নতুন অভিজ্ঞতায় বাঁধন
বিনোদন প্রতএবদক : আজমেরী হক বাঁধন। লাক্স-চ্যানেল আই সুপারস্টার হয়ে অতঃপর ড্রইংরুম মিডিয়ার স্থায়ী বাসিন্দা। খণ্ড, ধাারাবাহিক নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন তিনি। বর্তমানে ‘তীরন্দাজ’, ‘সহযাত্রী’, ‘ডিবি’, ‘মেঘের পরে মেঘ’, ‘নীল নির্বাসন’, ‘এই কূলে আমি আর ওই কূলে তুমি’, ‘রূপকথার মা’সহ বেশ কিছু ধারাবাহিক নাটকের কাজ করছেন। অবশ্য এর মধ্যে নাটকগুলোর শুটিংয়ের কাজ প্রায় শেষ করেছেন। দু-একটির শেষ লটের কাজ বাকি আছে। এদিকে এসব নাটক ছাড়াও ‘মেঘে ঢাকা শহর’ নামের একটি ধারাবাহিক প্রচারের অপেক্ষায় রয়েছে। ধারাবাহিকের পাশাপাশি খণ্ড নাটকের কাজও নিয়মিত করছেন বাঁধন। আগামী রোজার ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। ব্যস্ততা প্রসঙ্গে বাঁধন বলেন, ধারাবাহিকের শুটিংয়ের পাশাপাশি খণ্ড নাটকের কাজ চালিয়ে যাচ্ছি। এর মধ্যে বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছি। তবে গল্প বাছাই করে অভিনয় করছি। ভালো গল্প না হলে সেগুলো থেকে সরে দাঁড়াই। কিছুদিন আগে নিউ ইয়র্কে ‘ঢালিউড সিনে বাংলা অ্যাওয়ার্ড’-এ অংশ নিতে মার্কিন মুলুকে গিয়েছেন বাঁধন। সেখান থেকে অবশ্য ফিরেও এসেছেন সম্প্রতি। ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেয়ার পাশাপাশি বেশ কয়েকদিন আমেরিকায় ঘুরে বেড়িয়েছেন এ অভিনেত্রী। বাঁধন বলেন, এটি দারুণ একটা ভ্রমণ ছিল। বাংলাদেশ থেকে প্রায় ৪০ জন শিল্পী অংশ নিতে সেখানে গিয়েছিলেন। খুব উপভোগ করেছি নিউ ইয়র্কে থাকা ওই কয়টা দিন। অনেক জায়গায় ঘুরেছি। সত্যিই বেশ ভালো লেগেছে। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও সরব বাঁধন। নতুন কোনো কাজ না করলেও সর্বশেষ তার মডেল হওয়া আরএফএল ফার্নিচার ও কোকোলা নুডুলসের বিজ্ঞাপন দুটি প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে। দীর্ঘদিন টিভি মাধ্যমে কাজ করছেন এ পর্দাকন্যা। বর্তমান সময়ের কাজ নিয়ে তার মূল্যায়ন কি জানতে চাইলে বলেন, এটা দর্শকের ওপর নির্ভর করে। ভালো খারাপ তারা দেখেন তারাই বলতে পারবেন। আমাদের শিল্পীদের কাজ তো অভিনয় করা। তবে আমার জায়গা থেকে যদি বলি তাহলে বলবো, ভালোই হচ্ছে। এখন অনেক চ্যানেল হয়েছে। নাটকের সংখ্যাও বেড়েছে। আর সে জায়গা থেকে প্রতিযোগিতা তো চলছে। ভাল যেমন হচ্ছে খারাপ কাজও দর্শকের চোখে ধরা পড়ছে।
নাটক ও বিজ্ঞাপনে কাজের পাশাপাশি উপস্থাপনার কাজও নিয়মিত করছেন বাঁধন। বর্তমানে গাজী টিভিতে প্রচার চলতি ‘আজকের অনন্যা’ রিয়েলিটি শোতে উপস্থাপক হিসেবে দেখা যাচ্ছে তাকে। এ অনুষ্ঠান থেকে বেশ সাড়া পাচ্ছেন বলেও জানিয়েছেন বাঁধন। তিনি বলেন, কাজটি করতে গিয়ে অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে। অনেক মানুষের সঙ্গে কথা হয়। তাদের ব্যক্তিজীবন সম্পর্কে জানতে পারি। সবমিলিয়ে অনুষ্ঠানটির কাজ করে বেশ ভালো লাগছে। এমন অনুষ্ঠান আরও করার ইচ্ছা আছে। বিশেষত দর্শকের রেসপন্সটা ভালো পাওয়া যায়। আমাকে অনেক দর্শক ফোনে ও ফেসবুকে তাদের ভালোলাগার কথা জানিয়েছেন। মিডিয়ায় যে বাঁধনকে দর্শক দেখেন ব্যক্তিজীবনে তার চেয়ে অনেকটাই আলাদা তিনি। সবসময় নিয়মের মধ্যে থাকেন এ অভিনেত্রী। বাঁধন বলেন, আমি বরাবরই নিয়ম মেনে চলার চেষ্টা করি। একটা বিষয় খুব ভালভাবে মানি আর সেটা হলো, সময়ের কাজ সময়ে করা। আমি সকালে বের হতেই মেয়েকে নিয়ে বের হই। ওকে স্কুলে পৌঁছে দিয়ে তারপর শুটিংয়ে যোগ দিই। বাইরের মুক্ত সময় বলতে আমার তেমন একটা নেই।
কারণ, যতক্ষণ বাইরে থাকি কাজ নিয়েই ব্যস্ত থাকি। অভিনেত্রী ও মা এর বাইরে আরেকটা পরিচয় আছে বাঁধনের। আর সেটি হলো তিনি একজন দন্ত চিকিৎসক। কিন্তু বর্তমানে নানা কারণে সে কাজটি বন্ধ রেখেছেন তিনি। এ প্রসঙ্গে বাঁধন বলেন, এটা এখন বন্ধ রেখেছি। একবার চেম্বার নিয়ে বসেছিলামও। কিন্তু পরে আর সেটা করা হয়নি। আসলে এজন্য আরও কিছু সময় দরকার। আমি এ বিষয়ে আরও পড়াশোনা করতে চাই। মিডিয়ার পরিচয়ের কল্যাণে চেম্বার দিলেই যে রোগী আসবে এমনটা আমি চাই না। তাই আরও বেশি দক্ষতার দরকার মনে করেছি। আর সে সঙ্গে বিনিয়োগের ব্যাপারটাও রয়েছে। তাই আপাতত এ কাজটি বন্ধ রেখেছি।











