্ঠু তদন্ত হলে আমাদের তো কোনো সমস্যা নেই।’
তিনি বলেন, ‘আসলে বর্তমানে জনগণের মনের অবস্থা এমন হয়ে আছে যে, তারা ভাবে- ক্ষমতায় থাকলে সব কিছু করা যায়। আর ক্ষমতার বাহিরে থাকলে সব কিছু সহ্য করতে হয়। আমাদের কথা হলো, সমাজে যেন এইরকম পরিস্থিতি তৈরি না হয়। আর যদিও এই ধরণের মনোভাব তৈরি হয় তাহলে সেটা সরকারের কর্মকা-ের মাধ্যমে হয়। যেমন সম্প্রতি তনু হত্যার বিষয় লক্ষ্য করলেই বোঝা যায়।
গাজী মিরান (আমাদের সময়.কম)











