,

মাত্র পাঁচশ টাকার জন্য জীবন গেল মোনছের আলীর

 

নিজস্ব প্রতিবেদক : ইরি ধান কাটার কামলা খাটতে প্রতিবছর ঢাকার জয়দেবপুর, কুইচ্চামারাসহ নানা এলাকায় কাজ করতে যান মোনছের আলী (৪০)। এবার ধান কাটার সময় ঘনিয়ে এলেও হাতে কোনো টাকা নেই। তাহলে ঢাকা যাওয়া ও বাড়িতে খাবারের ব্যবস্থা হবে কিসে? তাই রোববার রাতে ভারত থেকে গরু নামানোর কামলা হিসেবে যান রৌমারী উপজেলার বেহুলারচর সীমান্তে।

বিএসএফ

 

রাত ১০টার দিকে একজোড়া গরু নামে ১০৬১ মেইন পিলারের কাছ দিয়ে। গরুর দড়ি ধরে বাংলাদেশের দিকে টানতেই ভয় পেয়ে ছুটে পালাতে চেষ্টা করে একটি গরু। সেটি ধরতে পিছু নেন মোনছের আলী। বিপত্তিটা বাঁধে সেখানেই। নিকটস্থ ভারতীয় মানকাচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই নিহত হন মোনছের। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে লুটিয়ে পড়া মোনছেরকে নিয়ে আসে রৌমারী হাসপাতালে।

 

 

সোমবার নিহত মোনছেরের বাড়িতে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক অবস্থা। নিহতের ছেলে নাজমুল হাসান, মেয়ে ইসমোতারা ও আত্মীয়রা মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছেন। স্ত্রী রাবেয়া বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। ছোট ভাই আলী ওসমান বললেন, জমিজমা বলতে বাড়িভিটা ছাড়া আর কিছুই নেই মোনছেরের। কামলা বিকোনো ছাড়া আয়ের কোনো পথ নেই তাদের। একজোড়া ভারতীয় গরু নামাতে পারলে ৫’শ টাকা দেয় মহাজন। সেই টাকা দিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল আমাদের। তিনি আক্ষেপ করে বলেন, ২০০১ সালের ১৮ এপ্রিল এই দিনে আমাদের লাশ দিয়েছে বিএসএফ। ১৬ বছর পরও লাশ দিচ্ছে তারা। আর কতদিন চলবে এমন লাশ আর গুলির খেলা?

 

নিহত মোনছেরের স্ত্রী রাবেয়া বেগম জানান, ‘ধানকাটার কামলা দিতে ঢাকা যাওনের কথা ছিল গ্যাদার বাপের। হাতে ট্যাহা পয়সা নাই তাই রাইতে আমারে কইলো গরুর কামলা দিয়া যা পামু তাই দিয়া বাড়ির খরচা আর ঢাকা যাওন হইবো। কিন্তু হেইডা আর হইলো না গো, মানুষটা চইলা গ্যালো অনেক দূরে।”

 

বেহুলারচর বিজিবি ক্যাম্পের নায়েক শফিক আহমেদ জানান, গরু আনতে গিয়ে বিএসএফ’র গুলিতে নিহত হন মোনছের আলী। তিনি রৌমারী উপজেলার পশ্চিম চরবামনেরচর গ্রামের ছোরমান আলীর পুত্র। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিষয়টি নিয়ে বিএসএফ’র নিকট চিঠি পাঠানো হয়েছে। সোমবার সন্ধ্যায় পতাকা বৈঠকের কথা বলা হয়েছে চিঠিতে।

 

এদিকে নিহত মোনছের আলীর লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে রৌমারী থানা পুলিশ। মঙ্গলবার লাশ ফেরত এলে রতনপুর কবরস্থানে নিহতের দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিভাবে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা